০৭:৪৮ পি.এম
ঝালকাঠির পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারের মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন সম্পন্ন হয়েছে।
গত বুধবার (২১ অক্টোবর) শহরের কোর্ট রোডের ওই ভবনে কার্যালয় উদ্বোধনের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার ঝড় শুরু হয়েছে।
ভবন মালিকের ছেলে মো. মিঠু তালুকদারের বক্তব্য অনুযায়ী, ওই তলায় আগে তাঁর বাবার ব্যক্তিগত কার্যালয় ছিল। সেখানে পৌর আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হতো। তবে এনসিপির নেতৃবৃন্দ এই দাবি অস্বীকার করেছেন।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
লিয়াকত আলী তালুকদার ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি এবং পৌরসভার সাবেক মেয়র। তাঁর ছেলে মনিরুল ইসলাম তালুকদার ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁরা আওয়ামী লীগের সাবেক নেতা আমির হোসেন আমুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
এনসিপির দলীয় সূত্রে জানা যায়, জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১ দলের সমর্থিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও দলটির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী এইচ এম জাকির হোসেন। এ সময় দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ভবন মালিকের ছেলে মো. মিঠু তালুকদার জানান, সাত-আট বছর আগে ভবনটির তৃতীয় তলার কক্ষটি তাঁর বাবা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী তালুকদার ব্যক্তিগত কার্যালয় হিসেবে ব্যবহার করতেন। সেখানে পৌর আওয়ামী লীগের সব কার্যক্রম পরিচালিত হতো। দলের অনেকেই এই কার্যালয়টি পৌর আওয়ামী লীগের হিসেবে জানতেন। তাঁর ভাই মনিরুল ইসলাম মনির ওই কক্ষে বসতেন। কক্ষটি বেশির ভাগ সময় বন্ধ থাকত বলেও তিনি জানান।
তিনি আরও জানান, কার্যালয়টি বন্ধ হওয়ার পর সম্প্রতি একটি বীমা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়। প্রতিষ্ঠানটি চলে যাওয়ার পর সেখানে বিভিন্ন ধরনের পাখি পালন করা হতো। পরে অব্যবহৃত কক্ষটি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি এটি তাদের কাছে ভাড়া দেন।
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
মিঠু তালুকদার বলেন, ‘চিন্তা করেছি, এখান থেকে কিছু অর্থ আয় হবে। তাই ভাড়া দিয়েছি। এটি নিয়ে যে ঝামেলা হবে, তা আমরা বুঝতে পারিনি।’
ঝালকাঠি জেলা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল দাবি করেন, ওই কক্ষে কখনো আওয়ামী লীগের কার্যালয় ছিল না। তাঁর ভাষ্য, চলতি মাসে তারা কক্ষটি ভাড়া নিয়েছেন। এর আগে সেখানে একটি বীমা প্রতিষ্ঠানের কার্যক্রম ছিল। পরে সাবেক মেয়রের নাতি সেখানে পোষা প্রাণী রাখতেন।
মোস্তফা কামাল বলেন, ‘কোনো দিন এখানে আওয়ামী লীগের অফিস ছিল না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আওয়ামী লীগের আমলে সাবেক মেয়রের বাসার সামনে একটি নৌকা টাঙানো দেখেছি। যারা এসব ছড়াচ্ছে, তা সম্পূর্ণ গুজব ও মিথ্যা।’
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, আমরা কক্ষটি কার্যালয়ের জন্য ভাড়া নিয়েছি, দখল করিনি। আগে সেখানে আওয়ামী লীগের কার্যালয় ছিল কি না, তা আমার জানা নেই। এ বিষয়ে ঝালকাঠিতে দলের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার
জানা যায়, কার্যালয় উদ্বোধনের পর ভবনটির আগের ব্যবহার ও মালিকের রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। সাঈদ আহমেদ নামের এক ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে দাবি করেন, ভবনটির তৃতীয় তলায় আগে পৌর আওয়ামী লীগের কার্যালয় ছিল এবং সেখানে আমির হোসেন আমু কার্যালয়টি উদ্বোধন করেছিলেন।
রাজু বণিক আকাশ নামের আরেক ফেসবুক ব্যবহারকারী কার্যালয়ের ছবি প্রকাশ করে ভবন মালিকের রাজনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, লিয়াকত আলী তালুকদার বিভিন্ন সময়ে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন। এনসিপিকে ভবন ভাড়া দেওয়ার মধ্য দিয়ে তিনি নিজের রাজনৈতিক অবস্থান সুরক্ষিত করার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে।
তবে এ বিষয়ে লিয়াকত আলী তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া যায়নি।
আরও পড়ুন: কুমিল্লার আদালতে মহিলা আ.লীগ নেত্রীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন