০৪:১৭ পি.এম
দেশের ব্যাংক খাতের আর্থিক সংকট আরও গভীর হয়েছে। বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ এখন খেলাপি হয়ে পড়েছে। জুন মাস পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ৩২ দশমিক ৭৮ শতাংশে পৌঁছেছে। গবেষকদের মতে, এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ ঋণ আদায়ের সম্ভাবনা অত্যন্ত কম। অন্যদিকে, খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে বড় ঘাটতি দেখা দিয়েছে। ২০২৫ সালের শেষে ব্যাংক খাতের মূলধন সংরক্ষণ অনুপাত ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে নেমে গেছে। ফলে খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি—দুই দিক থেকেই দেশের ব্যাংক খাত চাপের মধ্যে রয়েছে।
নলেজ হাব ইনস্টিটিউটের ‘ব্যাংকিং খাত মূল্যায়ন ও নীতি পর্যালোচনা : জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটি উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যাসোসিয়েট নূর ইয়ানা জান্নাত। অনুষ্ঠানে নলেজ হাবের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ৩২ দশমিক ৭৮ শতাংশে পৌঁছেছে। ব্যাংকগুলোর প্রয়োজনীয় প্রভিশনের তুলনায় ঘাটতি প্রায় ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা। এছাড়া ৮৪৫টি মামলায় আদালতের স্থগিতাদেশের কারণে আটকে রয়েছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা।
আরও পড়ুন: পরিস্থিতি স্বাভাবিক না হলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ সভাপতির
অনুষ্ঠানে নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব মন্তব্য করেন, খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ এখন খেলাপি। এর চেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, ব্যাংক খাতের সামগ্রিক মূলধন পরিস্থিতি ঋণাত্মক। অর্থাৎ ঋণ থেকে সৃষ্ট ক্ষতি সামাল দেওয়ার মতো পর্যাপ্ত মূলধন ব্যাংকগুলোর নেই।
তিনি আরও বলেন, খেলাপি ঋণের শ্রেণিবিন্যাস বিশ্লেষণ করলে দেখা যায়, এর বড় অংশ সন্দেহজনক ও মন্দ ঋণের পর্যায়ে রয়েছে। বিশেষ করে মন্দ ঋণের ক্ষেত্রে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। তার মূল্যায়ন অনুযায়ী, খেলাপি ঋণের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ আদায় অনিশ্চিত।
শাহ মো. আহসান হাবিব বলেন, ‘আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো, এই ৩৩ শতাংশ খেলাপি ঋণের মধ্যে ১০ শতাংশেরও কম প্রকৃত ঋণঝুঁকির মধ্যে পড়ে। বাকি বড় অংশের সঙ্গে পরিচালনগত ঝুঁকি, অপারেশনাল অনিয়ম এবং অপরাধের বিষয় জড়িত। এসব অপরাধ মোকাবিলা ব্যাংকের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে ব্যাংকের পাশাপাশি সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে ভূমিকা রাখতে হবে।’
ইচ্ছাকৃত ঋণখেলাপির কারণে ব্যাংক খাতের সংকট আরও জটিল হচ্ছে বলে তিনি মনে করেন। তার মতে, ঋণখেলাপির দায় শেষ পর্যন্ত সাধারণ আমানতকারী, ব্যাংক কর্মকর্তা, ভালো ব্যবসায়ী এবং ভালো ব্যাংকগুলোকেও বহন করতে হচ্ছে।
আরও পড়ুন: আইজেনকটের আরব সংখ্যালঘুদের প্রতি সম্মান দেখানোর আহ্বান
তিনি উল্লেখ করেন, ঋণ বিতরণের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, এমন অনেক ব্যাংক কর্মকর্তা-কর্মচারীকেও অনিয়মের পরিণতি ভোগ করতে হচ্ছে। ভালো ব্যবসায়ীদের বেশি সুদে ঋণ নিতে হচ্ছে। এমনকি ভালো ব্যাংকগুলোও দুর্বল ব্যাংকের সংকটের প্রভাব থেকে মুক্ত থাকতে পারছে না। দেশের অর্থনীতি মূলত ব্যাংকনির্ভর হওয়ায় এই সংকটের প্রভাব পুরো অর্থনীতিতে পড়ছে।
ব্যাংকভেদে খেলাপি ঋণের চিত্র
প্রতিবেদনে ব্যাংকের ধরন অনুযায়ী খেলাপি ঋণের হারে বড় পার্থক্য দেখা গেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার ৪৩ দশমিক ২ শতাংশ। বেসরকারি ব্যাংকে এই হার ৩১ দশমিক ৬ শতাংশ এবং বিদেশি ব্যাংকে ৬ দশমিক ৫ শতাংশ। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলো। এসব ব্যাংকে খেলাপি ঋণের হার ৫৮ দশমিক ৯ শতাংশ।
পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোতে আমানতও কমেছে ১ দশমিক ৭ শতাংশ। এসব ব্যাংকের ঋণ-আমানত অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ১২৭ দশমিক ৭ শতাংশে। অর্থাৎ আমানতের তুলনায় ঋণের পরিমাণ অনেক বেশি।
আরও পড়ুন: ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী
আমানত বাড়লেও কমছে ঋণপ্রবাহ
ব্যাংক খাতে আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণপ্রবাহের গতি কমছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৯৬ শতাংশ। একই সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। সেপ্টেম্বরে তা আরও কমে ৪ দশমিক ০৯ শতাংশে নেমে আসে।
এদিকে গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। ওই মাসে নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখে বাংলাদেশ ব্যাংক। গত ৩০ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার। জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২৮ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে ব্যাংকগুলোর প্রয়োজনের অতিরিক্ত তারল্য সম্পদের পরিমাণ ছিল ৪ লাখ ৪১ হাজার ৯৫৪ কোটি টাকা। তবে সামগ্রিক ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য থাকলেও দুর্বল ব্যাংকগুলোর তারল্যসংকট এতে আড়াল হয়ে যেতে পারে।
আরও পড়ুন: তৃতীয় টার্মিনাল চালুকরণে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে প্রস্তুতি সম্পন্ন করতে হবে: বিমানমন্ত্রী
ঋণপ্রাপ্তিতে পিছিয়ে এসএমই ও নারী উদ্যোক্তারা
আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও ব্যাংক খাতে বড় ঘাটতি রয়েছে। গত মার্চে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) খাতে বিতরণ করা ঋণের অংশ ছিল মোট ঋণের ১৫ দশমিক ৮৭ শতাংশ। অথচ লক্ষ্যমাত্রা ছিল ২৫ দশমিক ৫০ শতাংশ। নারী উদ্যোক্তাদের ঋণের অংশ ছিল ৭ দশমিক ২৮ শতাংশ, যেখানে লক্ষ্যমাত্রা ১৫ শতাংশ।
তাংগ্রামীণ আমানতের অংশ ১৬ দশমিক ২৫ শশ হলেও গ্রামীণ খাতে ঋণের অংশ মাত্র ৭ দশমিক ৪২ শতাংশ। অন্যদিকে, গত আগস্টে কৃষি ও গ্রামীণ ঋণের ৩৪ দশমিক ৪৮ শতাংশ বকেয়া ছিল।
সংকট মোকাবেলায় তিন মাসের কর্মপরিকল্পনা
আরও পড়ুন: মালিকপক্ষ ১৬ নভেম্বর ন্যূনতম মজুরির প্রস্তাব দেবে: বিজিএমইএ
ব্যাংক খাতের সংকট মোকাবেলায় কয়েকটি স্বল্পমেয়াদি সুপারিশ করেছে নলেজ হাব। এর মধ্যে রয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে স্বাধীনভাবে ঋণ পর্যালোচনা করা। পাশাপাশি আগামী বছরের মার্চের মধ্যে ব্যাংকভিত্তিক মূলধন পুনরুদ্ধার অথবা রেজল্যুশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।
এ ছাড়া ব্যাংকগুলোর নগদ অর্থ আদায়, মূলধন পরিস্থিতি ও গ্রাহকসেবার তথ্য নিয়মিত প্রকাশের সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬, আমানত সুরক্ষা আইন ২০২৬ এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ঘোষিত ৩৫ হাজার কোটি টাকার মূলধন কাঠামোর বিষয়টিও তুলে ধরা হয়েছে। তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: দাউদকান্দি নৌবন্দর দক্ষিণ পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন দ্বার: খন্দকার মারুফ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন