নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি
১০:০৮ পি.এম
ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীনে একটি সরকারি শিশু পরিবারে (বালিকা) ষষ্ঠ শ্রেণির এক কিশোরী (১৪) অন্তঃসত্ত্বা হওয়ার চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটে গেছে। এ ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি মো. ওয়াহিদ শেখকে (৫৪) পুলিশ গ্রেপ্তার করেছে। অন্যদিকে, দায়িত্ব অবহেলার অভিযোগে ওই শিশু পরিবারের পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওয়াহিদ শেখ সদর উপজেলার আদমপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে। তিনি ওই শিশু পরিবার সংলগ্ন স্থানীয় বাজারে একটি দর্জি দোকানের মালিক।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী শহরের টেপাখোলা এলাকার একটি স্কুলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। শিশু পরিবার থেকে স্কুলে যাতায়াত করার সুবাদে গত ৫ জানুয়ারি বিকালে দর্জি দোকানদার ওয়াহিদ শেখ তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রথমবার ধর্ষণ করে। এরপর বিভিন্ন সময়ে মেয়েটিকে একাধিকবার ধর্ষণের শিকার হতে হয়। সম্প্রতি শারীরিক জটিলতা দেখা দিলে, গত ৬ জুলাই শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, কিশোরীটি ২৭ সপ্তাহ দুই দিনের অন্তঃসত্ত্বা।
ঘটনার জ্ঞাত হওয়ার পর, ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও শিশু নিবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফ হোসেন বাদী হয়ে গত ৬ জুলাই ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ গত ৮ জুলাই অভিযুক্ত ওয়াহিদ শেখকে গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা দায়েরের পর পরই পুলিশ তার দায়িত্ব পালন করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, সরকারি প্রতিষ্ঠানের আশ্রিত কিশোরীর সুরক্ষায় এমন চরম ব্যর্থতার দায়ে কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উপ-সচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সাইফুল ইসলাম জানান, দায়িত্ব অবহেলার অভিযোগে শিশু পরিবারের পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে গত ৮ জুলাই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. এহিয়াতুজ্জামান জানান, আদালতের নির্দেশ মোতাবেক বর্তমানে ভুক্তভোগী কিশোরীটিকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে সমাজসেবা বিভাগের অধীনে নারী ও শিশু-কিশোরী মহিলা হেফজতিদের আবাসন কেন্দ্রে। সেখানে তাকে প্রয়োজনীয় সব ধরনের দেখভাল ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি মানুষের যে আস্থা, ভালোবাসা এবং দেশের উন্নয়ন ও দেশপ্রেমের সমর্থন রয়েছে, তা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি মহল বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
তিনি শুক্রবার (১০ জুলাই) বিকেলে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বড় ব্রিজ সংলগ্ন মাহবুব খানের চাতালে প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য বলেন। সভায় মাদারীপুর-৩ আসনের আওতাধীন সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আনিসুর রহমান তালুকদার খোকন আরও বলেন, "নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে দলটিকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল, তেমনি এখনও বিভিন্ন মাধ্যমে একই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু সেই ষড়যন্ত্র অতীতে সফল হয়নি, ভবিষ্যতেও কোনো অপশক্তি অপপ্রচার চালিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে থামাতে পারবে না।"
তিনি এসময় বলেন, জনগণের সমর্থন ও আস্থা বিএনপির সবচেয়ে বড় শক্তি। তাই গুজব ও বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে দলের কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান, জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম মুন্সীসহ কেন্দুয়া, মস্তফাপুর, ঘাটমাঝি, ঝাউদী ও খোয়াজপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহ প্রতিনিধি- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন, সরকারি দপ্তর এবং সরকারের কোন উন্নয়ন প্রকল্পে দলীয় কোন সিন্ডিকেট থাকতে পারবে না।
তিনি বলেন, ‘আমরা (বিএনপি) ক্ষমতায় আছি, নিশ্চয় আমাদের নেতাকর্মীরা সুবিধা পাবেন। তবে, আমরা এমন সুবিধা দেব না, যা সরকারের বদনাম করে বেড়ায়। একজন চাঁদাবাজ যদি হাসপাতাল এসে চাঁদাবাজি করে, সেটা তার ব্যক্তিগত লাভ হতে পারে। কিন্তু তার জন্য সরকারের ওপরে যে কালিমা লিপ্ত হবে, সেই কালিমার দাগ সরকার নেবে না।’
মন্ত্রী শুক্রবার শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘সম্প্রতি বরিশালে একজনকে জোর করে দলীয় পরিচয়ে চেক সাইন করতে নিয়ে গিয়েছিল। কিন্তু আমরা তা রাত পার হতে দেইনি। সেই ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘অপরাধী সে দলের (বিএনপি) যত বড় নেতা হোক না কেন, তার পরিচয় সে অপরাধী। কেউ যদি মনে করেন আওয়ামী লীগ লুটপাট করেছে, আর সেই খালি জায়গায় আপনি নিজেই বসে যাবেন, তাহলে আপনি ভুলের স্বর্গে বসবাস করছেন। এ রকম ভুল ধারণা আপনারা করবেন না। আমরা এমন কোন সুবিধা দলীয় নেতাকর্মীদের দেব না, যাতে করে দলের (বিএনপি) ভাবমূর্তি ক্ষুন্ন হয়। দলের বদনাম হবে এমন কোনো কাজ কোনো দলীয় নেতাকর্মীর কাছ থেকে মেনে নেয়া হবে না।’
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, ‘এই হাসপাতালটি ৫০ শয্যা বিশিষ্ট। আমরা চেষ্টা করে যাচ্ছি, এই হাসপাতালের যেন শয্যা সংখ্যা বাড়ানো হয়। এ ছাড়া হাসপাতালে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমরা কিছু পরিকল্পনা নিচ্ছি। এই জনপদের মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান। এছাড়াও শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদ আল মামুন উপস্থিত ছিলেন। সেই সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শুক্রবার ময়মনসিংহের নান্দাইলে দত্তপুর প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং এলাকার বাসিন্দারা।
ময়মনসিংহ, ১০ জুলাই, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ ময়মনসিংহের নান্দাইলে দত্তপুর প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনের কার্যক্রম সম্পন্ন করেন। তিনি এ সময় উপজেলার বিভিন্ন সরকারি, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে তিনি শিক্ষার উন্নয়ন এবং আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকারের নিরলস কাজের কথা উল্লেখ করেন। তিনি নতুন ভবনটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন। প্রতিমন্ত্রী সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা মহানগরের লবণচরা থানার হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৬ একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ দুজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মাদারশী এলাকার মো. শুক্কুর হাওলাদার (৩৫) এবং অন্যজন হলেন খুলনা মহানগরের লবণচরা থানার হরিণটানা এলাকার মো. ইমরান খান (৩৭)।
র্যাব জানায়, অভিযানের সময় ইমরান খানের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এসব আলামত জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক তথ্যমতে, শুক্কুর হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানায় এবং ইমরান খানের বিরুদ্ধে খুলনার বটিয়াঘাটা থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিসহ গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৬।
তালাশ বিডি/মিডিয়া লিঃ