০৫:৩১ পি.এম
আর মাত্র ৯ দিন পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। ইতোমধ্যে দলগুলো তাদের নির্ধারিত ক্যাম্পে যোগ দিতে শুরু করেছে। এই তালিকায় এবার নাম লিখিয়েছে ব্রাজিল।
মঙ্গলবার (২ জুন) ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার জুনিয়র নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্বকাপের জন্য নির্ধারিত ব্রাজিল জাতীয় দলের বিমানে সতীর্থদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন নেইমার। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবাই মিলে।’
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন
নেইমারের ইনস্টাগ্রামে প্রকাশিত বিশ্বকাপ স্কোয়াডের ছবিটি বিমানেই তোলা। তিনি এখানে ব্রাজিল ফুটবল ফেডারেশনের জাদুঘরে থাকা একটি বিশ্বকাপ ট্রফির ছবিও যুক্ত করেছেন। ৩৪ বছর বয়সী এই সান্তোস ফরোয়ার্ড ছবির মাধ্যমে ভক্তদের কাছে একটি বার্তা দিয়েছেন।
আনচেলত্তির শিষ্যরা রিও ডি জেনিরোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। একই ছবি পোস্ট করে ব্রাজিলের আরেক তারকা ফরোয়ার্ড রাফিনিয়াও প্রায় একই ক্যাপশন ব্যবহার করেছেন, ‘চলো সবাই মিলে।’
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো’র তথ্যমতে, সোমবার রাতে নিউজার্সির উদ্দেশ্যে সান্তোস স্ট্রাইকারকে নিয়ে উড়াল দিয়েছে দেশটির বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়রা। তবে সেখানে ২৩ ফুটবলারের মধ্যে তিনজন অনুপস্থিত ছিলেন। এর কারণ আগে থেকেই জানা ছিল।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল গত ৩০ মে মধ্যরাতে অনুষ্ঠিত হয়েছে। এই কারণে ব্রাজিলের তিন ফুটবলার সেই ম্যাচ শেষে জাতীয় দলের স্কোয়াডে যোগ হওয়ার কথা।
আরও পড়ুন: জামায়াতের মহিলা বিভাগের প্রতিবাদ: নারী উদ্যোক্তা সাথী আক্তার গ্রেপ্তার
ফলে টানা দ্বিতীয়বার শিরোপাজয়ী পিএসজির মার্কিনিয়োস এবং রানারআপ আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও গ্যাব্রিয়েল মাগালায়েস বর্তমানে বিশ্বকাপ বিমানে নেই।
গত রোববার ঐতিহাসিক মারাকানায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্বাগতিক ব্রাজিল ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে পানামাকে। তবে নেইমার এখনও চোট পুনর্বাসনে থাকায় সেই ম্যাচ খেলতে পারেননি। তবুও ভক্তরা তার নাম ধরে স্লোগান দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন