০৭:৫৩ পি.এম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোহাগী বাজারের কৃষি ব্যাংক শাখায় লুটের চেষ্টার ঘটনায় নতুন মোড় এসেছে। যুবক কাউসার আহম্মেদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. মাজহারুল ইসলাম, যিনি সাগর নামেও পরিচিত, এর নাম উঠে আসার পর পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে সোহাগী বাজার থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া মাজহারুল ইসলাম (২২) সরিষা ইউনিয়নের বৈরাটি গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আবুল কাশেম এবং মাতার নাম মিলন আক্তার।
পুলিশের সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর দিবাগত রাত সোয়া তিনটার দিকে সোহাগী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় লুটের চেষ্টা চালানো হয়। স্থানীয় লোকজন কাউসার আহম্মেদ (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। তিনি সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে।
আরও পড়ুন: বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেওয়া মাসুমা পেলেন এ গ্রেড
অভিযোগ রয়েছে যে, ব্যাংকের নিরাপত্তাকর্মীকে হাত-পা ও মুখ বেঁধে আটকে রেখে ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করা হয়। নিরাপত্তাকর্মী বাঁধন খুলে চিৎকার করলে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এসে কাউসারকে আটক করেন।
এ ঘটনায় গত ২২ অক্টোবর ব্যাংকটির কর্মকর্তা নাজমুল হক কাউসার আহম্মেদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।
পুলিশ জানায়, কাউসারকে গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হেক্সোব্লেড জব্দ করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ রোমন জানান, কৃষি ব্যাংকে চুরির চেষ্টার ঘটনায় গ্রেপ্তার কাউসার আহম্মেদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে ব্যাংকের নিরাপত্তাকর্মী সাগরের সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। এই তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঘোষণার আট বছরেও সুন্দরবনে দস্যুতা অব্যাহত, আতঙ্কে বনজীবীরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন