০৯:৫৭ পি.এম
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, ভুক্তভোগী প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
এছাড়া, হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় প্রার্থনা করেছে।
রবিবার (৭ জুন) দুপুরে সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন আদ্-দ্বীন হাসপাতালের আইনজীবী শিশির মনির।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
শিশির মনির জানান, ৬ শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে যৌথ আলোচনা করা হয়েছে। আলোচনার ভিত্তিতেই প্রতিটি সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ক্ষতিপূরণের বাইরেও হাসপাতাল থেকে আগে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধা বহাল থাকবে।
তিনি আরও উল্লেখ করেন যে, ইতোমধ্যে প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণের মধ্যে থেকে ১০ লাখ টাকা করে প্রদান করা হয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে আইনজীবী শিশির মনির বলেন, নবজাতকদের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন হাসপাতালের লাইসেন্স বাতিল হবে না— স্বাস্থ্য অধিদপ্তরের শোকজের জবাব দিতে তারা আরও ৪৮ ঘণ্টা সময় প্রার্থনা করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ আইনজীবীকে সঙ্গে নিয়ে সশরীরে উপস্থিত হয়ে এই শোকজের জবাব দিতে চায়।
এদিকে, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের সময় বৃদ্ধির আবেদনের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন
তিনি জানান, শোকজের জবাব দেওয়ার নির্ধারিত সময় ছিল আজ রোববার বিকেল ৫টা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে সময় বৃদ্ধির একটি চিঠি পাওয়া গেছে।
মহাপরিচালক আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে জবাব পাওয়া না গেলে বা আবেদন মঞ্জুর না হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আজকেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন