ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

৭ বছর পর জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম ‘বোকা’ মুক্তি পেল


৭ বছর পর জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম ‘বোকা’ মুক্তি পেল

দীর্ঘ সাত বছর পর সংগীতশিল্পী ও গীতিকার জয় শাহরিয়ারের পঞ্চম একক স্টুডিও অ্যালবাম ‘বোকা’ প্রকাশিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর ই এম কে সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন করেন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, বাংলা রকের কিংবদন্তি শিল্পী হামিন আহমেদ এবং জয় শাহরিয়ারের মা শাহরিয়া আখতার বুলু।

এই অ্যালবামটি মোট ৮টি গান নিয়ে সাজানো হয়েছে। জয় শাহরিয়ার নিজেই সব গানে কণ্ঠ দিয়েছেন এবং কথা ও সুর রচনা করেছেন।

আরও পড়ুন: পাকিস্তানের চলচ্চিত্রবাজারে ঢালিউডের সম্ভাবনা নিয়ে আশাবাদী শাকিব খান

আধুনিক শ্রোতাদের কথা মাথায় রেখে গানগুলো স্পটিফাই, আইটিউন্স, অ্যামাজন, ডিজার ও স্বাধীন-এর মতো বিশ্বজোড়া ডিজিটাল প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়েছে। তবে ডিজিটাল মুক্তির পাশাপাশি বর্তমান প্রজন্মকে ফিজিক্যাল অ্যালবামের স্বাদ দিতে সিডি, ক্যাসেট এবং একটি আকর্ষণীয় বুকলেটও প্রকাশ করা হয়েছে।

নতুন অ্যালবাম নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জয় শাহরিয়ার বলেন, ‘সাত বছর পর আমার নতুন অ্যালবাম এলো। প্রথম অ্যালবামের মতোই দারুণ উচ্ছ্বসিত আমি। নিজের মতো করে গানগুলো করেছি, আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

সিডি-ক্যাসেট প্রকাশের ভাবনা নিয়ে এই শিল্পী আরও যোগ করেন, ‘এই ডিজিটাল যুগে সিডি-ক্যাসেটসহ এই অ্যালবাম নতুন প্রজন্মকে ফিজিক্যাল অ্যালবামের সঙ্গে পরিচিত করবে বলেই আমার বিশ্বাস। বিশ্বের নানা দেশে গত কয়েক বছরে সিডি ও ভিনাইলের প্রসার আবারও বেড়েছে। আমি নিশ্চিত, আমাদের দেশেও এই সংস্কৃতি আবার ঘুরে দাঁড়াবে।’

‘আজব রেকর্ডস’-এর ব্যানারে প্রকাশিত এই অ্যালবামটির সার্বিক সহযোগিতায় ছিল ‘আজব কারখানা’ এবং টিশার্ট পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ‘এন স্টোরিজ’।

আরও পড়ুন: পাকিস্তানের সিনেমা বাজার নিয়ে শাকিবের ভুল তথ্যের সমালোচনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার জন্য গঠিত কমিটির সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে তেজগাঁওয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী এবং সরকারের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচির পরিচালনার জন্য গঠিত কমিটির কার্যক্রম, বাস্তবায়িত উদ্যোগ এবং সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইজেনকটের আরব সংখ্যালঘুদের প্রতি সম্মান দেখানোর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


আইজেনকটের আরব সংখ্যালঘুদের প্রতি সম্মান দেখানোর আহ্বান

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য ডানপন্থী নেতারা হামাসের সঙ্গে সম্পর্কিত থাকার অভিযোগ তুলে দেশটির আরব আইনপ্রণেতাদের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। এই প্রেক্ষাপটে শুক্রবার ইসরাইলের আরব সংখ্যালঘুদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী গাদি আইজেনকট।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত মাসের নির্বাচনে আরব সংখ্যাগরিষ্ঠ দু’টি দল রা’আম ও জয়েন্ট লিস্ট সম্মিলিতভাবে ১৯টি আসন অর্জন করেছে। ১২০ আসনের পার্লামেন্টে প্রায় এক-ষষ্ঠাংশ আসন নিয়ে দল দুটি সরকার গঠনের প্রচেষ্টায় আইজেনকটের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে আইজেনকট উল্লেখ করেন, ‘ইসরাইলের আরব নাগরিকরা দেশটির ইতিহাস ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।’

তিনি আরও বলেন, ‘তাদের প্রান্তিক করে রাখা এবং সামগ্রিকভাবে হেয় করার চেষ্টা নাগরিক দায়িত্ববোধের নীতির গুরুতর লঙ্ঘন। এটি ইসরাইলের স্বাধীনতার ঘোষণাপত্র এবং একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যেসব মূল্যবোধ নিয়ে আমরা গর্ব করি, সেগুলোর অবমাননা।’

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার পর আরব দলগুলোর নেতারা হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন, এমন অভিযোগে নেতানিয়াহু ও তার মিত্ররা বারবার সমালোচনা করেছেন।

তবে আরব দলগুলোর সব নেতাই ওই হামলার নিন্দা জানিয়েছেন। হামলায় ইসরাইলি আরবরাও নিহত হন। তারা হলেন ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় সেখানে থেকে যাওয়া ফিলিস্তিনিদের বংশধর। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার ২০ শতাংশেরও বেশি তারা।

নেতানিয়াহু বারবার আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন। তবে নির্বাচনী কর্তৃপক্ষ এসব অভিযোগ নাকচ করেছে।

এ সপ্তাহে নতুন পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু আক্ষেপ করে বলেন, আরব দলগুলোর এই দুটি জোট ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। যদিও রা’আমের নেতা মানসুর আব্বাস অতীতে ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

নেতানিয়াহু আরও দাবি করেন, দল দুটি হয় একটি ‘ইসলামি রাষ্ট্র’ অথবা একটি ‘জাতীয়তাবাদী ফিলিস্তিনি রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতে চায়।

একই অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আনুগত্যের শপথ নেওয়ার সময় জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিনকে উদ্দেশ্য করে অভিযোগ করেন, জাবারিন ‘হামাসের প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন।’

আইজেনকট বলেন, ‘আরব দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতভেদ থাকা সম্পূর্ণ বৈধ। তাদের কারও কারও কর্মকাণ্ডের তীব্র বিরোধিতাও করা যেতে পারে। কিন্তু একটি গোটা জনগোষ্ঠীকে হেয় করা বৈধ বা গ্রহণযোগ্য নয়। আমি তা হতে দেব না।’

রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার পরামর্শ অনুষ্ঠিত হয়। ওই পরামর্শে আরব দল দু’টিসহ অধিকাংশ রাজনৈতিক দল আইজেনকটকে প্রধানমন্ত্রী করার পক্ষে মত দেয়।

তবে আইজেনকটের ডানপন্থী মিত্রদের একজন আভিগদর লিবারম্যান জানান, ইসরাইলি আরবরা সরকারে অংশ নিলে তিনি জোট থেকে সরে দাঁড়াবেন।

২৮ দিনের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে আইজেনকট আরও ১৪ দিন সময় চেয়ে নিতে পারবেন। এরপরও ব্যর্থ হলে সরকার গঠনের দায়িত্ব অন্য কোনো আইনপ্রণেতার হাতে যাবে। সে ক্ষেত্রে সবচেয়ে সম্ভাব্য ব্যক্তি হলেন নেতানিয়াহু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শর্ত না মানলে আইএইএকে পরমাণু স্থাপনায় প্রবেশের অনুমতি দেবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


শর্ত না মানলে আইএইএকে পরমাণু স্থাপনায় প্রবেশের অনুমতি দেবে না ইরান

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে সংস্থাটি উল্লেখ করেছে যে, এসব স্থাপনায় যথাযথ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর নয়। এদিকে, ইরান জানিয়েছে যে, শর্ত না মানলে তারা আইএইএকে তাদের পরমাণু স্থাপনায় প্রবেশের অনুমতি দেবে না। খবরটি এসেছে আলজাজিরা থেকে।

গত বছরের সেপ্টেম্বর মাসে আইএইএর পরিদর্শকেরা সর্বশেষ ইরান সফর করেন। সেই সময় তারা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন। তবে বাস্তবে, এই কেন্দ্রটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহৃত কোনো স্থাপনা নয়। এর ফলে, বুশেহর নিয়ে সরাসরি কোনো উদ্বেগ নেই।

আইএইএর মূল উদ্বেগের বিষয় হলো নাতাঞ্জ, ফোরদো এবং ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলো। যুদ্ধ শুরুর পর থেকে ইরান এসব স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি বন্ধ করে রেখেছে।

এ পরিস্থিতিতে, আইএইএ বলছে যে, এসব স্থাপনায় কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম চলছে কি না, তা যাচাই করার জন্য জরুরি ভিত্তিতে পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে হবে।

অন্যদিকে, ইরানের বক্তব্য হলো, দেশটি বর্তমানে যুদ্ধাবস্থায় রয়েছে এবং প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছে। তাই বিষয়টি যথাযথভাবে সমাধান করা প্রয়োজন।

ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত, বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএর পরিদর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিস্থিতি স্বাভাবিক না হলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ সভাপতির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


পরিস্থিতি স্বাভাবিক না হলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ সভাপতির

গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার কারখানা ১৫ নভেম্বর থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

শনিবার (১৪ নভেম্বর) চলমান শ্রম অসন্তোষ এবং মজুরি বৃদ্ধির বিষয় নিয়ে জরুরি বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

বিজিএমইএ সভাপতি উল্লেখ করেন, তৈরি পোশাক খাতে কিছু মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে শিল্পাঞ্চলগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা রফতানি আয়কে ক্ষতিগ্রস্ত করছে।

মাহমুদ হাসান খান আরও বলেন, কারখানার ভেতরে ভীতিকর অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যার কারণে কর্মীরা হাজিরা দিয়ে বের হয়ে যাচ্ছে। কিছু কর্মীকে কারখানায় ভাঙচুর করতে বাধ্য করা হচ্ছে। বর্তমানে ১৪৭টি কারখানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, একটি বিশেষ মহলের কারণে মজুরি বোর্ড স্বাভাবিক কার্যক্রম চালাতে অক্ষম। যদি এই মুহূর্ত থেকে পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে মালিক পক্ষের আলোচনা মজুরি বোর্ডে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে শ্রম আইন অনুযায়ী ১৫ নভেম্বর থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকায় কারখানা বন্ধ রাখার বিষয়ে শিল্পমালিকরা ঐক্যমতে পৌঁছেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%