১০:২৮ পি.এম
ঢাকা আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় টিম এবং ডিপ্লোম্যাটিক কোর টিমের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে এই বিশেষ ম্যাচ, যেখানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক নিজে অংশগ্রহণ করেছেন। বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তুলে ধরা এবং আন্তর্জাতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রীতি ম্যাচটিতে অংশগ্রহণ করেছেন বাংলাদেশে কর্মরত তিউনিশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, কোরিয়া, মালয়েশিয়া, ইতালি, সুইডেন ও ইরানের কূটনীতিকরা। তাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে লড়াই করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকারা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ।
আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা
খেলা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক মন্তব্য করেন, বর্তমানে সামাজিক মূল্যবোধ, নীতি-নৈতিকতা ও সচেতনতামূলক বিষয়গুলো আমাদের তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, বিশ্বকাপ ফুটবল দরজায় কড়া নাড়ছে এবং তারা বিশ্বের কাছে জানান দিতে চান যে, তারা একটি ফুটবলপ্রেমী জাতি। তিনি জানান, স্পোর্টস ডিপ্লোম্যাসির (ক্রীড়া কূটনীতি) মাধ্যমে তারা বিশ্বমঞ্চে একটি শক্তিশালী বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চান।
প্রতিমন্ত্রী আরও বলেন, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে না, তবে দেশের মানুষের মধ্যে ফুটবল নিয়ে উন্মাদনার কোনো কমতি নেই। তিনি উল্লেখ করেন, বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করছে না। তবে তাদের উদ্দীপনার কোনো ঘাটতি নেই। বর্তমান সরকার ক্রীড়া খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং তারা দেশের ক্রীড়াঙ্গনকে শূন্য থেকে শুরু করতে চান। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। রাতারাতি বড় পরিবর্তন সম্ভব নয়, তবে সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তারা দেশের খেলাধুলার সার্বিক উন্নয়ন করবেন।
আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া কূটনীতিকে আরও বেগবান করতে সরকারের নতুন উদ্যোগের কথা জানিয়ে মো. আমিনুল হক বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি ডেডিকেটেড ‘স্পোর্টস ডিপ্লেমাসি উইং’ খোলা হয়েছে এবং এর কার্যক্রমও শুরু হয়েছে। এই উইংয়ের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সাথে ক্রীড়া বিনিময় কর্মসূচি ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।
আরও পড়ুন: জামায়াতের মহিলা বিভাগের প্রতিবাদ: নারী উদ্যোক্তা সাথী আক্তার গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন