০৪:১৫ পি.এম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন মন্তব্য করেছেন যে, দাউদকান্দি নৌবন্দর দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে। এই বন্দর নির্মাণের ফলে কৃষি, বাণিজ্য, শিল্প-কারখানা, পরিবহণ, কর্মসংস্থান, যোগাযোগ ক্ষেত্রে এবং জাতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে দাউদকান্দিতে নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণ কাজ শুরুর লক্ষ্যে বিআইডব্লিউটিএর উচ্চ পর্যায়ের টিম প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি সমবেত নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণির জনগণের উদ্দেশে এসব কথা বলেন।
খন্দকার মারুফ উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সরকার দেশের উন্নয়নে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। দাউদকান্দি নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণ বর্তমান সরকারের উন্নয়নের একটি বিশাল মাইলফলক। তিনি বলেন, স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর দেশ গড়ার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: পরিস্থিতি স্বাভাবিক না হলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ সভাপতির
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়ে উঠবে। দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অপরিসীম। তিনি দলমত নির্বিশেষে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান, পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষ ভুলে একসঙ্গে কাজ করার জন্য।
দাউদকান্দিতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। এ সময় দাউদকান্দির ইউএনও মো. জাকির হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএর প্রতিনিধি দল দাউদকান্দিতে আধুনিক নৌবন্দর ও গোমতী নদীর তীরবর্তী এলাকায় দৃষ্টিনন্দন ইকোপার্ক নির্মাণের জন্য প্রকল্প এলাকা সরেজমিনে চূড়ান্ত পরিদর্শন করেন। নদীর নাব্যতা, তীরবর্তী এলাকার অবকাঠামোগত সুবিধা ও যোগাযোগ ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন।
ড. খন্দকার মারুফ সমবেত জনতার উদ্দেশে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের রেখে যাওয়া ধ্বংসাবশেষে দাঁড়িয়ে তারেক রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছেন। তার ডায়নামিক নেতৃত্বে আগামী দিনে এই দেশটি হবে বিশ্ব মানচিত্রে উন্নয়নের রোল মডেল।
আরও পড়ুন: আইজেনকটের আরব সংখ্যালঘুদের প্রতি সম্মান দেখানোর আহ্বান
তিনি বলেন, প্রধানমন্ত্রী গত ৯ মাসে দেশ ও জনগণের কল্যাণে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং সিদ্ধান্ত গ্রহণ করে আপামর জনগণের ভালবাসা অর্জন করেছেন। এটি আজ প্রমাণিত যে, বাংলাদেশের উন্নয়ন ও সুস্থধারার উন্নয়ন রাজনীতিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই।
খন্দকার মারুফ বলেন, দাউদকান্দি নৌবন্দর প্রতিষ্ঠিত হলে নৌ যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, পণ্য পরিবহণ ও অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের অবারিত সুযোগ সৃষ্টি হবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণের ফলে কুমিল্লা, মুন্সিগঞ্জ, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার জনগণের বিনোদন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাস্তবায়নাধীন দাউদকান্দি নৌবন্দর ও ইকোপার্ক প্রকল্প স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম, সদস্য (পরিঃ পরিঃ) মো. সাজেদুর রহমান, বন্দর ও পরিবহণ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম, পরিকল্পনা বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন চৌধুরী, নৌ-সংরক্ষণ ও (পরিচালন) বিভাগের পরিচালক মো. শাহাজাহান, প্রধান প্রকৌশলী (পুর) মো. সাইদুর রহমান, মেঘনা নদী বন্দরের উপ-পরিচালক মো. নূর হোসেন, দাউদকান্দির স্থানীয় বিএনপি নেতা নূর মোহাম্মদ সেলিম সরকার, পিটার চৌধুরী, কাউসার আলম সরকার, কামাল হোসেন, ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, শরীফ চৌধুরী ও মো. রোমান খন্দকার প্রমুখ।
উল্লেখ্য, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ডি.ও লেটারের পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএ দাউদকান্দিতে 'আধুনিক নৌবন্দর ও গোমতী নদীর তীরে দৃষ্টিনন্দন ইকোপার্ক' নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
আরও পড়ুন: ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন