০৯:৩৯ এম
রাজনীতিতে প্রবেশ শুরু হয় ১৯৪৫ সালে ছাত্র ফেডারেশনের মাধ্যমে। পরবর্তীতে ছাত্র ইউনিয়ন এবং ন্যাপের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দল গঠনের প্রাথমিক পর্যায়ে ‘জাগদল’ গঠন করেন, তখন তিনি এতে যোগদান করেন। পরে বিএনপি প্রতিষ্ঠা লাভ করলে, তিনি এর প্রতিষ্ঠাকালীন সদস্য হন এবং শুরু থেকেই দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জমির উদ্দিন সরকার দুই দফায় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তেঁতুলিয়ার নয়াবাড়িতে জন্মগ্রহণ করা প্রবীণ এই রাজনীতিক আজ রবিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক এবং আইন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে নতুন কুঁড়ির ভার্চুয়াল উদ্বোধনে অংশ নিলেন নূরুল ইসলাম এমপি
জমির উদ্দিন সরকারের জন্ম ১৯৩১ সালের ১ ডিসেম্বর, তৎকালীন ব্রিটিশ ভারতের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে। তার বাবা মৌলভী মুহম্মদ আজিজ বক্স এবং মা বেগম ফখরুন্নেছা।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৬১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে তিনি আইন পেশায় যুক্ত হন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনে একজন প্রখ্যাত বিশেষজ্ঞ হিসেবে সুনাম অর্জন করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং স্পিকার হিসেবে ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদে স্পিকার হিসেবে তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করার পর, সংবিধান অনুযায়ী তিনি ২১ জুন ২০০২ থেকে ৬ সেপ্টেম্বর ২০০২ পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রাজনৈতিক জীবনে তিনি মোট পাঁচবার (১৯৭৯, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৯ সালে) জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি পঞ্চগড়-১, ঢাকা-৯, বগুড়া-৬ ও দিনাজপুর-১ আসন থেকে জনসাধারণের প্রতিনিধিত্ব করেছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আবদুস সাত্তার এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন মেয়াদে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে নিষ্ঠার সাথে কাজ করেছেন।
আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন
ব্যক্তিগত জীবনে, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এক কন্যা (নিলুফার জমির) এবং দুই পুত্র (নওশাদ জমির এবং নওফল জমির) এর বাবা। তার স্ত্রী নূর আখতার। তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমিও বিএনপির রাজনীতির সাথে নিবিড়ভাবে যুক্ত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন