০৭:১০ পি.এম
কয়েক মাস আগে প্লেব্যাক গাওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিং। তবে এবার তার সেই সিদ্ধান্ত বদলেছে এবং তিনি আবারও বলিউডের সিনেমায় কণ্ঠ দিচ্ছেন। তার নতুন গান শোনা যাবে ‘আওয়ারাপন ২’ সিনেমায়।
ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির প্রথম গান ‘ইয়ে আওয়ারাপন’-এ কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। গানটির সুর দিয়েছেন আমাল মালিক এবং এর কথা লিখেছেন রশ্মি-বিরাগ। এটি আগামী ২১ জুলাই বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিনেমাটির সৃজনশীল পরিচালক বিশেষ ভাট চেয়েছিলেন যে, প্রথম গানেই যেন ছবির মূল আবেগ ফুটে ওঠে। ইমরান হাশমি অভিনীত চরিত্র ‘শিবাম পাণ্ডিত’-এর অনুভূতি প্রকাশ করতে তিনি অরিজিৎ সিং-এর কণ্ঠকেই সবচেয়ে উপযুক্ত মনে করেছেন।
আরও পড়ুন: প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ
অরিজিৎ সিং এবং বিশেষ ফিল্মসের একসঙ্গে কাজের ইতিহাসও বেশ পুরনো। তাদের প্রথম কাজ ছিল ‘মার্ডার ২’-এর ‘ফির মাহাব্বাত’ গান। এরপর তারা ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’, ‘সিটিলাইটস’-এর ‘মুস্কুরানে’, ‘খামোশিয়ান’, ‘হামারি আধুরি কাহানি’ এবং ‘জালেবি’ সিনেমার ‘পাল’-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
‘আওয়ারাপন ২’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। তাঁর পাশাপাশি রয়েছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুরেন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমার। ছবিটি পরিচালনা করেছেন নীতিন কক্কর এবং প্রযোজনা করছেন বিশেষ ভাট। আগামী ১৪ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে অরিজিৎ সিং জানিয়েছিলেন যে, তিনি আর নতুন কোনো প্লেব্যাক গানে কণ্ঠ দেবেন না। তবে সেই ঘোষণার কয়েক মাসের মধ্যেই নতুন সিনেমার গান দিয়ে তিনি আবারও ফিরছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন