০৬:০৫ পি.এম
রাজশাহী, ২২ আগস্ট, ২০২৬ : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মহানগরীর ভদ্রা এলাকায় একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হয়েছে। ভদ্রা বস্তি এলাকাসহ অন্যান্য এলাকায়ও ফগার স্প্রে কার্যক্রমটি করা হয়।
আজ শনিবার দুপুরে নগরীর ভদ্রা বস্তি এলাকায় ফগার স্প্রে কার্যক্রম পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে রাসিক প্রশাসক ভদ্রা রেললাইন সংলগ্ন বস্তি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বাস্থ্যকথা খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে এবং নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ডেঙ্গু প্রতিরোধের জন্য আমরা আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি। সেই উদ্যোগের অংশ হিসেবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার মেশিনে স্প্রে কার্যক্রমটি সবাইকে জানানো হচ্ছে।
আরও পড়ুন: ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা তাওহীদুল ইসলাম বুখারী আটক
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ। তবে সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। তাই আসুন, ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়ে তুলতে আমাদের নিজ আঙ্গিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। আমরা সকলে মিলে রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে প্রস্তুত থাকবো।
এসময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, এবং রাসিকের পরিচ্ছন্ন বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন