১০:০৭ পি.এম
ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার নির্মাণাধীন ভবনের মালামাল সরবরাহের জন্য স্থানীয় একটি সিন্ডিকেট চেষ্টা করছিল। কিন্তু তাদের কাছ থেকে মালামাল নিতে সম্মত না হওয়ার কারণে ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়।
এ ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে গত সোমবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করার পর পুলিশ বুধবার রাতে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪০)। তিনি নগরের বলাশপুর কলমিস্ত্রি মোড় এলাকার নজরুল ইসলামের ছেলে। বুধবার রাতে জেলার ত্রিশাল থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
আরও পড়ুন: ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর
এর আগে গত সোমবার পৌরসভার চরপাড়া জনতা ব্যাংকে কর্মরত নজরুল ইসলাম বাদী হয়ে মো. সাইফুল ইসলামের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও ১০-১২ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দেন। পরে সে দিনেই অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শেরপুর জেলার অধিবাসী নজরুল ইসলাম ময়মনসিংহ নগরের চরপাড়া জনতা ব্যাংকে কর্মরত। ২০২৩ সালে নগরের ময়নার মোড় এলাকায় ৪ শতক জমি ক্রয় করে ৬-৭ মাস আগে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। স্থানীয় সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি তার একটি দল নিয়ে বাড়ি নির্মাণের জন্য ব্যবহৃত মালামাল কিনতে চাপ দিতে শুরু করে। কিন্তু নজরুল ইসলাম তার পছন্দমতো মালামাল ক্রয় করে বাড়ির নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার কারণে সাইফুল ইসলামের ক্ষোভ বেড়ে যায়। তারা মালামাল না কিনলে বাড়ি নির্মাণ করতে দেয়ার হুমকি দেয়া হয় বলেও জানা যায়।
গত রোববার বিকেলে পুনরায় বাসায় গিয়ে মালামাল কিনতে বললে নজরুল রাজি হননি। ওই অবস্থায় গতকাল সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হামলা হয়। হামলার সময় নজরুল ইসলাম, তার স্ত্রী মাসুমা হায়াত, তার ভাই আজিজুল ইসলাম এবং প্রতিবেশী ব্যাংক কর্মকর্তা সাকিম আহম্মেদ আহত হন। হামলাকারীরা সুইচ গিয়ার চাকু দিয়ে সাকিম আহম্মেদের মাথায় আঘাত করে এবং অন্যান্যদের মারধর করে।
এ ঘটনার একটি সিসি টিভি ফুটেজ ভাইরাল হয়। সিসি টিভি ফুটেজে দেখা যায়, প্রথমে ৩ জন ব্যক্তি এসে হঠাৎ হামলা চালায় দাঁড়িয়ে থাকা তিনজনের ওপর। এ সময় আরও দুইজন এবং অন্য একদিক থেকে একজন চাকু নিয়ে এসে তাদের সাথে যোগ দেয়। তারা এলোপাতাড়ি মারতে থাকে। এ সময় ব্যাংক কর্মকর্তার স্ত্রী সেখানে রোগণে গেলে তাকেও মারধর করেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমি ব্যাংক ঋণ নিয়ে বাড়ি করছি। তারা এসে আমাকে বলে যে, চাঁদা দিতে হবে, না হলে কাজ দিতে হবে। আমি মনে করছিলাম হয়তো হুমকিই থাকবে। কিন্তু এভাবে আক্রমণের শিকার হব, একজন অফিসার হিসেবে আমি এটা কখনোই কল্পনাও করতে পারিনি। আমি এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজে সাইফুলকে শনাক্ত করে ত্রিশাল থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরকেও গ্রেফতারে অভিযান চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন