০৪:২১ পি.এম
ফেনীর পরশুরামে নানাবাড়িতে বেড়াতে এসে মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক মো. সাকিবের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে নিখোঁজের একদিন পর ফুলগাজী উপজেলার মধ্যম শ্রী চন্দ্রপুর গ্রাম সংলগ্ন মুহুরী নদীর ভাটি অঞ্চল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত যুবক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার অলিপুর গ্রামের আলী মিয়ার সন্তান। তার পরিবার দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করছে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সাকিব গত শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা জঙ্গলঘোনা গ্রামে নানি বেগম নেছার বাড়িতে বেড়াতে আসেন। তিনি কিছুটা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং সাঁতার জানতেন না।
আরও পড়ুন: শিবচরে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
শনিবার দুপুর ১টার দিকে স্থানীয় বাসিন্দা মায়া আক্তারসহ দুই নারীর সঙ্গে বাড়ির পাশে মুহুরী নদীতে গোসল করতে নামেন তিনি। কিন্তু নদীতে নেমে ডুব দেওয়ার পর আর ওঠেননি। তাঁর ডুবে যাওয়ার বিষয়টি দেখেই সঙ্গে থাকা নারীরা আতঙ্কিত হয়ে গ্রামের লোকদের জানান।
ঘটনার পরই স্থানীয় লোকজন পরশুরাম মডেল থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরশুরাম ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধারকাজ শুরু করে। তবে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় প্রাথমিক তল্লাশির মাধ্যমে তার সন্ধান মেলেনি।
পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলের খবর দেওয়া হয়। শনিবার সন্ধ্যার পর চট্টগ্রামের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও সাকিবের কোনো খোঁজ পায়নি। বিলম্বের কারণে রাতে উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।
অবশেষে রবিবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে দুর্ঘটনাস্থল থেকে নদীর ভাটির দিকে ফুলগাজী উপজেলার মধ্যম শ্রী চন্দ্রপুর এলাকায় একটি মরদেহ ভেসে থাকতে দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে ফুলগাজী ও পরশুরাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে সাকিবের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
আরও পড়ুন: টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ
ফেনীর ফুলগাজী থানার ওসি মিজানুর রহমান বলেন, 'আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন