ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ১০ দিনে গ্রেপ্তার ১৯৫ জন


ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ১০ দিনে গ্রেপ্তার ১৯৫ জন

ফেনীর পুলিশ বিশেষ অভিযানে সেপ্টেম্বরের শুরু থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত ১৯৫ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত। এ পর্যন্ত থানায় ২৭টি মামলা দায়ের করা হয়েছে বিভিন্ন ঘটনায়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মলম পার্টির সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন, এমনটি জানিয়েছেন ফেনী মডেল থানা পুলিশ।

পুলিশের সূত্রে জানা গেছে, ফেনী মডেল থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মদনে বিদ্যালয় রক্ষার কাজে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

সর্বশেষ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিশেষ অভিযানে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ফেনী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে শহরের স্টারলাইন বাস কাউন্টার ও আশপাশের এলাকা থেকে মলম পার্টির সদস্য লিটন মিয়া প্রকাশ সুমনকে (৩৭) গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার দক্ষিণ এলাইচ ডোমবাড়িয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মলম পার্টির সদস্যরা স্টারলাইন বাসে বিদেশ থেকে আসা যাত্রীদের কৌশলে চেতনানাশক দ্রব্য ব্যবহার করে সর্বস্ব নিয়ে গাড়ি থেকে নেমে যায়। গ্রেপ্তার লিটন মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে। এছাড়া মহিপাল থেকে লেমুয়া যাওয়ার পথে সিএনজিচালিত রিকশায় (অটোরিকশা) নকল সোনার বার দেখিয়ে চেতনানাশক দ্রব্য ব্যবহার করে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এসব ঘটনায় ফেনী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযানে ফেনী রেলস্টেশন ব্রাহ্মণপুকুর পাড় ও সরকারি কলেজের পেছনের এলাকার সড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-কুমিল্লার লাকসামের মো. শুকুর প্রকাশ কানা শুক্কুর (২৬), ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার মো. আব্দুল মমিন (৪৬) এবং নোয়াখালীর সোনাইমুড়ির কাউছার হোসেন আশিক (২৩)। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বিভিন্ন জেলায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অন্যদিকে, চট্টগ্রাম থেকে গাজীপুরগামী একটি কাভার্ডভ্যান থেকে এক প্যাকেট অ্যালুমিনিয়াম ওয়্যার চুরির ঘটনায় করা মামলার তদন্তে জাহাঙ্গীর আলম (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী এবং চোর-ডাকাত চক্রের সদস্যসহ মোট ১৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক, চুরি-ডাকাতিসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। শিগগিরই মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স কাজ করবে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবিতে বড় নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


বিজিবিতে বড় নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ১০৬তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী নিয়োগ দেওয়া হবে। ডিজিটাল পদ্ধতিতে এ নিয়োগের আবেদন আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে।

দেশের সব জেলা থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে আসন সংখ্যা সীমিত।

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

পদের নাম: সিপাহী (জিডি)

ব্যাচ: ১০৬তম

প্রার্থী: পুরুষ ও মহিলা

পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করা হয়নি; জনবল হ্রাস-বৃদ্ধির ভিত্তিতে আসন সংখ্যা কম-বেশি হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা: পুরুষ ও মহিলা উভয় প্রার্থীকেই এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

বয়স: ১৭ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ জন্মতারিখ ১৮ জানুয়ারি ২০০৪ থেকে ১৭ জানুয়ারি ২০০৯-এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে:
উচ্চতা: ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।

ওজন: ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।

বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) এবং স্ফীত অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।

দৃষ্টিশক্তি: ৬/৬।

নারী প্রার্থীদের ক্ষেত্রে:
উচ্চতা: ১.৫৭৪ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫ ফুট)।

ওজন: ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি (৯৬ পাউন্ড)।

বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি) এবং স্ফীত অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)।

দৃষ্টিশক্তি: ৬/৬।

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত প্রার্থী গ্রহণযোগ্য নয়।

বেতন ও সুযোগ-সুবিধা: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সিপাহী (জিডি) পদে বেতন স্কেল ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা। এর সঙ্গে বাড়িভাড়া, বাসস্থান এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: যোগ্য আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের বিজিবির ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত।

আবেদন করতে মোট ছয়টি ধাপ অনুসরণ করতে হবে:

যোগ্যতা পরীক্ষা: নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আবেদন করুন বাটনে ক্লিক করে আবেদনের পদ্ধতিগুলো পড়ে এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে। এরপর যোগ্যতা পরীক্ষার সব প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।

রেজিস্ট্রেশন: যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা দিতে হবে। মোবাইলে পাঠানো চার সংখ্যার ওটিপি কোড দিয়ে নম্বর যাচাই করতে হবে। এরপর সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড স্ক্রিনে দেখা যাবে এবং এসএমএসের মাধ্যমেও তা পাঠানো হবে।

আবেদন ফি জমা: ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফি প্রদান করুন অপশনে গিয়ে আবেদন ফি দিতে হবে। আবেদন ফি ৫৬ টাকা। ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে এই ফি পরিশোধ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা যাচাই: এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার শিক্ষা বোর্ড, পরীক্ষার বছর, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তথ্য যাচাই করতে হবে।

ব্যক্তিগত তথ্য ও ছবি আপলোড: শিক্ষাগত তথ্য সঠিক হলে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিতে হবে এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। সব তথ্য যাচাই করে সাবমিট করতে হবে। একবার তথ্য জমা দেওয়ার পর তা আর পরিবর্তন করা যাবে না।

এডমিট কার্ড ডাউনলোড: পরীক্ষার আগে প্রার্থীর দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে এডমিট কার্ড ডাউনলোডের বিষয়ে জানানো হবে। এরপর ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এটি প্রিন্ট করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে।

টেকনিক্যাল বোর্ডের যেসব প্রার্থীর ফল অনলাইনে পাওয়া যায় না, তাদের আবেদনের সময় শিক্ষা বোর্ড হিসেবে অন্যান্য নির্বাচন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া: প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। শুধু নির্বাচিত প্রার্থীদের এইচবিএসএজি, অ্যান্টি-এইচসিভি, ফাস্টিং ব্লাড সুগার, এইচবিএ১সি, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিন আর/ই, ডোপ টেস্ট করানো হবে।

ফাস্টিং ব্লাড সুগার, এইচবিএ১সি, সিরাম ক্রিয়েটিনিন ও ইউরিন আর/ই পরীক্ষায় যোগ্য, এইচবিএসএজি ও অ্যান্টি-এইচসিভি পরীক্ষায় নেগেটিভ এবং ডোপ টেস্টে ‘নট ডিটেক্টেড’ ফল পাওয়া প্রার্থীরাই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবেন। পরে সরকারের যথাযথ এজেন্সির মাধ্যমে ভেরিফিকেশন রিপোর্ট (ভিআর) সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে নিয়োগপত্র দেওয়া হবে।

নিয়োগের সময় যেসব কাগজপত্র লাগবে: নিয়োগের সময় প্রার্থীকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল/প্রভিশনাল সনদপত্র, সংশ্লিষ্ট স্কুল/কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষের দেওয়া প্রশংসাপত্র, অভিভাবকের অনুমতিপত্র, বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনদ, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদের মূলকপিসহ সত্যায়িত ফটোকপি, নীল ব্যাকগ্রাউন্ডে ল্যাবে প্রিন্ট করা সদ্য তোলা ১১ কপি পাসপোর্ট সাইজের ছবি, অবিবাহিত সনদ এবং জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।

এ ছাড়া ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট থেকে বিজিবি কর্তৃক পাঠানো এডমিট কার্ড/প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে সঙ্গে আনতে হবে। বিজিবির ওয়েবসাইট থেকে বিজিবিতে ভর্তিচ্ছু প্রার্থীদের তথ্যাদির ফরম ডাউনলোড করে যথাযথ তথ্য পূরণ করেও নিয়োগের সময় সঙ্গে আনতে হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা: আবেদন ফি জমা দেওয়ার পর তা ফেরত দেওয়া হবে না। চূড়ান্ত আবেদন করার পর তা সংশোধন বা পরিবর্তন করা যাবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুলাই ২০২৪ তারিখে জারি করা প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।

আবেদনের সময় পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। বিজিবি কর্তৃক দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে বা মুছে গেলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বিজিবিতে চাকরির জন্য অযোগ্য হবেন।

স্থায়ী ঠিকানা গোপন করে নিয়োগ পেলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াসহ চাকরি থেকে বরখাস্ত করা হবে। নিয়োগের সময় কোনো বিষয়ে মিথ্যা বিবৃতি বা তথ্য গোপন করলে প্রার্থিতা বাতিল করা হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি অথবা প্রজাতন্ত্রের অন্য কোনো চাকরি থেকে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরিরত অবস্থায় বহিষ্কৃত প্রার্থীও চাকরির জন্য অযোগ্য হবেন।

লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের ক্লিপবোর্ড ও কলম সঙ্গে আনতে হবে। পরীক্ষার সময় মোবাইল ফোন, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না। নিয়োগ কার্যক্রমে আপলোড করা ছবিই সব নথিপত্রের সঙ্গে ব্যবহার করতে হবে। স্বাস্থ্য পরীক্ষার সময় ডোপ টেস্টে মাদকাসক্ত প্রমাণিত হলে প্রার্থী চাকরির জন্য অযোগ্য হবেন।

নিয়োগের জন্য যাতায়াতের কোনো ভ্রমণ ভাতা দেওয়া হবে না। নিয়োগের সময় দাখিল করা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অন্যান্য কাগজপত্র বা ঠিকানা পরবর্তী সময়ে ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে বরখাস্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থায়ী ঠিকানা নিয়ে নির্দেশনা: আবেদনের ক্ষেত্রে নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা বা নিজ জেলা ব্যবহার করতে হবে। ভাড়া বাসা, বর্তমান বা অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না।

হেল্প ডেস্ক: আবেদন সংক্রান্ত তথ্যের জন্য ১৫ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ০১৬৬৯৬০০৮০০ অথবা ০১৬৬৯৬০০৮৮৮ নম্বরে যোগাযোগ করা যাবে। নিয়োগসংক্রান্ত সব তথ্য বিজিবির ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

 দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা সম্ভব। আমাদের তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে, সেটি ২০২৪ সালের ৫ আগস্ট সারাবিশ্বকে দেখিয়ে দিয়েছে। পরিবর্তনের সূচনা সেখান থেকেই তরুণ সমাজ করেছে।’

তাই তাদের কাছে আমার আহ্বান, ‘আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি। আগামী তিন মাসে আমাদের ডেঙ্গুর সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করি। হয়তো আমরা শতভাগ পারবো না, কিন্তু অন্তত ৮০ শতাংশ আমরা পারবো।’

আজ শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চলমান থাকবে। ঢাকা কেন্দ্রিক উদ্যোগের পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে এ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠান প্রধানমন্ত্রী বলেন, আমি যতটুকু জানি বাংলাদেশের স্কাউটস’র সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি’র সদস্য সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল, মাদ্রাসা ছাড়াও সারাদেশে হাই স্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল ও এবতেদায়ি মাদ্রাসায় রয়েছে আড়াই কোটি শিক্ষার্থী।

তিনি বলেন, এছাড়া আজ অনলাইনে প্রায় সবগুলো জেলা এখানে কানেক্টেড আছে। গার্লস গাইড, বিএনসিসি স্কাউটস, ভলেন্টিয়ারসহ আপনাদের সবার কাছে আমি একটি সাহায্য চাই। সেটি হলো, এই দেশটাকে আমাদের গড়ে তুলতে হবে। আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা একটি লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছি। সেটি হলো দেশ গড়ার লক্ষ্য।

তারেক রহমান বলেন, আমরা জানি কিভাবে ডেঙ্গু হয়। ভাঙ্গারি, কাগজপত্র বিভিন্ন জায়গায় পড়ে থাকে, প্লাস্টিক ও মাটির বিভিন্ন জিনিস পড়ে থাকতে দেখা যায়। সেখানে পরি পানি জমে এই ডেঙ্গু বহনকারী এসিড মসার তৈরি হয়। কাজেই আমরা সকলে মিলে চেষ্টা করলে এ অবস্থার পরিবর্তন ঘটাতে পারব।

তিনি বলেন, ‘এই মাঠে আমরা যত মানুষ আজকে উপস্থিত আছি, প্রত্যেকে পানি খাই এবং প্রত্যেকে যদি একটা করে কিছু মাঠে ফেলে দেই এখনে হয়তো কেউ কিছু বলবে না। কিন্তু এই ময়লাগুলা আস্তে আস্তে জমা হয়ে আবর্জন হবে। সেখান থেকে রোগ জীবাণু তৈরি হবে। আপনি বা আপনার প্রিয়জন অসুস্থ হয়ে যাবে।

‘তাই আসুন আমরা নিজেকে সুস্থ রাখি। নিজের পরিবারকে সুস্থ রাখি। নিজের সমাজকে সুস্থ রাখি। নিজের দেশকে আমরা সুস্থ রাখার চেষ্টা করি। এই কাজটা কিন্তু খুব কঠিন না।’

তারেক রহমান বলেন, আজকে হয়তো আপনাদের একটু কষ্ট হবে। কিন্তু প্রতি সপ্তাহে এক ঘণ্টা যদি আমরা নিজের বাসা, স্কুল, কলেজ বা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য কাজ করি তাহলে অবশ্যই দ্রুত এই পরিবর্তন আনতে আমরা সক্ষম হবো।

তিনি বলেন, আমরা রাস্তাঘাট দিয়ে যখন যাই দেখি বহু মানুষ অসচেতনভাবে যেখানে সেখানে আবর্জনা ফেলছে। তাদের সচেতন করতে হবে। যারা ময়লা করবে, যারা আবর্জনা তৈরি করবে, আমাদের তাদেরকে নিরুৎসাহিত করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তাই কথা একটাই। কাজ, কাজ, আর কাজ। এবং পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন আর পরিচ্ছন্নতাই হতে হবে আমাদের আগামী দিনের মূল লক্ষ্য।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটি'র আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আরও বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মী, শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এছাড়া দেশের সব জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ অনলাইনে এ উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশের ন্যায় হিলিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

হাকিমপুর (দিনাজপুর) প্রতিবেদন

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


সারাদেশের ন্যায় হিলিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ থানা কম্পাউন্ডের ভেতরে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কার্যক্রম শুরু করেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) হাকিমপুর থানা পুলিশের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। অভিযানের অংশ হিসেবে থানা কম্পাউন্ডের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান, জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যেই থানা প্রাঙ্গণ পরিষ্কার রাখার পাশাপাশি কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সচেতনতা তৈরিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

হাকিমপুর থানা পুলিশের এ উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষকেও নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে মশাবাহিত এ রোগের বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


কাউখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

 

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় কাউখালী উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, "ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিচ্ছন্নতা কেবল কোনো একদিনের কর্মসূচি নয়, এটি আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। আমরা যদি আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি এবং বাসাবাড়ির চারপাশে পানি জমতে না দিই, তবে ডেঙ্গু প্রতিরোধ করা অনেকটাই সহজ হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টাই পারে দেশকে ডেঙ্গুমুক্ত করতে।
কাউখালী উপজেলা পরিষদের সভা কক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) রাইসুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান
এসএম আহসান কবীর, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ডাঃ সোমা সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
আব্দুল হান্নান, উপজেলা
বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক
বদরুদ্দোজা মিয়া ও সৈয়দ বাহাউদ্দিন পলিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার।
অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কনফারেন্সের মাধ্যমে মূল কর্মসূচি উদ্বোধনের পর উপস্থিত কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ একযোগে উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%