ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

“মার্কিন অবরোধ উপেক্ষা করে এগিয়ে গেল ইরানের তেলবাহী ট্যাংকার”


“মার্কিন অবরোধ উপেক্ষা করে এগিয়ে গেল ইরানের তেলবাহী ট্যাংকার”

ঢাকা, ১৭ জুন, ২০২৬ : মার্কিন নৌবাহিনীর অবরোধের আওতাভুক্ত উপসাগরীয় এলাকায় ইরানের বেশ কয়েকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার অতিক্রম করার খবর পাওয়া গেছে। এই তথ্য তেল পরিবহন পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ট্যাংকারট্র্যাকার্স বুধবার প্রকাশ করেছে।

তারা এটিকে গত দু'মাসের মধ্যে ইরানের প্রথম অপরিশোধিত তেল রপ্তানি হিসেবে চিহ্নিত করেছে।

বার্তা সংস্থা এএফপি’র সংবাদ থেকে জানা যায়।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যাচাই করা ডিজিটাল ট্র্যাকিং তথ্যের ভিত্তিতে ট্যাংকারট্র্যাকার্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করে এ তথ্য জানায়।

তাদের মতে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানি (এনআইটিসি)-এর মালিকানাধীন ডায়োনা (৯৫৬৯৬৯৫) এবং হিরো-২ (৯৩৬২০৭৩) নামের অন্তত দুটি ভিএলসিসি সুপারট্যাঙ্কার মার্কিন নৌবাহিনীর অবরোধসীমা অতিক্রম করেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এই জাহাজ দুটিতে মিলে প্রায় ৩৮ লাখ ব্যারেল ইরানের অপরিশোধিত তেল রয়েছে।

তেল পরিবহন ও মজুত পরিস্থিতি পর্যবেক্ষণকারী ওই সংস্থা আরও জানায়, এনআইটিসির তৃতীয় একটি ট্যাংকারও এই অবরোধসীমা অতিক্রম করেছে। ওই ট্যাংকারে প্রায় ১০ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল রয়েছে।

আরও পড়ুন: স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১০:৫৭ এম


ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার

কিশোরগঞ্জের মিঠামইনে যাত্রীবাহী নৌকায় ঘটে যাওয়া আলোচিত ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) তাদের ঢাকার সাভার, কামরাঙ্গীরচর ও মিঠামইন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, গত ৭ জুন সন্ধ্যায় মিঠামইন নৌঘাট থেকে করিমগঞ্জের বালিখলা ঘাটের উদ্দেশ্যে প্রায় ২০ থেকে ২২ জন যাত্রী নিয়ে একটি নৌকা রওনা হয়। যাত্রাপথে প্রতিকূল আবহাওয়ার কারণে হাসানপুর ব্রিজের দক্ষিণ পাশে নৌকাটি কিছুক্ষণ অবস্থান করে। পরে পুনরায় যাত্রা শুরু হলে সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নৌকার গতিরোধ করে ডাকাতি সংঘটিত করে।

ঘটনার পর মিঠামইন থানায় মামলাজনিত অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। মিঠামইন থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে ১৫ জুন সাভার থেকে ইছানুল হক ওরফে এহসানুল হক ফকিরকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মো. জুলহাস উদ্দিনকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে মিঠামইন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের আরেক সদস্য রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

অভিযান কালে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, পাঁচটি মোবাইল ফোন, একটি রামদা, লোহার রড এবং ছোট-বড় ২০টি বল্লম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেই চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, সাধারণ মানুষের জানমাল রক্ষায় তারা সর্বদা তৎপর। অপরাধ দমনে 'জিরো টলারেন্স' নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“৪৮-৪৭ ভোটে পাস হয়নি ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের উদ্যোগ”

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:০১ এম


“৪৮-৪৭ ভোটে পাস হয়নি ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের উদ্যোগ”

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব মার্কিন সিনেটের ভোটের মাধ্যমে অল্প ব্যবধানে নাকচ করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটের ফলাফল হলো ৪৮-৪৭, ফলে প্রস্তাবটি পাস হয়নি।

এই প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল—কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমাবদ্ধ করা। এটি ছিল ডেমোক্র্যাটদের নেতৃত্বে উত্থাপিত নবম প্রচেষ্টা। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করার পর থেকে ধারাবাহিকভাবে এই প্রস্তাব আনা হচ্ছিল।

সিনেটের এই ভোটটি নির্ধারক অবস্থানে অনুষ্ঠিত হলো, যখন হোয়াইট হাউস ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি এবং সংঘাত শেষ করার লক্ষ্যে একটি প্রাথমিক কাঠামোগত সমঝোতা ঘোষণা করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে যে, এই সমঝোতার বিস্তারিত তথ্য কংগ্রেসকে এখনো জানানো হয়নি।

ভোটাভুটিতে দলীয় বিভাজন স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। যদিও রিপাবলিকান দলের কয়েকজন সিনেটর—লুইজিয়ানা’র বিল ক্যাসিডি, মেইনের সুসান কলিন্স, আলাস্কার লিসা মারকোভস্কি এবং কেনটাকির র‌্যান্ড পল—ডেমোক্র্যাটদের সাথে পক্ষে ভোট প্রদান করেছেন। অন্যদিকে, পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান বেশিরভাগ রিপাবলিকানের সঙ্গে প্রস্তাবটির বিরুদ্ধে ভোট দিয়েছেন।

এছাড়াও, পাঁচজন সিনেটর ভোটদান থেকে বিরত থাকেন। তাদের মধ্যে রয়েছেন রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল ও জশ হাওলি এবং ডেমোক্র্যাট সিনেটর মাইকেল বেনেট, কোরি বুকার ও স্বতন্ত্র বার্নি স্যান্ডার্স।

এই প্রস্তাবটি ডেমোক্র্যাট সিনেটর রাফায়েল ওয়ারনক উত্থাপন করেছিলেন। এর আগে ১৯ মে আরেকটি যুদ্ধক্ষমতা সংক্রান্ত প্রস্তাব সিনেটে অগ্রসর হলেও সেটি এখনো চূড়ান্ত পাসের অপেক্ষায় রয়েছে। সেটি ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনের নেতৃত্বে আনা হয়েছিল।

আইনপ্রণেতাদের একটি বড় অংশের মতে, ট্রাম্প প্রশাসন এখনো যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার বিস্তারিত পরিকল্পনা তাদের সামনে উপস্থাপন করেনি। বিশেষ করে ডেমোক্র্যাটরা অভিযোগ করছেন, তারা বিষয়টি নিয়ে যথেষ্ট তথ্য পাচ্ছেন না।

বর্তমানে সিনেট ও প্রতিনিধি পরিষদ—দু’টিতেই রিপাবলিকানদের সংখ্যা অল্পের জন্য বেশী। যদিও সম্প্রতি প্রতিনিধি পরিষদ একটি প্রস্তাব সমর্থন করেছে, যার উদ্দেশ্য ছিল ইরান যুদ্ধ শেষ করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:০৩ এম


দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে প্রতিটি ভরি স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। ফলে ভাল মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি দাম ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকায় উন্নীত হয়েছে। সোমবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এই দাম সোমবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে এবং আজ বুধবারও স্বর্ণ একই দামে বিক্রি হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ১৩ জুন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“পুরোনো হিসাব চুকাতে ক্রোয়েশিয়ার মুখোমুখি ইংল্যান্ড”

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:০৯ এম


“পুরোনো হিসাব চুকাতে ক্রোয়েশিয়ার মুখোমুখি ইংল্যান্ড”

ফিফা ২০২৬ এর গ্রুপ পর্বের আরেকটি হাইভোল্টেজ ম্যাচকে দেখতে যাচ্ছে বিশ্ব। অলটাইম ডার্ক হর্স, ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল পরাশক্তি ইংল্যান্ড। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলেরই চাওয়া হবে বিগ ম্যাচে জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করা। যুক্তরাষ্ট্রের ডালাসে ম্যাচটি শুরু হবে আজ রাত দুইটায়।

ইতিহাসকেও অবাক করে দেওয়া ক্রোয়েশিয়ার ফুটবল জাগরণ যেন রুপকথাকেও হার মানায়। ১৯৯১ সালে যুগোস্লাভিয়া থেকে স্বাধীন হওয়া দেশটি মাত্র ৭ বছরের মধ্যে জায়গা করে নেয় গ্রেটেস্ট শো অন আর্থে। প্রথমবার অংশগ্রহণেই তারা চমকে দেয় পুরো বিশ্বকে। সেই আসরে তৃতীয় স্থান লাভ করে ব্লেজার্স। ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলগুলিকে হারিয়ে নিজেদের অপ্রতিরোধ্য শক্তিমত্তার প্রদর্শন করে। পরবর্তী আসরগুলোতে যদিও প্রথম রাউন্ড পার করতে পারেনি, কিন্তু ২০১৮ সালের মস্কো বিশ্বকাপে ইংল্যান্ডের স্বপ্নভঙ্গ করে ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। কাতার বিশ্বকাপেও ধারাবাহিকতা ধরে রেখে তৃতীয় স্থান দখল করে।

থ্রি লায়ন্সদের ঘরোয়া ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের বিভিন্ন স্থানে সমাদৃত হলেও, ক্রোয়াটরা কোনোভাবেই পিছপা হবে না। ২০০৭ সালে ওয়েম্বলিতে স্টিভ ম্যাকক্লারেনের ইংল্যান্ডকে স্তব্ধ করে দেওয়া সেই বিখ্যাত ম্যাচ থেকে দলটি এখনো আত্মবিশ্বাস পেয়ে আসছে। লুকা মদ্রিচ, ক্রামারিচ, পেরিশিচদের সাথে আক্রমণভাগে মোহাম্মদ কুদুস ও তরুণতুর্কি জাস্কো গভারডিওল রয়েছে। স্নায়ুচাপ সামলে পুরো ম্যাচ ধরে খেলা জ্লাতকো দালিচের শিষ্যরা প্রস্তুত আছে ইংল্যান্ডের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য।

এদিকে, প্রতিশোধ নিতে মরিয়া থ্রি লায়ন্সরা নিজেদের সাম্প্রতিক ফর্মে এক অপ্রতিরোধ্য শুরুর বার্তা দিচ্ছে কোচ টমাস টুখেল। বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপের প্রথম দল হিসেবে তারা সব ম্যাচ জিতে এবং কোনো গোল হজম না করার রেকর্ড গড়েছে। ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ ম্যাচটি তারা ২০০৯ সালে হারিয়েছে। এরপর থেকে তারা টানা ৩৯ ম্যাচ অপরাজিত রয়েছে।

সুপার কম্পিউটার ভবিষ্যদ্বাণী করেছে যে ইংল্যান্ড সেমিফাইনাল খেলবে। কিন্তু হ্যারি কেইনের নেতৃত্বে টমাস টুখেলের লক্ষ্য হচ্ছে সব বাধা মাথায় নিয়ে শিরোপা ঘরে তোলা। জুড বেলিংহাম, জন স্টোনস, মরগান রজার্সরা হতে যাচ্ছেন টুখেলের তুরুপের তাস। তবে ইনজুরির কারণে বুকায়ো সাকার বর্তমান অবস্থা এখনো অনিশ্চিত। ডিফেন্ডার টিনো লিভারমেন্টো ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন।

সাম্প্রতিক পারফরম্যান্স, গত দুটি ইউরো ফাইনাল ও বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল খেলার শক্তি ও অভিজ্ঞতার ভিত্তিতে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় থ্রি লায়ন্সরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%