১২:৪৭ পি.এম
মাদারীপুরের কালকিনি উপজেলার একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল ভূরঘাটায় নবনির্মিত পৌর বাস টার্মিনালের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন ভূরঘাটা পৌর বাস টার্মিনাল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে ভূরঘাটা এতদিন কোনো নির্ধারিত বাস টার্মিনাল ছিল না। এর ফলে মহাসড়কের ওপর বাস দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করাতে হতো। এতে প্রায়ই তীব্র যানজট সৃষ্টি হতো এবং জনদুর্ভোগ বেড়ে যেত। দীর্ঘ অপেক্ষার পর পৌর প্রশাসনের উদ্যোগে ও তত্ত্বাবধানের মাধ্যমে নির্মিত এই বাস টার্মিনাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
আরও পড়ুন: নীলফামারীতে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালিত: অতীতের সকল মানবতাবিরোধী হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচারের দাবি
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন ফিতা কেটে টার্মিনালের উদ্বোধন করেন।
এ সময় কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, কালকিনি পৌরসভার প্রকৌশলী রাকিব হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন প্রধান অতিথির হিসাবে বক্তব্য দেন। তিনি বলেন, "এই টার্মিনাল শুধু নির্মাণ করলেই হবে না, এটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা সবার দায়িত্ব। তারেক রহমান যেভাবে একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনারা এই টার্মিনাল এমনভাবে রক্ষণাবেক্ষণ করবেন, যাতে এটি দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা বাস টার্মিনালে পরিণত হয় এবং সবাই এর প্রশংসা করে।"
স্থানীয়রা জানান, নতুন বাস টার্মিনাল চালু হওয়ায় মহাসড়কে যানজট কমবে, যাত্রীসেবা আরও সহজ হবে এবং ভূরঘাটা এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।
আরও পড়ুন: কেন্দুয়ায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ আটক ৬
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন