১০:৫৭ এম
কিশোরগঞ্জের মিঠামইনে যাত্রীবাহী নৌকায় ঘটে যাওয়া আলোচিত ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) তাদের ঢাকার সাভার, কামরাঙ্গীরচর ও মিঠামইন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, গত ৭ জুন সন্ধ্যায় মিঠামইন নৌঘাট থেকে করিমগঞ্জের বালিখলা ঘাটের উদ্দেশ্যে প্রায় ২০ থেকে ২২ জন যাত্রী নিয়ে একটি নৌকা রওনা হয়। যাত্রাপথে প্রতিকূল আবহাওয়ার কারণে হাসানপুর ব্রিজের দক্ষিণ পাশে নৌকাটি কিছুক্ষণ অবস্থান করে। পরে পুনরায় যাত্রা শুরু হলে সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নৌকার গতিরোধ করে ডাকাতি সংঘটিত করে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা
ঘটনার পর মিঠামইন থানায় মামলাজনিত অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। মিঠামইন থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে ১৫ জুন সাভার থেকে ইছানুল হক ওরফে এহসানুল হক ফকিরকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মো. জুলহাস উদ্দিনকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে মিঠামইন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের আরেক সদস্য রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
অভিযান কালে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, পাঁচটি মোবাইল ফোন, একটি রামদা, লোহার রড এবং ছোট-বড় ২০টি বল্লম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেই চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, সাধারণ মানুষের জানমাল রক্ষায় তারা সর্বদা তৎপর। অপরাধ দমনে 'জিরো টলারেন্স' নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন