০৪:২২ পি.এম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুকরণে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে, এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুকরণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ কথা বলেন মন্ত্রী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সভায় আরও উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক) গিয়াস উদ্দিন।
আরও পড়ুন: পরিস্থিতি স্বাভাবিক না হলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ সভাপতির
সভায় তৃতীয় টার্মিনাল চালুকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথে কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন পরিচালনা এবং চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণে এসব বিষয়ে উন্মুক্ত মতবিনিময় এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুকরণ বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। আজ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে একটি ফলপ্রসূ সভা অনুষ্ঠিত হয়েছে। টার্মিনালটি চালুর ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্ধারিত সময়ে টার্মিনাল-৩-এর কার্যক্রম শুরু নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আপনাদের সবার দীর্ঘদিনের নিরলস কর্মপ্রচেষ্টার ফলেই আজ আমরা টার্মিনালটি চালুর পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছি।
মন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন (Arrival) ও দুটি বহির্গমন (Departure) ফ্লাইট পরিচালনার মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, সব অংশীজনের সমন্বিত প্রচেষ্টা, আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল চালুকরণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
আরও পড়ুন: ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিবসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন