০১:০৭ পি.এম
মাগুরার শিশু আছিয়া এবং পল্লবীর শিশু রামিসার ধর্ষণ ও হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলগুলোর উপর অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টে শুনানির জন্য আবেদন করলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল। আজ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল এই আবেদনটি পেশ করেন। এই সময় অ্যাটর্নি জেনারেল আদালতকে জানালেন, এই বেঞ্চে যেসব নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির বিষয় রয়েছে, সেখানে রাষ্ট্রপক্ষ কোন মুলতবি চাইবে না। অন্যদিকে, রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসার ধর্ষণ ও হত্যার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে জেল কর্তৃপক্ষের মাধ্যমে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি মো: সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে এবং আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল আদালতের কাছে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত শুনানির জন্য পেপার বুক প্রস্তুতের বিষয়টি আদালতের নজরে আনলে আদালত আজই আদেশের কপিটি সংশ্লিষ্ট শাখায় প্রদান করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন