ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

১০ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী


১০ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢামেকের প্যাথলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির যন্ত্রপাতি হস্তান্তরের অনুষ্ঠান উপলক্ষে তিনি এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে আসবেন। এই সময়ে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন। আশা করা যাচ্ছে, ঢাকা মেডিকেলের চিত্র পরিবর্তন হবে।

আরও পড়ুন: রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিখুঁতভাবে ক্যান্সার শনাক্ত করার জন্য ঢাকা মেডিকেলের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ স্থাপন করা হয়েছে। এর ফলে ক্যান্সার শনাক্তকরণ আরও সহজ হবে।

এসময় ডেঙ্গু মোকাবিলা সম্পর্কে উপজেলা পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার বিষয়টি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবার সহযোগিতার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব।

তিনি আরও বলেন, সব ধরনের ভ্যাকসিন, রি-এজেন্ট এবং স্যালাইনের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে। যদি রোগীর সংখ্যা বাড়ে, তাহলে মোবাইল হাসপাতাল করে চিকিৎসা প্রদান করা হবে।

আরও পড়ুন: ঢাকায় কোম্পানিভিত্তিক বাস চলাচলের উদ্যোগ, ১ নভেম্বর থেকে শুরু হবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির শেষ বিদায়ে অংশ নিতে ইরানের উদ্দেশে রওনা স্পিকারের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১১:১০ এম


খামেনির শেষ বিদায়ে অংশ নিতে ইরানের উদ্দেশে রওনা স্পিকারের

ঢাকা, ২ জুলাই, ২০২৬ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি আজ সকালে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে রওনা হন।

স্পিকার আজ (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে যাত্রা শুরু করেন। সেখানে গিয়ে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ গ্রহণ করবেন।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। তিনি ৮৬ বছর বয়সে গত ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শাহাদাতবরণ করেন।

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর, তিনি নতুন রাজনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে তিনি কিছু সময়ের জন্য ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধ শুরু হলে ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-র তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণ করেন। পরে, তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর, ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ আয়াতুল্লাহ খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

স্পিকার জানাজায় অংশ গ্রহণ শেষে আগামী ৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১২ দিনের অনশনে তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১১:১৪ এম


বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১২ দিনের অনশনে তরুণী

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা ১২ দিন ধরে এক তরুণী অনশন করছেন।

সরেজমিনে বৃহস্পতিবার সকালে উপজেলার শিদলাই ইউনিয়নের পশ্চিম শিদলাই গ্রামে গিয়ে দেখা যায়, ওই তরুণী অনশনে রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই ওই বাড়িতে উৎসুক লোকজনের ভিড় জমছে।

তরুণীর অভিযোগ, প্রায় চার বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পাশের পশ্চিম শিদলাই গ্রামের ওহাব আলী খনকার বাড়ির মো. আবু কালামের ছেলে আবু সাইদ ওরফে সাইফুল ইসলামের সাথে তার পরিচয় ঘটে। সেই পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত দুই বছর ধরে ঢাকায় নিয়মিত দেখা-সাক্ষাৎ করে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠে।

ওই তরুণীর দাবি, প্রায় ১২ দিন আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আবু সাইদ তাকে দেবিদ্বার উপজেলার চড়বাকরের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান। সেখানে দুই দিন অবস্থানের পর, বিয়ের বিষয়টি আনলে আবু সাইদ তাকে রেখে কাউকে কিছু না জানিয়ে নিজের বাড়িতে চলে যান।

পরে প্রেমিকের বাড়ির ঠিকানা নিয়ে ব্রাহ্মণপাড়ার পশ্চিম শিদলাই গ্রামে গেলে আবু সাইদ তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তাকে টেনেহিচড়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন নুসরাত।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেন। পরে চেয়ারম্যান উভয় পক্ষকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে সমাধানের প্রয়াস করেন। তবে অভিযোগ অনুযায়ী, বৈঠক চলাকালেই আবু সাইদ সেখান থেকে চলে যান। এরপর থেকে নুসরাত জাহান প্রেমিকের বাড়িতে অবস্থান করে বিয়ের দাবিতে অনশন করছেন।

ভুক্তভোগী তরুণী বলেন, ‘সে আমার জীবনের অনেক ক্ষতি করেছে। আমার সবকিছু শেষ হয়ে গেছে। এখন সে আমাকে বিয়ে করবে, না হলে আমি এই বাড়ি থেকেই ফিরব না।’

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত ১২ দিন ধরে তরুণীটি প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। এই সময় অভিযুক্ত যুবক আত্মগোপনে চলে যান। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও যুবকের পরিবার সহযোগিতা করেনি। পরে পরিবারের সদস্যরাও বাড়ি ছেড়ে চলে যান বলে দাবি করেন তারা।

শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আকবর আলাউল বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে উভয় পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করেছি। কিন্তু ছেলেটি বৈঠক থেকে চলে যায় এবং তার পরিবারও বিয়েতে রাজি হয়নি। পরে ছেলেসহ পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান। বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানানো হয়েছে।’

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তরুণীর সঙ্গে কথা বলেছি। তবে অভিযুক্ত যুবকের পরিবারের কাউকে পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সহযোগিতার প্রস্তাব দেয়া হলেও তিনি তা গ্রহণ করেননি। পরে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে।’

অপরদিকে অভিযুক্ত আবু সাইদ ও তার পরিবারের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতি-আত্মবিশ্বাসই হতে পারে ফ্রান্সের সবচেয়ে বড় বাধা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১১:১৬ এম


অতি-আত্মবিশ্বাসই হতে পারে ফ্রান্সের সবচেয়ে বড় বাধা

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের বিশালাকার আসরটি এখন পৌছে গেছে শেষ ষোলোর রোমাঞ্চে। এই বিশ্বমঞ্চের নকআউট পর্বের আবহে ফুটবলপ্রেমীদের মধ্যে এখন একটি বড় প্রশ্ন চূর্ণ হচ্ছে, উড়ন্ত ফরাসিদের থামানোর শক্তি আসলে কার আছে?

প্রথম থেকেই ফেবারিট দিদিয়ের দেশমের দলের মতো ফুটবল খেলছে। নিউ জার্সিতে সুইডেনের বিরুদ্ধে ৩-০ গোলের জয়ের মাধ্যমে তারা নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে। এই টুর্নামেন্টে তারা চারটি ম্যাচে চার জয় এবং ১৩ গোলে দুর্দান্ত একটি রেকর্ড নিয়ে শনিবার ফিলাডেলফিয়াতে প্যারাগুয়ের সঙ্গে মোকাবিলা করতে যাচ্ছে ব্লুজরা। কোয়ার্টার ফাইনালে কানাডা বা মরক্কোর সঙ্গে এবং সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকলেও ফরাসি দলের গভীরতা ও শক্তিমত্তা অন্য যেকোনো দলের তুলনায় অনেক বেশি।

দলের আক্রমণভাগের মূল কর্মী কিলিয়ান এমবাপ্পে, যিনি বর্তমান প্রজন্মের অন্যতম সেরা স্ট্রাইকার এবং দারুণ একজন অধিনায়ক, সব চাপ নিজের কাঁধে নিতে পছন্দ করেন। বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের গোল করার ক্ষুধা সবসময় দুর্দান্ত, এর প্রমাণ হিসেবে সুইডেনের বিপক্ষে তার জোড়া গোল সম্প্রতি ফেলার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন। বিশ্বমঞ্চে এমবাপ্পে মাত্র ১৮ ম্যাচে ১৮টি গোল করে ফেলেছেন। চলতি আসরে তিনি ইতিমধ্যে ৬ গোল করেছেন এবং ১৯৫৮ সালে স্বদেশী জুঁ ফন্টেইনের করে আসা ১৩ গোলের ঐতিহাসিক রেকর্ড ভাঙার পথে আছেন। তবে এমবাপ্পে নিজস্ব রেকর্ডের তুলনায় ১৯ জুলাই ফাইনাল জিতে ট্রফি ঘরে তোলার লক্ষ্যকে বেশি মূল্য দিচ্ছেন।

ফরাসিদের জন্য ভয়ের বিষয় হলো, শুধু এমবাপ্পেকে আটকে রাখলেই তাদের থামানো সম্ভব নয়। ডান প্রান্তে বর্তমান ব্যালন ডি’অর জয়ী উসমান ডেম্বেলে এবং মাঝমাঠে আক্রমণ তৈরি করছেন লন্ডনে বেড়ে ওঠা তরুণ জাদুকর মাইকেল অলিস। ফরাসি ফুটবলের কিংবদন্তি প্লাতিনি কিংবা জিদানের মতো ঐতিহ্যবাহী ‘নম্বর টেন’ ভূমিকায় অলিসের খেলা তাকে ভবিষ্যতের ব্যালন ডি’অর জয়ী হিসেবেই নির্দেশনা করে।

শুধু আক্রমণভাগ নয়, দলের রক্ষণভাগেও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা জুটি উইলিয়াম সালিবা এবং দায়ো উপামেকানো গড়ে তুলেছে একটি শক্তিশালী প্রাচীর। এই দুই ডিফেন্ডারের গতি ও শক্তি দলকে অনেক ওপরের লাইনে খেলার স্বাধীনতা প্রদান করে, যা মাঝমাঠ থেকে খুব চমৎকারভাবে সামলান অহেলিয়া চুয়ামেনি এবং আদ্রিয়েন রাবিও। প্রতিপক্ষ দলের কোচরা, সুইডেনের গ্রাহাম পটারও অকপটে স্বীকার করেছেন, মাঠের প্রতিটি পজিশনে এই মানসম্পন্ন খেলোয়াড়দের পাশাপাশি সাইড বেঞ্চে থাকা তারকাদের কারণে ফ্রান্সের চেয়ে কোনও দল বর্তমান সময়ে সেরা নয়। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মিশন শুরু করা ফ্রান্সের সামনে এখন মাত্র প্যারাগুয়ে থাকা, যে দলের বিপক্ষে ফরাসিদের পরাজয়ের কথা ভাবাও যায় না।

যদিও মাঠের প্রতিপক্ষরা ভয় ধরাতে না পারলেও কোচ দিদিয়ের দেশম বেশ কিছু মাস ধরে একটি ভিন্ন সতর্কবার্তা দিয়ে আসছেন। তিনি মনে করেন, বর্তমানে ফ্রান্সের সবচেয়ে বড় শত্রু আসলে কোনো প্রতিপক্ষ দল নয়, বরং নিজেদের মধ্যকার অতি-আত্মবিশ্বাস বা আত্মতুষ্টি। দেশম খুব ভালো করেই মনে রেখেছেন ২০০২ সালের সেই কালো অধ্যায়, যখন ফ্রান্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও ফেবারিট হিসেবে এসেও গ্রুপ পর্ব থেকে কোনো গোল না করেই বিদায় নিয়েছিল। দেশমের ১৪ বছরের কোচিং ক্যারিয়ারের এই শেষ টুর্নামেন্টে খেলোয়াড়রা পুরোপুরি একতাবদ্ধ এবং তাদের মধ্যে কোনোরকম ঢিলেমি নেই। তবে বিশ্বমঞ্চের ট্রফি ধরে রাখার এই মহাযজ্ঞে নিজেদের মানসিকতাকে নিয়ন্ত্রণে রেখে অতি-আত্মবিশ্বাসকে দূরে রাখাই এখন ফরাসিদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মা রেল সেতুর নিচে মাটি অপসারণ নিয়ে উদ্বেগের কারণ নেই: সেতুমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১১:২১ এম


পদ্মা রেল সেতুর নিচে মাটি অপসারণ নিয়ে উদ্বেগের কারণ নেই: সেতুমন্ত্রী

সড়ক, সেতু ও রেল পরিবহন মন্ত্রী রবিউল আলম বলেছেন, পদ্মা রেলওয়ে সেতুর নিচে মাটি অপসারণ প্রকল্পের প্রয়োজনেই করা হয়েছে এবং এতে সেতুর নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। সম্প্রতি ভায়াডাক্টের নিচে মাটি কাটার বিষয়ে যেভাবে সংবাদ প্রকাশিত হয়েছে, তাতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী রবিউল আলম মন্তব্য করেন, ‘মাটি অপসারণের বিষয়টি সত্য হলেও এটি কোনো অপরিকল্পিত বা স্বেচ্ছাচারী কাজ নয়। বরং প্রকল্পের চুক্তি ও নকশা অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই কাজ করা হচ্ছে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ১৬ দশমিক ৭৬ কিলোমিটার দীর্ঘ ভায়াডাক্ট নির্মাণের সময় ভারী যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রী পরিবহনের জন্য জলাভূমির ওপর অস্থায়ী ভরাট করা হয়েছিল।

প্রকল্প শেষ হওয়ার পর সেই ভরাট অপসারণ করে আগের অবস্থায় ফিরিয়ে আনার বাধ্যবাধকতা চুক্তিতেই রয়েছে।’

তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে ১৬ দশমিক ৭৬ কিলোমিটারের মধ্যে ১৪ দশমিক ৪১ কিলোমিটার অংশের অস্থায়ী ভরাট অপসারণ করা হয়েছে। বর্তমানে প্রায় ২ দশমিক ৩৪ কিলোমিটার অংশের কাজ বাকি রয়েছে। পরিবেশের স্বাভাবিক জলপ্রবাহ ও জলাভূমির ভারসাম্য রক্ষার স্বার্থেই এই কাজ সম্পন্ন করা হচ্ছে।’

মন্ত্রী এটি উল্লেখ করেন যে, গড়ে প্রায় সাড়ে পাঁচ ফুট মাটি অপসারণের পর মূল প্রাকৃতিক স্তরে পৌঁছানো যাবে এবং সেই স্তরেরও প্রায় সাত থেকে আট ফুট নিচে রয়েছে পাইল ক্যাপ, যার পুরুত্ব ছয় ফুট। এর আরও নিচে প্রায় ২০০ ফুট গভীরে আটটি পাইলের ওপর পুরো ভায়াডাক্ট দাঁড়িয়ে আছে। ফলে মাটি অপসারণের সঙ্গে সেতুর কাঠামোগত নিরাপত্তার কোনো নেতিবাচক সম্পর্ক নেই।

এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ রেলওয়ের বিশেষজ্ঞদের নকশা ও তত্ত্বাবধানে কাজটি পরিচালিত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘তাই নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ভবিষ্যতে রেলপথ সম্প্রসারণের প্রয়োজন হলেও সংশ্লিষ্ট রেলওয়ের জমি দেশের স্বার্থেই সর্বোত্তমভাবে ব্যবহার করা হবে। রেলওয়ের জায়গা রেলওয়ের প্রয়োজনেই ব্যবহার হবে। প্রকল্পের অংশ হিসেবে যেটুকু মাটি অপসারণ প্রয়োজন, সেটুকু অবশ্যই করা হবে। একই সঙ্গে পরিবেশ ও নিরাপত্তার বিষয়েও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’

সংবাদ সম্মেলনে প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়াও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%