বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং
০৩:২১ পি.এম
ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে।
বুধবার যাত্রাবাড়ী থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে অমিত কর্মকার, রুবেল ওরফে হাবিবুর রহমান, মো. সানি, মো. জাকির হোসেন, মো. বাদশা, মো. ইমরান হোসেন, তাসফিয়া, মাহিদুল ইসলাম, লাইজু বেগম, মেহেদী, রকি হোসেন, মাহফুজা খাতুন, মো. সোহান, মারুফ, আব্দুল আহাদ, মো. রাশেদ, মো. শাহীন মোল্লা ওরফে শামীম, মো. রাসেল, মো. শাহিন ও মো. জসিম (৫০) রয়েছেন।
গ্রেফতার করা ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বৈরী আবহাওয়াও যেন ইতিহাস জানার আগ্রহের কাছে হার মানে। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন দর্শনার্থীরা যারা জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে প্রবেশের অপেক্ষায় ছিলেন। উদ্বোধনের পর দ্বিতীয় দিনের মতো, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হওয়া জাদুঘরে দেখা গেছে সকল বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। পূর্ণবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২০ টাকা প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে।
জাদুঘরের মূল প্রবেশপথের পাশে অবস্থিত জুলাই মেমোরিয়াল। সেখানে শহীদদের নাম খোদাই করা হয়েছে। এর পেছনে রয়েছে আড়াই হাজারেরও বেশি শহীদদের স্মরণে নির্মিত একটি প্রতীকী কবরস্থান। সেখানে শহীদ নাফিজকে বহনকারী রিকশা, সাঁজোয়া যানে ঝুলন্ত আন্দোলনকারী এবং সাইকেল মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতীকী ভাস্কর্য রয়েছে, যা আন্দোলনের স্মৃতিকে জীবন্ত করে তোলে।
জাদুঘরের মূল ফটকের ভেতরে ঢোকা মাত্রই চোখে পড়ে টর্চার সেল, দেয়ালজুড়ে আলোকচিত্র, বড় পর্দায় প্রদর্শিত প্রামাণ্যচিত্র এবং আন্দোলনের সময় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, সংরক্ষিত দলিল, শহীদদের স্মৃতিবিজড়িত নানা নিদর্শন। তবে দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে আন্দোলনের স্মৃতিবাহী লাল টেলিফোন।
কেউ মনোযোগ দিয়ে তথ্যফলক পড়ছে, কেউ ভিডিওচিত্র দেখছে, আবার কেউ ছবি তুলে ইতিহাসের এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখছে।
দর্শনার্থীরা মন্তব্য করছেন যে, পাঠ্যবইয়ের বাইরে আন্দোলনের ইতিহাস জানার এমন উদ্যোগ নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাদুঘর কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীদের নিরাপত্তা এবং শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার জন্য প্রতিদিন তিনটি শিফটে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। আপাতত ধারণক্ষমতা বিবেচনায়, দিনে সর্বোচ্চ ৩০০ জন দর্শনার্থী জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবে।
প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় জাদুঘরের আদলে জুলাই গণ-অভ্যুত্থান জাদুঘরেরও সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার রাখা হতে পারে। তবে জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী এ সিদ্ধান্ত পরিবর্তন আনার সুযোগ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় নৈশকালীন পুলিশি টহলের সময় চারটি চোরাই মহিষ ও একটি পিকআপভ্যান উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় চোরচক্রের সদস্য মো. কামরুল হাওলাদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কানুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ঢাকা মেট্রো-ন-১৫-৮৫৬৪ নম্বরের একটি পিকআপভ্যানসহ চারটি মহিষ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত কামরুল হাওলাদার উপজেলার উত্তর ভিটাবাড়িয়া এলাকার (৭ নম্বর ওয়ার্ড) মৃত সুলতান হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাপ্পির নেতৃত্বে একদল পুলিশ নিয়মিত রাত্রীকালীন টহল দিচ্ছিল। এ সময় কানুয়া এলাকায় ত্রিপল দিয়ে ঢাকা একটি সন্দেহজনক পিকআপভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির পেছনে চারটি মহিষ পাওয়া যায়। মহিষগুলোর মালিকানা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে কামরুল হাওলাদার কোনো বৈধ কাগজপত্র বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
গ্রেফতারকৃত কামরুল হাওলাদারের বিরুদ্ধে এর আগেও গরু চুরিসহ একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। উদ্ধার করা মহিষ ও জব্দকৃত পিকআপভ্যান বর্তমানে ভান্ডারিয়া থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া মহিষগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজও চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ইংলিশ রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অফিস টাইমের মধ্যে প্রাইভেট প্রাকটিস করার দায়ে এক চিকিৎসকের লাইসেন্স বাতিল ও চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পুরান ঢাকার ইংলিশ রোডের পপুলার ডায়াগনস্টিকে আকস্মিক অভিযান পরিচালনা করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এসময়, নরসিংদীর বেলাবো উপজেলার সরকারি হাসপাতালের ডাক্তার মইনুল হাসান চিশতীকে সেবারত অবস্থায় হাতেনাতে ধরেন মন্ত্রী।
সরকারি অফিস কাজের সময় প্রাইভেট ক্লিনিকে প্রাক্টিস করার নিয়ম নেই, তবুও দীর্ঘদিন ধরে তিনি এই অনিয়ম করে আসছিলেন।
এই অনৈতিক কার্যক্রমের জন্য শাস্তি নিশ্চিত করার জন্য মন্ত্রী ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ সৌদি আরব সফরে যাচ্ছেন।
মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকায় এই সফরের প্রয়োজন হয়েছে।
দুই দিনের এই সরকারি সফরে তিনি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের সঙ্গে বৈঠক করবেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিসের তথ্য অনুযায়ী, সফরে পাকিস্তান-সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় নিয়ে আলোচনা হবে।
এছাড়া, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, হরমুজ প্রণালির উত্তেজনা এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও দুই দেশের মধ্যে মতবিনিময় হবে।
এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌদি আরবে যাচ্ছে।
প্রতিনিধিদলে উপস্থিত আছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং সরকারের আরও কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তা।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে।
বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগও বাড়ছে।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেন, মধ্যপ্রাচ্যের সংকট এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে পাকিস্তান বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যের সংকট এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে আমরা অন্যান্য দেশের সঙ্গে এখনও সম্পৃক্ত রয়েছি।
হরমুজ প্রণালি সংক্রান্ত বিষয়ে একটি সমন্বিত ও টেকসই সমাধান বের করতে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”
কূটনৈতিক সূত্রগুলো মনে করছেন, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে সমন্বয় জোরদার করে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার উদ্যোগে আরও সক্রিয় ভূমিকা রাখতে চাইছে।
বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক কূটনৈতিক সমীকরণে ইসলামাবাদ ও রিয়াদের ঘনিষ্ঠ সহযোগিতা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ