বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং
০৭:০৯ এম
দেশের পাটশিল্পকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক বাজারে পাট ও বহুমুখী পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে সরকারের তরফ থেকে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে খেলাফত মজলিসের সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যেই পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং এসব উদ্যোগের বাস্তবায়নে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং কৃত্রিম মোড়কের কারণে উদ্ভূত পরিবেশ দূষণ রোধে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়নে সরকার নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
পাট খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে পাট আইন, ২০১৭, জাতীয় পাটনীতি, ২০১৮ এবং চারকোল নীতি, ২০২২ প্রণয়ন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এছাড়াও, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধিতে রফতানিকারকদের নগদ প্রণোদনা দেয়া হচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার জন্য জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার পিএলসি (জেডিপিসি)-এর মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।
শিল্পের জন্য উন্নতমানের পাট আঁশ উৎপাদন বাড়াতে সরকার 'উন্নত প্রযুক্তিভিত্তিক পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ' প্রকল্প বাস্তবায়ন করছে বলেও জানান খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, পাটপণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে দেশের আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে ‘জুট প্রোডাক্ট কর্নার’ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অধিদপ্তর এবং জেডিপিসি মিলিতভাবে দেশের গুরুত্বপূর্ণ স্থানে পাটপণ্যের মেলার আয়োজন করছে, যাতে দেশি-বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করা সম্ভব হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে চলমান একটি প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাটের তৈরি স্কুলব্যাগ বিতরণের পরিকল্পনাও গৃহীত হয়েছে জানিয়ে রাষ্ট্রায়ত্ত পাটকল সম্পর্কিত বিষয়গুলোতে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে ২০২০ সালে বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলোর পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সালে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) অধীনে ২৫টি পাটকল বন্ধ করে দেয়া হয়। এর মধ্যে ১৪টি পাটকল ইতিমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ইজারা দেয়া হয়েছে। ইজারা দেয়া মিলগুলোর মধ্যে ৯টি ইতিমধ্যে উৎপাদনে ফিরেছে এবং অবশিষ্ট মিলগুলো পর্যায়ক্রমে ইজারা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জয়পুরহাট জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৪০০ শয্যায় উন্নীতকরণের জন্য সরকার প্রশাসনিক অনুমোদন দিয়েছে। একই সঙ্গে বর্ধিত ১৫০ শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালানোর জন্যও অনুমোদন প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে প্রেরিত এক চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সেবা বিভাগের উপ-সচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ কর্তৃক স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতে জয়পুরহাট জেনারেল হাসপাতালকে ২৫০ থেকে ৪০০ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে, যেটির পাশাপাশি বর্ধিত শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার অনুমোদনও প্রদান করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ রয়েছে যে, এই অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে পালন করার শর্ত বিবেচনায় নেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন সামরিক বাহিনী ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। গতকাল বুধবার (১৫ জুলাই) স্থানীয় সময় রাত ১১টার দিকে এই হামলা কার্যকর করা হয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালিত হয়েছে। তাদের দাবি, হামলার লক্ষ্য হলো ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা। একই দিনে দিনের বেলাতেও মার্কিন বাহিনী ইরানে একটি হামলা চালিয়েছিল।
সেন্টকম অধিকৃত তথ্যে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে কুরাকাওয়ের পতাকাবাহী এম/টি বেলমা নামের একটি তেলবাহী ট্যাংকার ইরানের খার্গ দ্বীপের দিকে যেতে চেষ্টা করছিল। একাধিক সতর্কবার্তা উপেক্ষা করায় মার্কিন যুদ্ধবিমান থেকে ট্যাংকারটির চিমনির দিকে হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর ফলে ট্যাংকারটি অচল হয়ে পড়ে।
হামলা পরবর্তী সময়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানাচ্ছে, বন্দর আব্বাস, চাবাহার এবং ইরাক সীমান্তসংলগ্ন আহভাজ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি ক্যানসার বিশেষায়িত হাসপাতালের কাছেই মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।
হামলার ভয়াবহতা সম্পর্কে ইরানের স্বাস্থ্য কর্মকর্তা হোসেন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট দিয়ে জানান, মার্কিন ক্ষেপণাস্ত্রের তীব্র শব্দ ও প্রচণ্ড কম্পনের কারণে আতঙ্কিত হয়ে হাসপাতাল থেকে অনেক রোগী এবং তাদের স্বজনেরা পালিয়ে গেছেন। বর্তমানে হাসপাতালে শুধুমাত্র সবচেয়ে গুরুতর অসুস্থ রোগীরা সেখানে রয়েছেন।
ইরানের সেতুগুলোর ওপর হামলার সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, ‘আমি কোনো সময়সীমা দিতে পছন্দ করি না। তবে তারা পরিস্থিতি সম্পর্কে ভালো করেই জানেন। তাদের ভালো আচরণ করা উচিত।’
চলমান হামলার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সংসদের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক থেকে ইরান যদি কোনো সুফল না পায়, তাহলে সেটি মেনে চলারও কোনো বাধ্যবাধকতা থাকবে না। তিনি বলেন, ইরান কখনো যুদ্ধ চায়নি। তবে জাতীয় স্বার্থ রক্ষার জন্য সশস্ত্র প্রতিরোধের পাশাপাশি কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ারও পথ খোলা থাকবে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দক্ষিণ ইরানে গত কয়েক দিনের মার্কিন হামলায় এখন পর্যন্ত অন্তত ৩০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৬০ জনের বেশি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফাইনালে ওঠার লড়াইয়ে চলমান ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হার মানতে হলো ইংল্যান্ডকে। ১৯৬৬ সালের শেষ বিশ্বকাপে ফাইনালে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছিল থ্রি লায়ন্সরা। এবারও তারা খুব কাছাকাছি গিয়ে স্বপ্নভঙ্গ হতে দেখলেন হ্যারি কেইনরা।
তাই ম্যাচ শেষে দলের ইংলিশ অধিনায়কের মন ছিল বিষণ্ণ। বিবিসি-কে তিনি জানিয়েছেন, "দলের সবার জন্য আমি ভীষণ হতাশ।" তার মতে, সেমিফাইনালে দল হিসেবে সামগ্রিকভাবে ভালো খেললেও শেষ পর্যন্ত তাদের হার নিয়েই মাঠ ছাড়তে হলো। কেইন বলেন, "সেমি ফাইনালে পৌঁছাতে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং দলের সবাই নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে; তারা শেষ শক্তিটুকু দিয়ে দৌড়েছে এবং রক্ত-ঘাম-অশ্রু বিসর্জন দিয়েছে।" এত কিছুর পরও চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে না পারাটা সত্যিই খুব কষ্টকর বলে জানান তিনি।
ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরে, ইংল্যান্ড যেন কেবল সেই লিড ধরে রাখার চেষ্টাই করছিল; কিন্তু কেইন জানান, এই পর্যায়ে এসে কেবল রক্ষণাত্মক মানসিকতা যথেষ্ট নয়। গর্ডনের গোলের পর ব্রায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার জানান, "তুখেল ও তার কোচিং স্টাফের বার্তা ছিল আক্রমণ অব্যাহত রাখার; কিন্তু মনে হচ্ছিল ইংল্যান্ড ক্রমশ রক্ষণাত্মক হয়ে পড়ছিল এবং প্রতিপক্ষকে চাপ তৈরির সুযোগ করে দিচ্ছিল।" যা আর্জেন্টিনা নিজেদের সুবিধায় কাজে লাগিয়েছে।
কেইন বলেন, "গোলের পর প্রতিপক্ষের পায়ে থাকা বল কেড়ে নেওয়া বা চাপ সৃষ্টি করতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। আমার মনে হয়, বিশেষ করে প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা তাদের ওপর ভালোভাবে চাপ সৃষ্টি করেছিলাম।" মাঠের ওপরের দিকে তাদের চেপে ধরার ফলস্বরূপ বল কেড়ে নিয়ে খেলা কিছুটা ভালো নিয়ন্ত্রণে ছিল। কিন্তু গোলের পর হয়তো তারা আক্রমণে বেশি খেলোয়াড় পাঠাচ্ছিল অথবা ইংল্যান্ড তাদের 'ম্যান-টু-ম্যান' মার্কিংয়ে পেরে উঠছিল না। তাদের আক্রমণের ঢেউ আসে পর পর। ছেলেরা অনেক শট বা পাস আটকে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তা কোনওভাবেই যথেষ্ট ছিল না।
ইংলিশ অধিনায়ক বলেন, "ম্যাচের যেকোনো পরিস্থিতির জন্য ছেলেরা সবসময় প্রস্তুত ছিল।" তারা যখন এগিয়ে গেল, তখন বার্তা ছিল আক্রমণ চালিয়ে যাওয়া এবং আরও একটি গোল করার চেষ্টা। কিন্তু যখন প্রতিপক্ষ দুটি গোল শোধ করে ফেললো, তখন ইংল্যান্ড ম্যাচে ফেরার মতো কোনো গতি বা ছন্দ খুঁজে পাইনি।
শিরোপার জন্য আর্জেন্টিনার এটি সপ্তম ফাইনাল। ২০১৪ সালের পর থেকে আর্জেন্টিনা কেবল একবার বিশ্বকাপের ফাইনাল মিস করেছে; তা ছিল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে। ওই বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে তারা দ্বিতীয় রাউন্ডে (শেষ ষোলো) খেলে বিদায় নিয়েছিল। এখন মেসি ও স্কালোনির হাত ধরে তারা চতুর্থ তারার খোঁজে অগ্রসর হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে বালুঘাটের কমিশন নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে উঠেছে।
বুধবার (১৫ জুলাই) রাতে কুমারখালী উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ অভিযোগ উত্থাপন করেন।
তবে উপজেলা জামায়াতের নায়েবে আমীর শামসুদ্দিন আহমেদ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি এই বিষয়ের সঙ্গে জড়িত নন।
সংবাদ সম্মেলনে কুমারখালী উপজেলা ও পৌর বিএনপি, পাশাপাশি অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনছার মিলনসহ অন্যান্য নেতাকর্মীরা।
সম্মেলনে লুৎফর রহমান বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুমারখালীর রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করতে এবং বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, অপপ্রচার ও চক্রান্ত শুরু করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শামসুদ্দিন আহমেদ। তিনি কিছুদিন ধরে বিভিন্ন মিডিয়ায় উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম ও পৌর বিএনপির বিরুদ্ধে বালুঘাটের কমিশন নিয়ে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। এর ফলে রাজনৈতিক শিষ্টাচার বিরোধী এবং উদ্দেশ্যপ্রণোদিত চেষ্টার পরিচয় ফুটে উঠেছে। বিভিন্ন মিডিয়ায় জামায়াত নেতার প্রকাশিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, যারা ভিত্তিহীন কথা বলে অপপ্রচার চালাচ্ছেন, তাদের ষড়যন্ত্র তৃণমূল নেতাকর্মীরা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। দ্রুত এই অপপ্রচার বন্ধের আহ্বান জানানো হলো।
যদিও কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শামসুদ্দিন আহমেদ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি মোবাইল ফোনে মন্তব্য করে বলেন, ‘আমি এই বিষয়ের সঙ্গে জড়িত নই। কেন আমাকে এর মধ্যে জড়ানো হচ্ছে তা জানি না। বালিঘাটের প্রতিদিনের হিসাবের একটি তালিকা আছে, সেটি দেখলেই স্পষ্ট হবে কে কত ভাগ পাচ্ছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ