১১:২০ এম
কিয়েভ, ইউক্রেনের রাজধানীতে আজ ভোরে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই ঘটনার পূর্বে শহরের কর্তৃপক্ষ সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে উদ্বুদ্ধ করে। এএফপির প্রতিবেদক ঘটনাস্থল থেকে বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি জানিয়েছেন। দীর্ঘস্থায়ী যুদ্ধে রাশিয়া সাম্প্রতিক সময়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার বৃদ্ধির প্রতিক্রিয়ায়, ইউক্রেন গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার ভূখণ্ডের গভীরে ড্রোন হামলা পরিচালনা করে আসছে। খবরটি বার্তা সংস্থা এএফপি-এর। রোববার স্থানীয় সময় রাত ২টার দিকে কিয়েভের সামরিক প্রশাসন টেলিগ্রামে জানায়, ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।’ পাশাপাশি, বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়। মেয়র ভিতালি ক্লিৎসকো পরবর্তীতে রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান। তিনি উল্লেখ করেন, শহরটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মধ্যে রয়েছে। কিছুক্ষণ পর, রাজধানীর ওবোলনস্কি জেলায় একটি অ-আবাসিক ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। মেয়র ক্লিৎসকো ও স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন, কিন্তু এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। অপরদিকে, রাশিয়া জানিয়েছে, তারা রাজধানী মস্কোর দিকে আসা আরও একটি ড্রোনবহরের হামলা প্রতিহত করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অধীনে পরিচালিত ম্যাক্স প্ল্যাটফর্মে একাধিক পোস্টে জানান, রুশ বাহিনী মস্কোর দিকে আসার পথে প্রায় ২৮টি ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেনীয় বাহিনী নিয়মিতভাবে রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে। অন্যদিকে, মস্কো কিয়েভসহ বিভিন্ন শহরে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, এই হামলায় কখনো কখনো উত্তর কোরিয়ার সরবরাহ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহৃত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন