প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃতীয় বিয়ে সম্পন্ন করেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। রোববার দুপুরে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে ঘরোয়া পরিবেশে আইনি বিয়ে সম্পন্ন হয় আমির এবং গৌরীর।
আমিরের তৃতীয় বিয়েতে ছিল না কোন তারকাখচিত আয়োজন কিংবা বিলাসী উৎসবের ঝলক। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বাবার জীবনের এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তানও।
এছাড়া দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতি লক্ষ্য করা গেল। আমিরের পাশে ছিল তার সন্তানরা এবং গৌরীর পাশে উপস্থিত ছিল তার একমাত্র পুত্র। এভাবেই আইনি বিয়ে করে ফেললেন আমির খান এবং গৌরী স্প্র্যাট। সেই ছবিগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে, যার ফলে শুভেচ্ছার বানভাসি শুরু হয়।
আমিরের দুই সন্তান এদিন উজ্জ্বল গোলাপি রঙের পোশাকে ঝলমল করছিলেন। আমির ও কিরণ রাওয়ের সন্তান আজাদ গোলাপি পাঞ্জাবি পরেছিল। গৌরীর সাত বছরের পুত্রের পরনে ছিল গোলাপি টি শার্ট। আর সাদা শেরওয়ানিতে সজ্জিত ছিলেন আমির। গৌরীর পোশাকটিতে ছিল সোনালি সিক্যুইনের কাজ। তার সঙ্গে মিলিয়ে ছিমছাম গহনা ব্যবহার করেছিলেন তিনি।
আমির এবং গৌরীর পরিচয় নতুন নয়। প্রায় ২৫ বছর আগে প্রথম দেখা হয়েছিল তাদের। সময়ের ব্যবধানে তারা হারিয়ে গিয়েছিলেন যোগাযোগ। ২০২৪ সালে আমিরের বোন নুজহাত খান মাধ্যমে বেঙ্গালুরুতে আবার দেখা হয় তাদের। সেই প্রাচীন পরিচয়ই পরে গভীর ভালোবাসায় রূপান্তরিত হয়।
প্রেমের শুরুর দিনগুলোতে তাদের সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা ছিল দূরত্ব। গৌরী ছিলেন বেঙ্গালুরুতে, আর আমির মুম্বাইয়ে। প্রায় এক বছর দীর্ঘ দূরত্বের সম্পর্কের পর গৌরী, আমিরের কাছে চলে আসেন মুম্বাইয়ে, সঙ্গে ছিলো আগের সংসারের সন্তান। এরপর থেকেই তারা একসঙ্গে নতুন জীবনের পথচলা শুরু করেন, যা শেষ পর্যন্ত বিয়ের বন্ধনে গিয়ে পৌঁছায়।
আমিরের প্রথম স্ত্রী ছিলেন রীনা দত্ত। ১৯৮৬ সালে বিয়ে হলে তাদের সংসারে জন্মগ্রহণ করে দুই সন্তান- জুনায়েদ খান ও ইরা খান। যদিও তারা ২০০২ সালে বিচ্ছেদের পথে হাঁটেন, তবে সন্তানদের লালন-পালনে এখনও সু-সম্পর্ক থেকে গেছে সাবেক এই দম্পতির মধ্যে।
রীনার সঙ্গে বিচ্ছেদের পর, ২০০৪ সালে আমির পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে জড়ান। এক বছর পর, ২০০৫ সালে তারা বিয়ে করেন। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় ছেলে আজাদের। কিন্তু সেই সংসারও টেকেনি। ২০২১ সালে তারা বিচ্ছেদের পথে হাঁটেন। বিচ্ছেদের পরও, দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করা হয়েছে।
এখন দুই অধ্যায়ের পর, আমির খান জীবনের তৃতীয় ইনিংস শুরু করেছেন। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে ভালোবাসা, আর ভালোবাসা থেকে বিয়ে। গৌরীকে সঙ্গী করে এবার নতুন পথচলা শুরু করতে যাচ্ছেন বলিউডের এই তারকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন