০৯:১০ পি.এম
কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ প্রদানে অগ্রাধিকার দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ (এফআইডি) এই বিষয়ে একটি সার্কুলার লেটার জারি করেছে এবং তা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়, ‘১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিম’র আওতায় কৃষকদের ঋণ সহায়তা আরও সহজ ও কার্যকর করার জন্য এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
নির্দেশনা অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রণীত ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’-এর আলোকে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ১০ টাকার ব্যাংক হিসাব খোলা এবং পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
তবে পাশাপাশি কার্ডবিহীন প্রান্তিক ও ভূমিহীন কৃষকরা যেন এই স্কিমের আওতায় ঋণ সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও ব্যাংকগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া সাম্প্রতিক গ্রীষ্মকালীন অতিবৃষ্টির ফলে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে হাওরাঞ্চলে পাকা ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ সহায়তায় অগ্রাধিকার দেওয়ার নির্দেশ রয়েছে।
এ ক্ষেত্রে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও ময়মনসিংহ অঞ্চলের হাওর এলাকার কৃষকদের পাশাপাশি দেশের অন্যান্য জেলায় অতিবৃষ্টিজনিত ফসলহানির শিকার প্রান্তিক ও ভূমিহীন কৃষকরাও অগ্রাধিকারের ভিত্তিতে ঋণ সুবিধা গ্রহণ করবেন।
আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে
বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে পূর্বে জারি করা সংশ্লিষ্ট সার্কুলার ও সার্কুলার লেটারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন