০৭:৩৫ পি.এম
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্তৃপক্ষ জানিয়েছে যে, অটোরিকশার ভাড়া বৃদ্ধি অথবা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি। বৃহস্পতিবার রাসিকের প্রকাশিত এক গণব বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি রাজশাহী মহানগরীতে চলাচলকারী কিছু অটোরিকশা চালকের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ প্রেক্ষাপটে রাসিক কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, অটোরিকশার ভাড়া বৃদ্ধি বা নতুন ভাড়া নির্ধারণ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত সিটি কর্পোরেশন গ্রহণ করেনি।
নগরবাসীকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি অটোরিকশা চালকদেরও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সাবরাং ইউনিয়নে শোডাউন দিয়ে প্রচারণায় বিএনপির প্রার্থীরা
ভাড়া সংক্রান্ত বিষয়টি তদারকির জন্য বৃহস্পতিবার মাঠে নামে রাসিকের রাজস্ব বিভাগ। নগরীর বর্ণালী মোড়, লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাসিকের কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা সবাইকে অবহিত করেন, রাজশাহী সিটি কর্পোরেশন অটোরিকশার কোনো ভাড়া বৃদ্ধি করেনি এবং এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন এবং উপ-যানবাহন শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন