০৪:২১ পি.এম
মেটলাইফ ফাউন্ডেশন, ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ)-এর সহযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য দুটি বাংলা ব্রেইল বই প্রকাশ করেছে, যা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
২০০৫ সালে প্রতিষ্ঠিত ডিসিএফ প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি পড়ার উপকরণকে আরও সহজলভ্য করার জন্য একটি ব্রেইল প্রিন্টিং প্রেস পরিচালনা করে।
দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য ব্রেইল বইয়ের সহজলভ্যতা তাদের স্বাধীনভাবে পড়া, শেখা এবং সাহিত্য অন্বেষণের সুযোগ তৈরি করতে পারে। সহজে ব্যবহারযোগ্য পাঠ্যসামগ্রীর পরিধি বৃদ্ধি পেলে তা সাক্ষরতা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের বরেণ্য লেখকদের সৃষ্টিসহ বাংলাদেশের সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যের সঙ্গে আরও বেশি শিশুকে পরিচিত হওয়ার সুযোগ করে দেবে।
আরও পড়ুন: বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়ে ভোগান্তিতে ব্যবহারকারীরা
প্রকাশিত বই দুটি হলো ‘নির্বাচিত রূপকথা’ এবং ‘কাজী নজরুল ইসলামের কবিতা’। বইগুলো বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরি, স্কুল ও প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। এর ফলে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা মানসম্মত পাঠ্যসামগ্রী পড়ার পাশাপাশি দেশের খ্যাতিমান সাহিত্যিকদের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম উপভোগ করার সুযোগ পাবে।
এই অংশীদারিত্বের আওতায় মেটলাইফ ফাউন্ডেশন দৃষ্টি প্রতিবন্ধী তরুণদের জন্য একটি দক্ষতা উন্নয়ন কর্মসূচিতেও সহায়তা করছে। এর উদ্দেশ্য হলো তাদের এমন প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা, যা ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভূমিকা রাখতে পারে।
ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাসরিন জাহান মন্তব্য করেন, “প্রতিটি শিশুরই পড়া ও শেখার আনন্দ উপভোগ করার সুযোগ থাকা উচিত। মেটলাইফ ফাউন্ডেশনের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা ব্রেইল বইয়ের সহজলভ্যতা বাড়াচ্ছি এবং দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের বাংলাদেশের সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যের সঙ্গে আরও স্বাধীনভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করছি।”
এ উদ্যোগ সম্পর্কে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ সবার জন্য সহজলভ্য হওয়া উচিত। ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের সঙ্গে মেটলাইফ ফাউন্ডেশনের এই অংশীদারিত্ব দৃষ্টি প্রতিবন্ধী শিশু ও তরুণদের পাঠ্যসামগ্রী ব্যবহারের সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং আরও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের স্বপ্ন ও লক্ষ্য অনুসরণে সহায়তা করবে।
আরও পড়ুন: ১২ নভেম্বর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন