ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

চুয়াডাঙ্গায় মিলল জয় বাংলা লেখা ‘বোমা’


চুয়াডাঙ্গায় মিলল জয় বাংলা লেখা ‘বোমা’

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশে ‘জয় বাংলা’ লেখা একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার হওয়ার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বুধবার (২৪ জুন) বেলা ১০টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি ফটকের পাশে সন্দেহজনক এই বস্তুটি দেখে তাৎক্ষণিকভাবে মৎস্য কমিটির সদস্যদের জানায়। পরে খবর পেয়ে দর্শনা থানা পুলিশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, হঠাৎ করে জনবহুল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রবেশপথে এ ধরনের একটি বস্তু পড়ে থাকতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তার স্বার্থে দ্রুত পুলিশকে খবর দেওয়ার প্রয়োজন অনুভব করেন।

আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ে আজ সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যারা

এ ঘটনার প্রেক্ষিতে কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ বেশকিছু নেতা অভিযোগ করে বলেছেন, উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তুটিতে ‘জয় বাংলা’ লেখা থাকায় তাদের ধারণা, এটি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকদের নাশকতামূলক পরিকল্পনার অংশ হতে পারে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি আরো জানান, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বস্তুটির প্রকৃতি ও এর সঙ্গে কারা জড়িত সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারবালা থেকে কায়রো: ইমাম হোসাইন (রা.)-এর শির মোবারক ঘিরে দীর্ঘ ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


কারবালা থেকে কায়রো: ইমাম হোসাইন (রা.)-এর শির মোবারক ঘিরে দীর্ঘ ইতিহাস

ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহররম। এ মাসের ১০ তারিখকে পবিত্র আশুরা বলা হয়। ৬১ হিজরির ১০ মহররম, শুক্রবার বিকেলে ইরাকের কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে সংঘটিত হয় ইসলামের ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক ঘটনা। সেই দিন এজিদের শাসনামলে কুফার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীর হাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন ইবনে আলী (রা.) এবং তাঁর সঙ্গীরা শাহাদাত বরণ করেন।

কারবালার ঘটনাটির পর ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, ইবনে জিয়াদের বাহিনীর সদস্য শিমর ইবনে জিলজাওশান ইমাম হোসাইন (রা.)-এর পবিত্র দেহ থেকে শির মোবারক বিচ্ছিন্ন করেন। এর পর, আহলে বাইতের নারী ও শিশুদের সঙ্গে শির মোবারক কুফায় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠানো হয়।

পরবর্তীতে ইবনে জিয়াদ ইমাম হোসাইন (রা.)-এর শির মোবারকসহ আহলে বাইতের সদস্যদের দামেস্কে এজিদের দরবারে পাঠান। এরপর আহলে বাইতের নারী ও শিশুদের মদিনা মুনাওয়ারায় পাঠিয়ে দেওয়া হয়। বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে, দামেস্কে সংরক্ষণের পর শির মোবারক পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয়।

প্রখ্যাত ইতিহাসবিদ আল-মাকরিজির বর্ণনা অনুযায়ী, ৫৪৮ হিজরির ৮ জমাদিউস সানিতে ফিলিস্তিনের আসকালান অঞ্চল থেকে ইমাম হোসাইন (রা.)-এর শির মোবারক উত্তোলন করে একটি সুরক্ষিত বাক্সে মিশরের কায়রোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। দুই দিন পর, যখন তা মিশরে পৌঁছায়, তৎকালীন শাসক আমির সাইফ তা গ্রহণ করেন।

শির মোবারক কায়রোতে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে অসংখ্য মানুষ তা দেখার জন্য সমবেত হন। পরে ৫৪৮ হিজরির ১০ জমাদিউস সানিতে কায়রোর ঐতিহাসিক আল-আজহার মসজিদের নিকটবর্তী একটি স্থানে তা পুনরায় সমাহিত করা হয়। সেই স্থানকে কেন্দ্র করে পরবর্তীতে বিখ্যাত সাইয়্যেদিনা হোসাইন মসজিদ নির্মাণ করা হয়, যা বর্তমান সময়ে মিশরের অন্যতম সম্মানিত ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত।

আরেকটি ঐতিহাসিক বর্ণনায় বলা হয়েছে যে, এজিদের নির্দেশে ইমাম হোসাইন (রা.)-এর শির মোবারক গোলাপজল দিয়ে ধৌত করে কাপড়ে আবৃত করা হয়। পরে আসকালান থেকে আগত একদল ব্যক্তি তা দাফনের দায়িত্ব গ্রহণ করেন এবং ফিলিস্তিনের আসকালান অঞ্চলে দাফন করা হয়।

১০৯৬ থেকে ১২৯০ সালের মধ্যে ক্রুসেডারদের মধ্যপ্রাচ্যে আগ্রাসনের সময় আশঙ্কা দেখা দেয় যে, তারা আসকালানে থাকা এই পবিত্র নিদর্শন ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই ফাতেমি শাসকেরা শির মোবারক মিশরে নিয়ে আসেন এবং কায়রোতে আল-আজহার মসজিদের পাশে পুনরায় সমাহিত করেন বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে।

এই স্থান এখন বিশ্বজুড়ে সাইয়্যেদিনা হোসাইন মসজিদ নামে পরিচিত। কারবালার প্রান্তর থেকে কায়রো পর্যন্ত এই দীর্ঘ ইতিহাস মুসলিম ঐতিহ্য, আবেগ ও স্মৃতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে।

তথ্যসূত্র: তাসাউফের শায়খ জাকিউদ্দিন ইবরাহীমের “رأس الإمام الحسين بمشهده بالقاهرة تحقيقا مؤكدا حاسما” এবং মিশরের সাবেক গ্র্যান্ড মুফতি ড. আলী জুমার “البيان القويم” গ্রন্থ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদের অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


জাতীয় সংসদের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেল ৩টা ২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে এটি পুনরায় শুরু হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়ে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ড-ঘানা ম্যাচে ‘কালো জাদু’ নিয়ে নতুন বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


ইংল্যান্ড-ঘানা ম্যাচে ‘কালো জাদু’ নিয়ে নতুন বিতর্ক

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার বহুল আলোচিত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার পর, নতুন করে আলোচনায় এসেছে আফ্রিকান ঐতিহ্যবাহী ‘জুজু’ বা কথিত কালো জাদু। ম্যাচটি চলাকালে মাঠে ইংল্যান্ডের আধিপত্য থাকলেও গোলের দেখা না পাওয়ায়, ম্যাচ ঘিরে তৈরি হয়েছে নানা হাস্যরস ও বিতর্ক।

ম্যাচ চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে থাকা ঘানার সমর্থকদের একটি অংশ একটি সাদা পাউডার ছিটিয়ে নিজেদের দলের সাফল্যের জন্য বিশেষ প্রার্থনা করছেন। অনেকেই এটিকে আফ্রিকান ঐতিহ্যবাহী আধ্যাত্মিক চর্চা ‘জুজু’র অংশ বলে উল্লেখ করেন।

ম্যাচের আগে, ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম দাবি করেছিলেন, তিনি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের ওপর এমন এক অভিশাপ দিয়েছেন, যার ফলে এই ম্যাচে তিনি গোল করতে পারবেন না।

ম্যাচে ইংল্যান্ড একাধিক আক্রমণ চালালেও ঘানার দৃঢ় রক্ষণভাগের সামনে বারবার ব্যর্থ হয়। শেষদিকে নিকো ও’রেইলির একটি শক্তিশালী শট সাইডবারে লেগে ফিরে আসে। তবে, সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে ম্যাচের একেবারে অন্তিম সময়ে। গোলপোস্টের সামনে ফাঁকা সুযোগ পেয়েও হ্যারি কেন বল জালে জড়াতে ব্যর্থ হন। তার শট গোলপোস্টের অনেক ওপর দিয়ে বাইরে চলে গেলে, বিস্মিত হন সমর্থকরা।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম ও রসিকতার বন্যা বয়ে যায়। অনেক সমর্থক মজা করে বলতে থাকেন, ঘানার ওঝার কালো জাদুই ইংল্যান্ডকে গোল করতে দেয়নি।

এদিকে ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় ইংল্যান্ড মিডফিল্ডার ডেক্লান রাইস হাস্যরসের সুরে বলেন, "আমরা শট, হেডার, সেট-পিস সবকিছুই চেষ্টা করেছি। কিন্তু কোনোভাবেই বল জালে পাঠাতে পারিনি। কে জানে, হয়তো আজ ঘানার কালো জাদুই কাজ করছিল!"

তবে ফুটবল বিশ্লেষকদের মতে, ম্যাচের ফলাফলের পেছনে মূল কারণ ছিল ঘানার শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগ এবং ইংল্যান্ডের আক্রমণভাগের ব্যর্থতা। কালো জাদুর গল্পটি মূলত সমর্থকদের রসিকতা ও সামাজিক মাধ্যমের আলোচনাকেই আরও উসকে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা ও পর্তুগালের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের অপেক্ষা ফুটবল বিশ্বের কোটি ভক্তের। ক্লাব ফুটবল থেকে শুরু করে ব্যক্তিগত অর্জনের লড়াইয়ে দুই দশকের বেশি সময় ধরে তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী। কিন্তু বিশ্বকাপে কখনো তারা একে অপরের বিপক্ষে মাঠে নামেননি। ফুটবল বিশ্লেষকরা মনে করেন, ২০২৬ ফিফা বিশ্বকাপে তাদের এই আক্ষেপ ঘুচতে পারে।

নতুন ৪৮ দলের ফরম্যাটে আয়োজিত এবারের বিশ্বকাপে রয়েছে নকআউট পর্বের জটিল সমীকরণ, যার ফলে সৃষ্টি হয়েছে একাধিক সম্ভাবনা। বর্তমানে আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে এবং পর্তুগাল ‘কে’ গ্রুপে রয়েছে। গ্রুপ পর্বের ফলাফল ও পরবর্তী ব্র্যাকেটের বিন্যাসের ওপর নির্ভর করছে দুই দলের সম্ভাব্য সাক্ষাৎ।

আর্জেন্টিনা তাদের প্রথম দুই ম্যাচে জিতে ইতোমধ্যেই ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অস্ট্রিয়ার সংগ্রহ ৩ পয়েন্ট। শেষ ম্যাচে হারলেও হেড-টু-হেড সুবিধার কারণে আলবিসেলেস্তেদের গ্রুপ সেরা হিসেবে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা প্রবল।

অপরদিকে, পর্তুগালের সংগ্রহ ৪ পয়েন্ট। তারা বর্তমানে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। শেষ ম্যাচে কলম্বিয়াকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তাদের সামনে রয়েছে। তবে অন্যান্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে তারা গ্রুপ চ্যাম্পিয়ন, রানারআপ বা সেরা তৃতীয় দল হিসেবেও নকআউটে জায়গা করে নিতে পারে।

বিশ্লেষকদের মতে, যদি আর্জেন্টিনা ও পর্তুগাল উভয় দল নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করে এবং রাউন্ড অব ৩২ ও রাউন্ড অব ১৬ পেরিয়ে যায়, তাহলে তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে। সেক্ষেত্রে ১১ জুলাই কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের অন্যতম প্রতীক্ষিত লড়াই অনুষ্ঠিত হতে পারে।

বিশ্বকাপে প্রথমবার সেরা আটটি তৃতীয় স্থানধারী দল নকআউট পর্বে খেলার সুযোগ পাচ্ছে। যদি আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং পর্তুগাল সেরা তৃতীয় দল হিসাবে নকআউটে চলে আসে, তাহলে রাউন্ড অব ৩২ তে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

যদি পর্তুগাল ভিন্ন অবস্থানে থেকে নকআউটে চলে আসে, তাহলে ব্র্যাকেটের বিন্যাস বদলে যেতে পারে। বিশেষ পরিস্থিতিতে দুই দলের দেখা সেমিফাইনালে হওয়ার সম্ভাবনাও থাকতে পারে।

আবার যদি আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং পর্তুগাল গ্রুপ রানারআপ হয়ে যায়, তাহলে তারা ভিন্ন ব্র্যাকেটে চলে যাবে। সেক্ষেত্রে নকআউট পর্বের শুরুতে তাদের মুখোমুখি হওয়ার সুযোগ থাকবে না। যদি দুই দল সব বাধা অতিক্রম করে, তবে তারা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মেসি ও রোনালদোর দেখা হতে পারে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো শেষ হওয়ার আগে চূড়ান্ত ব্র্যাকেট নিশ্চিত না হলেও বর্তমান সমীকরণে কোয়ার্টার ফাইনালই দুই কিংবদন্তির সম্ভাব্য মুখোমুখি হওয়ার সবচেয়ে বাস্তবসম্মত মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। ফুটবলপ্রেমীদের এখন নজর গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোর দিকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%