১০:০৬ পি.এম
‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, এপ্রিল-২০২৬ এর প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) মাদারীপুর জেলা পুলিশ লাইনস মাঠে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোর্স সদস্যরা স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের কার্যক্রম পরিচালনা করেন।
এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এন্টিটেররিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মেরিন সুলতানা। তিনি নিয়োগ কার্যক্রমে বোর্ডকে সহায়তা করেন।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শেষে প্রাথমিক ধাপে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “আপনাদের মেধা ও শারীরিক যোগ্যতাই আপনাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের কথায় বিভ্রান্ত হয়ে কোনো আর্থিক লেনদেনে জড়াবেন না। মেধার জোরেই আপনারা পুলিশের গর্বিত সদস্য হবেন।”
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক এবং শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তানভীর হোসেন। এছাড়াও মাদারীপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের পরবর্তী ধাপগুলোও একইভাবে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন