০৯:৪৮ পি.এম
প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে কিছু পরিমাণ রেষারেষি তো থাকে। কিন্তু ভারত-পাকিস্তানের মতো উত্তেজনাকর প্রতিবেশী পৃথিবীতে খুব বেশি নেই। ১৯৪৭ সালে এক্ষেত্রে একদিন আগে-পরে স্বাধীন হওয়ার পর থেকেই ভারত-পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক বিস্তর অবিশ্বাস, আস্থাহীনতা, এবং উত্তেজনায় ভরা। দেশ দুটি একাধিকবার যুদ্ধেও জড়িয়ে পড়েছে। সীমান্তে টুকটাক সমস্যা লেগেই থাকে। তবে গতবছর পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে উঠেছে। এবার জাতিসংঘে পাল্টাপাল্টি অভিযোগে সেই উত্তেজনা নতুন মাত্রা পেল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের সভায় পাকিস্তান ও ওআইসি জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ উত্থাপন করে ভারতের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছে। তাতে ভারত তাদের জবাব দিয়েছে তীব্র ভাষায়। জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব অনুপমা সিং পাকিস্তানকে ‘ফ্রাংকেনস্টাইন রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ৬২তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। সেখানেই পাকিস্তান-ভারতের পাল্টা পাল্টি কথার লড়াই পরিলক্ষিত হয়েছে। বুধবার জাতিসংঘের সভায় জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে অনুপমা সিং বলেন, ‘পাকিস্তান বছরের পর বছর ধরে জঙ্গি সংগঠনগুলোকে আশ্রয় দিয়েছে। প্রশিক্ষণ ও মদদও দিয়েছে। এই শক্তিগুলোই এখন পাকিস্তানের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।’ পাকিস্তানকে ‘ফ্রাংকেনস্টাইন রাষ্ট্র’ অভিহিত করে অনুপমা সিং বলেন, ‘নিজের তৈরি দানব যখন ফিরে এসে কামড়ায়, তখন অবাক হওয়ার কিছু নেই।’ অনুপমা সিং পাকিস্তানের পরিস্থিতিকে একটি অদ্ভুত প্যারাডক্স হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এটি এমন একটি দেশ যেখানে খোদ প্রতিরক্ষামন্ত্রী নিজেই রাষ্ট্রীয় নীতি হিসেবে সন্ত্রাসবাদীদের আশ্রয়, প্রশিক্ষণ এবং তাদের মোতায়েনের কথা স্বীকার করেন। অথচ আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে সেই পাকিস্তানই আবার নিজেকে সন্ত্রাসবাদের শিকার বলে দাবি করে।’ পাকিস্তানের অভ্যন্তরীণ নানা সমস্যার কথা তুলে ধরে অনুপমা সিং বলেন, ‘রাওয়ালকোটে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং মতপ্রকাশের স্বাধীনতা দমিয়ে রাখার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।’ তাঁর অভিযোগ, আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকারের কথা বলার সময় পাকিস্তান নিজের দেশের সমস্যাগুলো নিয়ে নীরব থাকে। ভারতের দাবি অনুযায়ী, সন্ত্রাসবাদকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করার নীতির কারণে পাকিস্তান আজ অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সংকটের মুখে। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রেও পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনুপমা। জম্মু-কাশ্মীরের প্রসঙ্গে পাকিস্তানের অভিযোগের জবাবে অনুপমা সিং বলেন, ‘জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন