০৮:৫৫ এম
বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড সহ নরওয়ে জাতীয় ফুটবল দলের সদস্যরা। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে দেশের ফুটবল ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখেছে এই স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।
জাতীয় দলকে স্বাগত জানাতে রাজধানী অসলোর রাস্তায় লাখো সমর্থক নেমে আসেন। বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন সড়কজুড়ে উৎসবের আমেজ ছিল।
দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দেশে ফেরার পথে নরওয়ের বিমানবাহিনীর যুদ্ধবিমান জাতীয় দলের বিমানকে এসকর্ট করে অসলো পর্যন্ত নিয়ে আসে। বিমানবন্দরে খেলোয়াড়দের স্বাগত জানান রাজপরিবারের সদস্যরা এবং হাজারো সমর্থক।
আরও পড়ুন: টাকার লোভে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু সদস্য : মির্জা আব্বাস
বিমান থেকে নামার সময় আর্লিং হালান্ডের হাতে একটি খালি বোতল ধরে থাকা একটি স্টাফ করা র্যাকুন দেখা যায়। তার এই ব্যতিক্রমী উপস্থিতি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করে।
অসলোর সংবর্ধনা অনুষ্ঠানে নরওয়ের রাজপরিবারের সদস্যরাও অংশ নেন। বিশ্বকাপজুড়ে আলোচিত ‘ভাইকিং রো’ উদযাপনে সমর্থকদের সঙ্গে যোগ দেন যুবরাজ হাকোন। ঢোল বাজিয়ে তিনি এই উদযাপনের নেতৃত্ব দেন। বিশ্বকাপে জয় পাওয়ার পর হালান্ড ও মার্টিন ওডেগার্ড যেভাবে উদযাপন করেছিলেন, সেই একই দৃশ্য আবারও রাজধানীর অনুষ্ঠানে দেখা যায়।
এছাড়া খোলা ছাদের বাসে শহরজুড়ে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। সেখানে খেলোয়াড়রা সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন এবং সমর্থকরাও করতালি ও উল্লাসে অভিনন্দন জানান দলের ঐতিহাসিক সাফল্যের জন্য।
নরওয়ের স্বপ্নযাত্রার ইতি ঘটে মায়ামিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে। ইংল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় হালান্ডরা। সেই জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড।
আরও পড়ুন: এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন