ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করল কুমারখালী উপজেলা বিএনপি


জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করল কুমারখালী উপজেলা বিএনপি

কুষ্টিয়ার কুমারখালীতে বালুঘাটের কমিশন নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে উঠেছে।

বুধবার (১৫ জুলাই) রাতে কুমারখালী উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ অভিযোগ উত্থাপন করেন।

তবে উপজেলা জামায়াতের নায়েবে আমীর শামসুদ্দিন আহমেদ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি এই বিষয়ের সঙ্গে জড়িত নন।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

সংবাদ সম্মেলনে কুমারখালী উপজেলা ও পৌর বিএনপি, পাশাপাশি অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনছার মিলনসহ অন্যান্য নেতাকর্মীরা।

সম্মেলনে লুৎফর রহমান বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুমারখালীর রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করতে এবং বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, অপপ্রচার ও চক্রান্ত শুরু করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শামসুদ্দিন আহমেদ। তিনি কিছুদিন ধরে বিভিন্ন মিডিয়ায় উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম ও পৌর বিএনপির বিরুদ্ধে বালুঘাটের কমিশন নিয়ে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। এর ফলে রাজনৈতিক শিষ্টাচার বিরোধী এবং উদ্দেশ্যপ্রণোদিত চেষ্টার পরিচয় ফুটে উঠেছে। বিভিন্ন মিডিয়ায় জামায়াত নেতার প্রকাশিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, যারা ভিত্তিহীন কথা বলে অপপ্রচার চালাচ্ছেন, তাদের ষড়যন্ত্র তৃণমূল নেতাকর্মীরা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। দ্রুত এই অপপ্রচার বন্ধের আহ্বান জানানো হলো।

যদিও কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শামসুদ্দিন আহমেদ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি মোবাইল ফোনে মন্তব্য করে বলেন, ‘আমি এই বিষয়ের সঙ্গে জড়িত নই। কেন আমাকে এর মধ্যে জড়ানো হচ্ছে তা জানি না। বালিঘাটের প্রতিদিনের হিসাবের একটি তালিকা আছে, সেটি দেখলেই স্পষ্ট হবে কে কত ভাগ পাচ্ছে।’

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারের পরও কৌশলগত সিদ্ধান্তে অনড় টুখেল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৩ এম


হারের পরও কৌশলগত সিদ্ধান্তে অনড় টুখেল

ফাইনালে ওঠার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলের আবেগঘন একটি জয় পেয়েছে আর্জেন্টিনা। এই বিজয়ের ফলে বিশ্বকাপ ফাইনালে তাদের টিকিট নিশ্চিত হয়েছে। তবে ম্যাচে ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও, মেসিদের বিপক্ষে পরাজয়ের জন্য তারা ‘অতিরিক্ত রক্ষণাত্মক’ (প্যাসিভ) হয়ে পড়েছিল বলে স্বীকার করেছেন টমাস টুখেল।

নিজের কৌশলগত সিদ্ধান্ত নিয়ে টুখেল বলেছেন, তাঁর কোনো ‘আক্ষেপ নেই’। তিনি জানান, আমরা হতাশ, তবে গোল করার পর আমরা অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়েছিলাম। প্রতিপক্ষকে অনেক সুযোগ দিয়েছি এবং বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে পারিনি। আমাদের প্রচুর ক্রস, সুযোগ ও শট হজম করতে হয়েছে। আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম, কিন্তু গোল করার পর সেই খেলার মান ধরে রাখতে পারিনি।

খেলোয়াড় বদল বা সাবস্টিটিউশনের বিষয়ে প্রশ্নের উত্তরে টুখেল বলেন, সমস্যা কৌশলগত কাঠামোতে ছিল না। তিনি বলেন, ‘অবশ্যই আমরা দ্বিতীয় গোলটি পেতে চেয়েছিলাম, কিন্তু মনে হয়নি যে আক্রমণাত্মক খেলোয়াড় নামালে কোনো লাভ হবে।’ আমাদের ৪-৪-২ ছকে খেলতে হয়েছে, কিন্তু ক্রমশ আমরা আরও বেশি রক্ষণাত্মক হয়ে পড়েছিলাম।

হ্যারি কেইনদের এই কোচ জানান, আমরা বলের দখল নিতে এবং বল ধরে রাখতে পারছিলাম না। তাই এটিকে কাঠামোগত কোনো সমস্যা মনে হচ্ছে না, আমরা কোন পরিবর্তনও করিনি। কিন্তু ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে গিয়েছিল। এতে কোনো সমস্যা নেই; আমি বুঝি যে এসব নিয়ে আলোচনা হবেই এবং ম্যাচের পর বিশেষজ্ঞরা মনে করেন তারা বিষয়টি আরও ভালো বোঝেন।

সম্প্রতি বিশ্লেষক ও সমর্থকদের কাছ থেকে সমালোচনা আসতে শুরু করেছে, তবুও টুখেল নিজের অবস্থানে অটল থেকে জানান তাঁর কোনো আক্ষেপ নেই। তিনি বলেন, ‘দল নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে।’ আমরা জয়ের খুব, খুব কাছাকাছি ছিলাম। আমার মনে হয় ১-০ ব্যবধানে এগিয়ে থাকাটা আমাদের প্রাপ্য ছিল। আমরা আমাদের অন্যতম সেরা ম্যাচটি খেলেছি, সম্ভবত এটি পরিস্থিতির বিচারে সেরা ম্যাচ। লড়াইটি কঠিন ছিল। শেষ পর্যন্ত আমরা জয়টি নিশ্চিত করতে পারিনি এবং কোনো আক্ষেপ নেই।

অ্যান্থনি গর্ডনের অসাধারণ গোলে লিড নিয়েও শেষ পর্যন্ত হতাশার পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় ইংলিশদের। ফলে দীর্ঘ ৬০ বছর পর ফাইনাল খেলার আশা জাগিয়ে তুলে সেমি-ফাইনাল থেকে তাদের স্বপ্নভঙ্গ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাস্তির মুখে মেসিরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৯ এম


শাস্তির মুখে মেসিরা

ফাইনালে ওঠার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়ার পর শেষ মুহূর্তে দুর্দান্ত ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৮৫ মিনিটে, মেসির পাস পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো একটি শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন এনজো ফার্নান্দেজ। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে, ডান প্রান্তে জেড স্পেন্সকে কাটিয়ে মেসি একটি নিখুঁত ক্রস তুলে ধরেন।

দূরের পোস্টে অরক্ষিত অবস্থায় থাকা লাওতারো মার্তিনেজ হেড দিয়ে বল জালে জড়িয়ে ইংল্যান্ডের হৃদয় ভেঙে দেন। অবিশ্বাস্য প্রত্যাবর্তনের এই গল্প লেখার পরে আলবিসেলেস্তে ফুটবলাররা দর্শকদের সামনে উল্লাসে মেতে ওঠেন। এ সময় তারা একটি ব্যানার প্রদর্শন করেন, যাতে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর তাদের মালিকানার দাবি স্পষ্টভাবে তুলে ধরা হয়।

এভাবে তারা দ্বীপপুঞ্জটির ওপর আর্জেন্টিনার সেই ঐতিহাসিক সার্বভৌমত্বের দাবিটি আবারও বিশ্বের সামনে তুলে ধরেন, যা ১৯৮২ সালে দুই দেশের মধ্যে এক সশস্ত্র যুদ্ধের মূল কারণ ছিল। আর্জেন্টিনা বারবারই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর নিজেদের সার্বভৌমত্বের দাবি জানিয়ে আসছে; দ্বীপপুঞ্জটি ব্রিটেন থেকে প্রায় ৮,০০০ মাইল এবং আর্জেন্টিনার মূল ভূখণ্ড থেকে ৩০০ মাইল দূরে অবস্থিত।

তবে রাজনৈতিক স্লোগান কিংবা প্রতীক প্রদর্শনের কারণে আর্জেন্টিনার ফুটবলাররা শাস্তির মুখে পড়তে পারেন। ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী, স্টেডিয়ামের ভিতরে “রাজনৈতিক, আপত্তিকর অথবা বৈষম্যমূলক প্রকৃতির ব্যানার, পতাকা, লিফলেট, পোশাক ও অন্যান্য সামগ্রী” বহন করা অথবা প্রদর্শন নিষিদ্ধ। যেকোনো ধরনের লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট খেলোয়াড় অথবা দলের বিরুদ্ধে টুর্নামেন্ট আয়োজক কর্তৃপক্ষ জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন অথবা ফিফা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

এর পূর্বে, ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে খেলোয়াড়রা একই বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শন করায় ফিফা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০,০০০ পাউন্ড জরিমানা করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রাহকের বিরুদ্ধে মামলা করে নতুন নজির গড়ল মাস্কের ‘এক্সএআই’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩০ এম


গ্রাহকের বিরুদ্ধে মামলা করে নতুন নজির গড়ল মাস্কের ‘এক্সএআই’

প্রযুক্তি বিশ্বে একটি নতুন অধ্যায় শুরু হলো আইনি লড়াইয়ের মাধ্যমে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের অপব্যবহার ঠেকাতে প্রথমবারের মতো কোনো এআই কোম্পানি নিজের একটি ব্যবহারকারীর বিরুদ্ধে মামলা করেছে।

এ বিষয়ে অভিযোগ দায়ের করেছে ইলন মাস্কের এক্সএআই (xAI)। গ্রাহক টেরি হারউডের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে, যিনি পরিষেবার শর্ত ভঙ্গের জন্য এবং সুরক্ষাব্যবস্থা অতিক্রম করে আপত্তিকর কনটেন্ট তৈরির অভিযোগের সম্মুখীন হয়েছেন।

গত মঙ্গলবার, ১৪ জুলাই, যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি ফেডারেল আদালতে হারউডের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়, যিনি দক্ষিণ ক্যারোলাইনার বাসিন্দা। অভিযোগের মধ্যে ১২ পৃষ্ঠায় বলা হয়েছে যে অভিযুক্ত হারউড ভুয়া পরিচয় ব্যবহার করে এক্সএআইয়ের চ্যাটবট গ্রোকের মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট খুলেছিলেন।

হারউড গ্রোকের সুরক্ষা ব্যবস্থা এড়ানোর জন্য এমন সব প্রম্পট প্রদান করেছিলেন, যা সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যাওয়ার জন্য সহায়ক ছিল। তিনি সাধারণ কিছু ছবি আপলোড করে সেগুলোকে বিকৃত বা যৌন উত্তেজক ছবিতে রূপান্তরের চেষ্টা করেছেন।

মামলার আরও বিবরণে দেখা যায় যে, হারউড ছবিগুলোকে যৌন আবেদনময়ী করার জন্য গ্রোককে নির্দেশ পাঠাচ্ছেন। কিন্তু, গ্রোক সুরক্ষাবিধি লঙ্ঘনের কারণে সেই চেষ্টা বাতিল করছিল। হারউড মডারেশন প্রচেষ্টাকে পাশ কাটাতে বার বার প্রম্পট পরিবর্তন করে তা করতে বাধ্য করার চেষ্টা চালিয়েছিলেন।

এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে এক্সএআই আদালতের কাছে হারউডের বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে এবং একই সঙ্গে তাকে প্ল্যাটফর্ম থেকে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশও চেয়েছে।

বিশ্বব্যাপী তীব্র সমালোচনা ও আইনি কড়াকড়ির মুখে এক্সএআই মামলাটি দায়ের করেছে। এর আগে প্ল্যাটফর্মটিতে আপত্তিকর ও যৌন উত্তেজক বিষয়বস্তু তৈরির সুযোগ থাকার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। গ্রোক ইউরোপীয় নিয়ন্ত্রকদের রোষানলে পড়েছে এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে।

যদিও চলতি বছরের জানুয়ারিতে সামাজিকমাধ্যম এক্স-এ একটি পোস্টে ইলন মাস্ক গ্রোকের মাধ্যমে শিশুদের কোনো ধরনের যৌনতাপূর্ণ বা নগ্ন ছবি তৈরির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ কোথায় কী?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩২ এম


আজ কোথায় কী?

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করছে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনটির শুরুতেই তা জানা যেতে পারে।

সকাল ১১টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন এমপি। এসময় দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সকাল ১০টায় কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর পরিদর্শন ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে চট্টগ্রামে গিয়ে মুরাদপুরে শহীদ ওয়াসিমের স্মৃতিফলক ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল আড়াইটায় কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

বিকেল সাড়ে ৫টায় বায়তুল মোকাররমের উত্তর চত্বরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ সব শহীদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করবে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।

সকাল সাড়ে ১১টায় রাজধানীর বিএমএ ভবনে ‘এআই-চালিত স্বাস্থ্য অপারেটিং সিস্টেম’ বিষয়ক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের (এইচইইউ) উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%