বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৩৪ পি.এম
ইরানের আকাশসীমায় উড্ডয়নের কিছু সময় পর, সেপেহরান এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ বিমান চরম যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। বিমানের কেবিনের ছাদের অংশ খসে পড়ে যাত্রীদের ওপর, যা আকাশে প্রচণ্ড কম্পনের ফলে ঘটে। তবে পাইলটের দক্ষতা কাজে লাগিয়ে বিমানটি ইরানের মাশহাদ বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। এই ঘটনায় কোনো যাত্রী আহত হননি।
রিপাবলিক ওয়ার্ল্ডের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইরানের মাশহাদ থেকে কেরমানশাহগামী বিমানটি উড্ডয়ন করার পরপরই এর ল্যান্ডিং-গিয়ারের একটি টায়ার ফেটে যায়। এর ফলে বিমানের ইঞ্জিনে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় এবং মাঝ-আকাশে বিমানটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। এই তীব্র ঝাঁকুনির ফলে কেবিনের ভেতরের ছাদের আস্তরণ খসে পড়ে এবং ভেতরের কাঠামো উন্মুক্ত হয়ে যায়। ফলে ওপরের লাগেজ রাখার কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মালামাল নিচে পড়ে যায়।
বিমানটি তীব্রভাবে কেঁপে উঠলে যাত্রীরা ভয়ে চিৎকার করতে শুরু করেন এবং চারদিকে হুড়োহুড়ি পড়ে যায়। কেবিনের ভেতরের এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন এক যাত্রী, যা পরবর্তীতে অনলাইনে প্রকাশিত হয়। পরিস্থিতি বেগতিক দেখে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন এবং বিমানটিকে আবার মাশহাদ বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে আসেন। রানওয়েতে সফলভাবে অবতরণের পর যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়।
অবতরণের পর মাশহাদ বিমানবন্দরের রানওয়েটি সাময়িকভাবে বন্ধ রেখে পরীক্ষা করা হয় এবং পরে তা আবার চালু করা হয়। অক্ষত যাত্রীদের অন্য একটি ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কারিগরি ত্রুটির সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।
উল্লেখ্য, গত ২৫ আগস্টও সেপেহরান এয়ারলাইনসের আরেকটি বোয়িং ৭৩৭ বিমান মাশহাদ বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছিল। তবে সে যাত্রাতেও সব যাত্রী নিরাপদে ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি নিউজ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহের সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় শহরের চ্যাটসওয়ার্থ এলাকায় এটি ঘটে বলে জানায় লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএফডি)।
এনবিসি লস অ্যাঞ্জেলেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি নিউজকপ্টার৪ নামে পরিচিত, যা অ্যাঞ্জেল সিটি এয়ার পরিচালনা করে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি একটি মেট্রো বাস ও এসইউভির সংঘর্ষের সংবাদ সংগ্রহ করছিল।
এলএফডি জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে নর্থ ম্যাসন অ্যাভিনিউয়ের ৯১০০ ব্লকের মধ্যে দুটি বাণিজ্যিক ভবনের মাঝে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর সেখানে আগুন ধরে যায়, যা চারটি গাড়ি ও দুটি স্টোরেজ কনটেইনারকে ক্ষতিগ্রস্ত করে। পরে অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
দুর্ঘটনায় তিনজন নিহত হন এবং একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এলএফডি জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত একজন হেলিকপ্টারের বাইরে পার্কিং এলাকায় ছিলেন। অন্য দুজন কি দুর্ঘটনার সময় হেলিকপ্টারের ভেতরে ছিলেন, তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি।
এনবিসি৪-এর সংবাদ উপস্থাপিকা কলিন উইলিয়ামস সরাসরি সম্প্রচারে হেলিকপ্টারটি তাদের স্টেশনের বলে নিশ্চিত করেন। দুর্ঘটনার খবর জানাতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে এনবিসি৪-এর সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এর আগে একই এলাকায় একটি মেট্রো বাসের সঙ্গে একটি এসইউভির সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হন। ওই দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে বেশ কয়েকটি টেলিভিশন নিউজ হেলিকপ্টার ঘটনাস্থলের আশপাশে অবস্থান করছিল। বাস দুর্ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নিউজকপ্টার৪ বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তদন্ত শুরু করেছে। তথ্যসূত্র: বিবিসি, এপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্যাংক খাতে সংস্কার এবং ঋণ আদায়ে জোরদার উদ্যোগের ফলস্বরূপ, গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমে গেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে ২০২৬ সালের জুনে এনপিএল অনুপাত ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এনপিএল অনুপাত ২ দশমিক ৯৫ শতাংশীয় পয়েন্ট কমেছে। তবে, খেলাপি ঋণের মোট পরিমাণ এখনো অনেক বেশি রয়েছে। জুন মাসের শেষে শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।
ব্যাংক খাতের বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের অনিয়ম এবং আড়ালে থাকা খেলাপি ঋণ চিহ্নিত করার প্রক্রিয়ার মধ্য দিয়ে এনপিএল অনুপাতে এই উন্নতি সাধিত হয়েছে। এর ফলে, একদিকে খেলাপি ঋণের অনুপাত কিছুটা স্বস্তি এনে দিয়েছে, অন্যদিকে ব্যাংক খাতের প্রকৃত চিত্রও আগের তুলনায় পরিষ্কার হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক খাতের প্রকৃত চিত্র তুলে ধরার জন্য গুরুত্ব প্রদান করেছে। এর ফলে, আগে গোপন থাকা বা পুনঃতফসিলের মাধ্যমে আড়াল করা অনেক ঋণের প্রকৃত অবস্থা সামনে এসেছে।
তিনি আরও বলেন, খেলাপি ঋণ কমাতে এককালীন প্রস্থান নীতি এবং সর্বোচ্চ ১৫ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিলসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব পদক্ষেপের সুফল পুরোপুরি প্রতিফলিত হলে খেলাপি ঋণের অনুপাত আরও কমবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। চলতি বছরের জুনে শ্রেণিকৃত ঋণের পরিমাণ সামান্য বেড়ে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা হলেও মোট ঋণের তুলনায় এর অনুপাত কমেছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান মন্তব্য করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রকাশিত খেলাপি ঋণের পরিসংখ্যান ব্যাংক খাতের প্রকৃত চিত্র পুরোপুরি তুলে ধরেনি। ২০০৮ সালে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২২ হাজার কোটি টাকা থাকলেও ২০২৪ সালে সরকারি হিসাবে তা প্রায় ২ লাখ কোটি টাকায় দাঁড়ায়। তবে, শ্বেতপত্রে প্রকৃত খেলাপি ও সমস্যাগ্রস্ত ঋণের পরিমাণ প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকা বলে উঠে এসেছে।
তিনি বাংলাদেশ ব্যাংকের সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ব্যাংক খাতের সংকট কাটিয়ে বিনিয়োগ পুনরুদ্ধারে এসব সংস্কারের বিকল্প নেই। একই সঙ্গে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধি এবং খেলাপি ঋণ কমানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বিশেষজ্ঞরা মনে করেন, খেলাপি ঋণ কমার বর্তমান প্রবণতা উৎসাহব্যঞ্জক হলেও এটিকে চূড়ান্ত সাফল্য হিসেবে দেখা উচিত নয়। কারণ, প্রকৃত খেলাপি ঋণ চিহ্নিত করার প্রক্রিয়ায় শুরুতে অনুপাত বাড়তেও পারে। তবে ব্যাংকের হিসাব-নিকাশে স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত অবস্থান প্রকাশ করাই টেকসই সংস্কারের প্রথম শর্ত।
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ব্যাংক খাতের হিসাব পরিষ্কার করার প্রক্রিয়ায় স্বল্পমেয়াদে কিছু চাপ তৈরি হতে পারে। তবে এর মাধ্যমে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী ও স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠবে। এ জন্য পেশাদার ব্যবস্থাপনা, যথাযথ ঋণ মূল্যায়ন এবং কার্যকর ঋণ আদায় ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
কেন্দ্রীয় ব্যাংক সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর জন্য সংস্কার কাঠামোও জোরদার করেছে। পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদনের মানদণ্ড আইএফআরএস-৯ অনুযায়ী প্রত্যাশিত ঋণক্ষতি (ইসিএল) হিসাব চালু হলে সম্ভাব্য ঋণঝুঁকি আগেভাগে চিহ্নিত করার সুযোগ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তাদের মতে, এখন শুধু প্রকাশিত খেলাপি ঋণ কমানোর দিকে নজর না দিয়ে এর কাঠামোগত কারণ দূর করতে হবে। ঋণ আদায় জোরদার, সুশাসন প্রতিষ্ঠা, ঋণ দেওয়ার ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাই এবং ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকার বড় অঙ্কের খেলাপি ঋণ ও দুর্বল আস্থার একটি ব্যাংকিং ব্যবস্থা পেয়েছে। তাই খেলাপি ও পাচার হওয়া অর্থ উদ্ধার, আইনের কার্যকর প্রয়োগ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যাংক পরিচালনা নিশ্চিত করতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, গত নয় মাসের এনপিএল কমার প্রবণতা ব্যাংক খাতের সংস্কারে একটি ইতিবাচক প্রাথমিক সংকেত। তবে এ অগ্রগতি কতটা টেকসই হয়েছে, তা বোঝার জন্য ২০২৬ সালের ডিসেম্বরের তথ্য গুরুত্বপূর্ণ হবে। ধারাবাহিক সংস্কার, ঋণ আদায় এবং সুশাসন নিশ্চিত করা গেলে খেলাপি ঋণ আরও কমার পাশাপাশি আমানতকারীদের আস্থা ও ব্যাংক খাতে ঋণশৃঙ্খলা ফিরে আসবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এআইএমআইএম প্রধান ও সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির কনভয়ে একাধিক গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন কয়েকজন বাইক আরোহী।
মঙ্গলবার (১৫ সেম্পেম্বর) শহরের ভিআইপি রোডে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, চার থেকে পাঁচজন বাইক আরোহী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আসাদউদ্দিন ওয়েইসির কনভয় ভোপালের ভিআইপি রোড দিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি বাঁকের কাছে কনভয়ের কয়েকটি গাড়ি ব্রেক করে থেমে যায়। পেছনে থাকা গাড়িগুলো আচমকা থামতে না পারায় একটির সঙ্গে আরেকটির সংঘর্ষ ঘটে। এ সময় ওই সড়ক দিয়ে মোটরসাইকেলে চলাচলকারী কয়েকজনও দুর্ঘটনার কবলে পড়েন। পরপর ধাক্কায় চার থেকে পাঁচ বাইক আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌঁছায়। কিছু সময়ের জন্য ভিআইপি রোডে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
ভোপাল ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার বসন্ত কৌল জানান, কনভয় থামার পর কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন বাইক আরোহী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করছে কেন কনভয়ের কয়েকটি গাড়ি আচমকা ব্রেক করেছিল এবং প্রথম সংঘর্ষের সূত্রপাত কীভাবে হয়েছিল। দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আসাদউদ্দিন ওয়েইসির ভোপাল সফরকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। এর মধ্যেই ব্যস্ত সড়কে তার কনভয়কে ঘিরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে কিছু সময়ের জন্য চাঞ্চল্য সৃষ্টি হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
আরো পড়ুন
মাঝ আকাশে টায়ার ফেটে বিমানে আতঙ্ক, ধসে পড়ল কেবিনের ছাদ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪১ জন, লালবাগ বিভাগ থেকে ৩৬, ওয়ারী বিভাগ থেকে ৫৭, মতিঝিল বিভাগ থেকে ৫৬, তেজগাঁও বিভাগ থেকে ৮৬, মিরপুর বিভাগ থেকে ১৩১, গুলশান বিভাগ থেকে ৩৮, উত্তরা বিভাগ থেকে ৪৯ এবং গোয়েন্দা বিভাগ থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ৫টি রাম দা, ২টি তরবারি, ১টি ছোড়া, ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেনসিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৪৫ বোতল বিদেশি মদ, ৪টি মোবাইল, ১টি স্বর্ণের কানের দুল, ৯টি ফুয়েল পেপার, ৩টি গ্যাস লাইট, ৩টি ইয়াবা সেবনের প্লাস্টিকের বোতল এবং নগদ ২৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ