ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর লক্ষ্য বাংলাদেশের


নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর লক্ষ্য বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দল নেদারল্যান্ডসের বিরুদ্ধে মুখোমুখি হবে। আজ রবিবার বেলা সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার আশা ব্যক্ত করেছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সংবাদ সম্মেলনে, ম্যাচের আগের দিন, জ্যোতি বলেন, ‘প্রথমত, এই টুর্নামেন্টে ভালোভাবে শুরু করার জন্য এটি আমাদের জন্য একটি দারুণ সুযোগ। আমরা তাদের বিপক্ষে খেলেছি এবং তারা এই কন্ডিশনে খুবই ভালো দল। তাই আমরা আমাদের সেরা খেলাটা খেলতে চাই। আমরা এডিনবরায় তাদের বিপক্ষে খেলেছিলাম। আমার মনে হয় তাদের ব্যাটিং ইউনিট খুবই শক্তিশালী। বোলিংয়েও তারা ভালো করছে এবং সাম্প্রতিক সময়ে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে। তাই আমরা আমাদের সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য প্রস্তুত থাকতে চাই।’

উইকেট-কন্ডিশন নিয়ে নারী দলের অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই আমরা অনেক রানের প্রত্যাশা করছি। গতকালের ম্যাচে দেখেছিলাম ব্যাটাররা ম্যাচজুড়ে আধিপত্য করেছে। তাই আমরা আশা করছি, আমাদের ব্যাটাররাও একইভাবে দলের জন্য পারফর্ম করবে।’

আরও পড়ুন: হুথিদের বিরুদ্ধে ৭৩৬ সামরিক অভিযান, হতাহত ৩০৭

দলের অন্যতম পেসার মারুফাকে নিয়ে আত্মবিশ্বাসী জ্যোতি জানান, ‘সে পুরোপুরি প্রস্তুত। আমি মনে করি সে একদম তৈরি। সে খুবই আক্রমণাত্মক মানসিকতাসম্পন্ন এবং আমরা সবাই তার প্রতিভা সম্পর্কে জানি। নেদারল্যান্ডসের বিপক্ষে সে কীভাবে পারফর্ম করে, সেটাই দেখার অপেক্ষায় আছি।’

প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে নিয়ে জ্যোতি বলেন, ‘প্রথমেই বলব, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। শুধু তারা প্রথম বিশ্বকাপ খেলছে, বলেই আমি মনে করি না যে তারা অতিরিক্ত চাপ বা উত্তেজনায় থাকবে। এই পর্যায়ে তাদের অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে, তবে তারা এই কন্ডিশনে খুবই ভালো দল। গত ছয় মাস ধরে তারা ভালো ক্রিকেট খেলছে, আর সেই কারণেই তারা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।’

‘আমরা সম্প্রতি তাদের বিপক্ষে কয়েকটি ম্যাচ খেলেছি এবং বিশেষ করে তাদের ব্যাটিং আমাকে মুগ্ধ করেছে। তারা খুব শক্তিশালী ব্যাটিং দল। তবে আমাদের নিজেদের শক্তি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা বিবেচনায় আমি আমাদের দলকেই এগিয়ে রাখব। শেষ পর্যন্ত যেদিন যে দল ভালো ক্রিকেট খেলবে, তারাই জিতবে। যে দল কম ভুল করবে, তাদের জয়ের সম্ভাবনাও বেশি থাকবে।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অবশেষে সচল হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন, আবু সাঈদের হত্যাকাণ্ডই জুলাই-আগস্টের ঘটনাপ্রবাহে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম ধাপ (ফার্স্ট স্টেপ) হিসেবে প্রতীয়মান হয়েছে।

এদিকে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, আবু সাঈদ হত্যা মামলা ছাড়াও ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন আরও তিনটি মানবতাবিরোধী অপরাধের মামলার রায় চলতি মাসেই প্রকাশ পেতে পারে।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গত ১১ জুন ট্রাইব্যুনাল-২-এর বিচারপতিদের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ রায়ের কপি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিয়েছে। বর্তমানে রায়ের বিভিন্ন দিক বিশ্লেষণ করে দেখা হচ্ছে, কোনো সাজা বা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রসিকিউশন আপিল করবে কি না।

গত ৯ এপ্রিল ঘোষণা করা সংক্ষিপ্ত রায়ের পর প্রকাশিত এই পূর্ণাঙ্গ রায়ে তাবিরোধী অপরাধের আইনি কাঠামো, ট্রাইব্যুনালের এখতিয়ার, আন্তর্জাতিক আইন এবং সাক্ষ্যপ্রমাণের মূল্যায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। রায়ে ব্যক্তিগত ফৌজদারি দায়, কমান্ড রেসপনসিবিলিটি, বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ওয়াইডস্প্রেড ও সিস্টেমেটিক অ্যাটাক এবং রোম স্ট্যাটিউটসহ আন্তর্জাতিক বিভিন্ন নজির বিশেষভাবে আলোচিত হয়েছে।

রংপুর তাজহাট থানার এই মামলার বিচার চলাকালে মূল প্রশ্ন ছিল–আবু সাঈদের মৃত্যু কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটি বৃহত্তর মানবতাবিরোধী অপরাধের অংশ? সেপ্ট দীর্ঘ রায়ে সেই প্রশ্নের বিশদ আইনি বিশ্লেষণ উপস্থাপন করেছেন আদালত।

একটি প্রাচীন চীনা প্রবাদ–প্রতি হাজার মাইলেরই প্রথম পদক্ষেপ থাকে।’ উদ্ধৃত করে ট্রাইব্যুনাল রায়ের পর্যবেক্ষণে বলেন, ‘শত্রুর জন্যও ইনসাফ’ প্রতিষ্ঠার নীতির ওপর ভিত্তি করে এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। এ ছাড়া ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশের আইনে অনুপস্থিত আসামির বিচারের (ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া) যে সুযোগ রাখা হয়েছে, রায়ে তারও বিস্তর ব্যাখ্যা দেয়া হয়েছে।

রায়ে উল্লেখ করা হয়েছে, মামলাটির বিচারপ্রক্রিয়ায় ২৫ জন সাক্ষীর জবানবন্দি, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভিডিও ফুটেজ এবং জাতীয় ও আন্তর্জাতিক সংবাদপত্রে প্রকাশিত ৪১টি প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। প্রত্যেক আসামির বিরুদ্ধে আলাদাভাবে সাক্ষ্য ও প্রমাণ বিশ্লেষণ করে তাদের ভূমিকা নির্ধারণ করা হয়েছে। আদালতের মতে, বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হয়েছে।

প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট আরও তিনটি মামলার রায় চলতি জুনেই আসার সম্ভাবনা রয়েছে। মামলাগুলো হলো:

হাসানুল হক ইনু: জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শেষ, এখন রায়ের জন্য অপেক্ষমাণ।

মাহবুব-উল আলম হানিফ: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মামলাটিও রায়ের পর্যায়ে রয়েছে।

রামপুরা হত্যাকাণ্ড: রামপুরায় তরুণ আমির হোসেনকে গুলি করে আহত করাসহ দু’জনকে হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে, এ মাসেই রায় হতে পারে।

গত ৫ ফেব্রুয়ারি আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছে দণ্ডিত আসামিপক্ষ।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাসান দাবি করেছেন, প্রসিকিউশনের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে আসামিদের সম্পৃক্ততা স্পষ্টভাবে প্রমাণিত হয়নি। এ ছাড়া ঘটনার সময় পুলিশ বাহিনী আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর আওতাভুক্ত ছিল না এবং নিম্নপদস্থ পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারেই দায়িত্ব পালন করেছিলেন। এই যুক্তিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আশুলিয়া থানার সাবেক উপ-পরিদর্শক আবদুল মালেক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার আপিল করেছেন।

প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, আশুলিয়ার মামলার রায়ের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে এখনও আপিলের সিদ্ধান্ত হয়নি। তবে রায় ঘোষণার দিন উত্থাপিত কিছু অভিযোগ নিয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বর্তমানে তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবাগত কুরাসাওয়ের বিরুদ্ধে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


নবাগত কুরাসাওয়ের বিরুদ্ধে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে জার্মানি

দুই আসর ধরে ফিফা বিশ্বকাপে প্রত্যাশার ধারে-কাছেও যেতে পারেনি জার্মানি। ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে এবার নতুন উদ্যমে মাঠে নামতে চলেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২৬ সালের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নবাগত কুরাসাওয়ের মুখোমুখি হতে যাচ্ছে জুলিয়ান নাগেলসমানের দল।

বিশ্বকাপ বাছাইপর্বে শুরুটা দারুণ খারাপ হলেও এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি জার্মানিকে। প্রথম ম্যাচে হারার পর তারা টানা জয় তুলে ছয় ম্যাচ থেকে ১৫ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপসেরা হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। শুধু তাই নয়, বিশ্বকাপের আগে তাদের প্রস্তুতি ম্যাচগুলোতেও দুর্দান্ত ছন্দে ছিল ডি মানশাফট। তারা টানা চারটি প্রীতি ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্টে পা রেখেছে ইউরোপের অন্যতম সফল দল।

অন্যদিকে, কুরাসাওয়ের জন্য এটি সত্যিই একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ এটি প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে এবং দেশটির ফুটবল ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখেছে। বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে চার ম্যাচের সবকটিতে জয় পেয়ে গ্রুপসেরা হয়েছিল কুরাসাও। এরপর তৃতীয় রাউন্ডে ছয় ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে মাত্র এক পয়েন্টের ব্যবধানে জ্যামাইকাকে পেছনে ফেলে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।

বিশ্বকাপের আগে দলটিতে কোচ পরিবর্তনের ঘটনাও ঘটে। ব্যক্তিগত কারণে দায়িত্ব ছাড়লেও অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকাট আবারও দলের দায়িত্বে ফিরে এসেছেন। তার অধীনেই বিশ্বকাপের মঞ্চে অভিষেক হতে যাচ্ছে কুরাসাওয়ের।

পরিসংখ্যান অবশ্য জার্মানির পক্ষেই কথা বলছে। তারা টানা নয় ম্যাচে জয় পেয়েছে এবং এই নয় ম্যাচের প্রতিটিতেই গোল করেছে। অন্যদিকে, কুরাসাও তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে। তবে ইতিবাচক দিক হলো, শেষ তিন ম্যাচেই গোলের দেখা পেয়েছে ক্যারিবীয় প্রতিনিধিরা।

দুই দলের মধ্যে এর আগে কখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ফলে বিশ্বকাপের এই লড়াইয়ের মাধ্যমেই প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হতে চলেছে জার্মানি ও কুরাসাও।

জার্মানি (সম্ভাব্য একাদশ):

বাউমান, ব্রাউন, শ্লোটারবেক, তাহ, কিমিচ, পাভলোভিচ, এনমেচা, ভির্টজ, মুসিয়ালা, সানে ও হাভার্টজ।

কুরাসাও (সম্ভাব্য একাদশ):

ডর্নবুশ, সাম্বো, গ্যারি, ব্রেনেট, ভ্যান আইমা, রুমেরাতু, মার্তা, কুভাস, মার্গারিটা, কেনজি গোরে ও জিয়ার্ল মার্গারিথা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি রিয়াজ হাওলাদার গ্রেফতার, আদালতে সোপর্দ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


কাউখালীতে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি রিয়াজ হাওলাদার গ্রেফতার, আদালতে সোপর্দ

পিরোজপুরের কাউখালী থানার এসআই মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল বিশেষ অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রিয়াজ হাওলাদারকে (২৭) গ্রেফতার করেছে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিয়াজ হাওলাদার উপজেলার শিয়ালকাঠী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রিয়াজ হাওলাদারের বিরুদ্ধে আদালত কর্তৃক জারি করা জিআর ওয়ারেন্ট থাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, আইনশাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনে কাউখালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। জিআর ওয়ারেন্টভুক্ত আসামি রিয়াজ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল।

গ্রেফতারকৃত আসামিকে রবিবার (১৪ জুন) পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ে বাড়িতে লাইটিং সামগ্রী পরিবহনের সময় দুর্ঘটনায় মিস্ত্রির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


বিয়ে বাড়িতে লাইটিং সামগ্রী পরিবহনের সময় দুর্ঘটনায় মিস্ত্রির মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিয়ে বাড়িতে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার সময় মহাসড়কে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ সাকিল (২২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় আরশিনগর ফিউচার পার্কের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃত সাকিল হচ্ছেন উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বারইয়ারহাট থেকে জোরারগঞ্জ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রীসহ ট্রাক্টর নিয়ে যাচ্ছিল সোহেল। পথিমধ্যে আরশিনগর ফিউচার পার্ক এলাকায় মহাসড়কে তার ট্রাক্টরের চাকা খুলে গিয়ে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। পরবর্তীকালে ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান ভুঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরিবারকে এই বিষয়ে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%