শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
০২:৪৬ পি.এম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানী মালের সি-বিল্ডিংয়ের মিলনায়তনে মালদ্বীপ যুবদলের উদ্যোগে আনন্দঘন পরিবেশে এ আয়োজনটি করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।
যুবনেতা আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং যুবনেতা আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, মো. ফারুক, মুক্তার হোসেন, রহিম মিয়া, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মনির হোসেন, ক্রিড়া সম্পাদক মামুন, যুবনেতা মাহাবুব আলম, আবু জাহের, আবু আহমেদ সেলিম, সেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্না, যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস, সাংগঠনিক ঐক্য এবং ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকৌশল নিয়ে আলোচনা করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় করার পাশাপাশি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. খলিলুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। তিনি যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও দলের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়াও, সবাইকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো প্রবাসী ভাই যেন এমন কোনো অপকর্মে জড়িত না হন, যাতে করে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ও সম্মান ক্ষুণ্ন হয়।’
আলোচনা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় প্রবাসী নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভেনেজুয়েলায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের ফলে স্ত্রী ও সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো। এই কঠিন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছিলেন লিওনেল মেসি এবং তার স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো। তারা প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর পাশাপাশি ব্যক্তিগতভাবে সহায়তা প্রদান করেছিলেন। সম্প্রতি ত্রেহো এক সাক্ষাৎকারে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
লা রেডিওর একটি অনুষ্ঠানে ত্রেহো জানান, অ্যান্তোনেলার ফাউন্ডেশন থেকে তাদের ক্যাম্পের জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন তাঁবু, খাবার, পানীয় ও ইন্টারনেটের ব্যবস্থা করা হয়েছিল। তিনি বলেন, ‘প্রথম যিনি আমাদের সহায়তা করেছিলেন, তিনি অ্যান্তোনেলা রোকুজ্জো। তার ফাউন্ডেশনের মাধ্যমে ক্যাম্প স্থাপনের জন্য প্রয়োজনীয় সবকিছু পাঠানো হয়েছিল। ফলে পানীয় কিংবা খাবারের কোনো অভাব হয়নি।’
এছাড়া, মেসিও তার ব্যবহৃত পোশাক ও জুতা পাঠিয়েছিলেন ত্রেহোর জন্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্য স্যুটকেসটি পাঠিয়েছিলেন লিও মেসি। সেখানে ছিল তার নিজের পোশাক ও জুতা। আমার জীবনের অত্যন্ত কঠিন সময়ে তিনি সেগুলো পাঠিয়েছিলেন। তখন তিনি বিশ্বকাপে খেলছিলেন। এত ব্যস্ততার মধ্যেও যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই অসাধারণ।’
ত্রেহো আরও জানান, ভেনেজুয়েলার মোনাগাস ও ইন্টার মায়ামিও সেই দুর্যোগে তাকে যথেষ্ট সহায়তা করেছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্কয়ার গ্রুপের অধীনে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ‘ট্রেড ক্যাটাগরি এক্সিকিউটিভ’ পদের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটি ৯ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন জমা দিতে পারবেন। তবে প্রার্থীদের জন্য স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক।
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ২৯ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৯ নভেম্বর ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল হিসেবে ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এক মার্কিন তরুণী ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে আত্মিক শান্তি ও জীবনের প্রকৃত পথ খুঁজে পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। পবিত্র ইসলাম গ্রহণের পর তিনি তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘জীবনজুড়ে আমি যা খুঁজছিলাম, তার সবই ইসলামে এসে খুঁজে পেয়েছি।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় ওই তরুণীকে হিজাব পরিহিত অবস্থায় তাঁর ইসলাম গ্রহণের অভিযাত্রার কথা বলতে দেখা যায়।
ভিডিওতে ওই মার্কিন তরুণী জানান, দীর্ঘ সময় ধরে তিনি জীবনের প্রকৃত অর্থ ও আত্মিক প্রশান্তির সন্ধান করছিলেন। নানা পথ পরিক্রমার পর তিনি ইসলামের জীবনদর্শনের মুখোমুখি হন। ইসলামের বিধান, শৃঙ্খলিত জীবনযাপন এবং সৃষ্টিকর্তার একত্ববাদের যে শিক্ষা, তা তাঁর মন ও আত্মাকে গভীরভাবে স্পর্শ করে।
তিনি আরও উল্লেখ করেন, ইসলাম গ্রহণ করার পর থেকে তাঁর জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে। পূর্বে যে শূন্যতা কাজ করত, তা এখন ঈমানের আলোয় পরিপূর্ণ। পবিত্র কুরআন ও মহানবী (সা.)-এর জীবনদর্শনের অনুসরণ তাঁকে এক অমলিন মানসিক প্রশান্তি ও সত্যের দিশা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পরপরই তা ব্যাপক সাড়া ফেলে এবং অসংখ্য নেটিজেন ওই তরুণীকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন।
জানা যায়, ইসলাম গ্রহণ করে জীবনের নতুন অধ্যায় শুরু করা সেই আমেরিকান তরুণীর নাম এরিকা স্ল্যাটারি। খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠা এরিকা দীর্ঘদিন ধরেই জীবনের প্রকৃত অর্থ ও আত্মিক প্রশান্তির সন্ধান করছিলেন।
একপর্যায়ে বিখ্যাত চলচ্চিত্র ‘দ্য মেসেজ’ (The Message) দেখার পর ইসলামের প্রতি তাঁর গভীর কৌতূহল ও আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সহযোগিতায় তিনি পবিত্র কুরআন অধ্যয়ন শুরু করেন। কুরআনের অনুশাসন ও সৃষ্টি তত্ত্বের সুস্পষ্ট ব্যাখ্যা তাঁর হৃদয় স্পর্শ করে, যা তাঁকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে।
ইসলাম গ্রহণের পর নিজের অনুভূতি ও বদলে যাওয়া জীবনের গল্প টিকটক ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে প্রকাশ করেন এরিকা। তাঁর এই আবেগঘন বার্তা ও অভিজ্ঞতা বর্তমানে নেটদুনিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদাবাজ বললে সাধারণ জনগণ সহজেই বুঝে যান কোন রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে। ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর এই মন্তব্য করেছেন। তিনি উল্লেখ করেন, এসব দলীয়করণ ও চাঁদাবাজি বন্ধ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, নির্বাচনে ভোট দিয়ে জনগণ অনেক আশা নিয়ে ছিলেন। কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। এ কারণে ৭ দফা দাবিতে ১১ দলীয় জোটের লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে শহরের আলহেরা এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে লংমার্চ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, শনিবার (৩১ অক্টোবর) লংমার্চ সফল করার জন্য ঝিনাইদহ ১১ দলীয় জোটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লংমার্চে ২ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭ দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ ঢাকা থেকে খুলনা হয়ে ঝিনাইদহে পথসভা শেষে কুষ্টিয়ার একটি পথসভায় যোগ দেবেন। ঝিনাইদহে বিকাল ৫ টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিরোধী দলীয় চীফ হুইফ নাহিদ ইসলাম, এলডিপি প্রধান কর্ণেল অলি আহম্মেদ (অব:), খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ১১ দলীয় জোটের জেলা আহবায়ক ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুল আওয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ