১০:১৮ এম
দক্ষিণ আফ্রিকায় এবারে ম্যান্ডেলা দিবসকে কেন্দ্র করে নতুন একটি রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। দেশটির মধ্যে বৈষম্য, বেকারত্ব এবং সামাজিক বিভাজনের প্রেক্ষাপটে ম্যান্ডেলার আদর্শ এবং তার উত্তরাধিকার নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।
প্রতি বছর ১৮ জুলাই পালিত হয় নেলসন ম্যান্ডেলা দিবস। ২০০৯ সালে জাতিসংঘ এ দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণার মাধ্যমে এটি স্বীকৃতি পেয়েছে। নেলসন ম্যান্ডেলার জনসেবামূলক জীবনের ৬৭ বছরকে স্মরণ করার জন্য এদিন মানুষ ৬৭ মিনিট সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর উপলক্ষে খানজাহান আলী মাজার পরিদর্শন জেলা প্রশাসকের
তবে এবারে সেই প্রচলিত কর্মসূচির পরিবর্তে অভিবাসীবিরোধী সংগঠন ‘মার্চ অ্যান্ড মার্চ’ পূর্ব কেপ প্রদেশের বিভিন্ন শহরে অভিযানের ঘোষণা করেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা অবৈধ ভাবে অবস্থানকারী অভিবাসী ও অবৈধ ব্যবসা চিহ্নিত করবে এবং তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করবে।
এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এমবঙ্গিসেনি বুতেলেজি বলেছেন, ম্যান্ডেলা দিবস মানুষের সেবা, সংলাপ, সংবিধানকে সম্মান করার এবং মানবিক মর্যাদার প্রতীক। এই দিনকে বিভাজন তৈরির কাজে ব্যবহার করা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।
অন্যদিকে ‘মার্চ অ্যান্ড মার্চ’ বলছে, সরকার সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, অবৈধ অভিবাসীরা স্থানীয়দের কর্মসংস্থানে প্রতিযোগিতার সৃষ্টি করছে এবং বিভিন্ন এলাকায় অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। সেই কারণে তারা কঠোর অভিবাসন আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
তবে সমালোচকদের মতে, দেশের অর্থনৈতিক সংকট, বেকারত্ব এবং সরকারি ব্যর্থতার দায় অভিবাসীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক
ম্যান্ডেলা ফাউন্ডেশনের প্রধান বলেছেন, রাষ্ট্রের ব্যর্থতার জন্য অভিবাসীদের দায়ী করা সঠিক নয়। মানুষের প্রকৃত সমস্যাকে কেন্দ্র করে কিছু গোষ্ঠী বিভাজন তৈরির চেষ্টা করছে।
এদিকে সরকার জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ইতোমধ্যে ৫৩ হাজারের বেশি বিদেশিকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে সরকার সাধারণ জনতাকে আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানিয়েছে।
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রবীণ নেতা স্নুকি জিকালালা বলেছেন, নেলসন ম্যান্ডেলা কখনোই অভিবাসীদের লক্ষ্যবস্তু বানানোর পক্ষে ছিলেন না। মানুষের প্রতি পশুর মতো আচরণ করা তার আদর্শের সম্পূর্ণ পরিপন্থী।
এদিকে আহমেদ কাথরাদা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নিশান বোল্টন বলেছেন, সময়ের সাথে ম্যান্ডেলার সংগ্রামী পরিচয় অনেকটাই আড়ালে চলে গেছে। এখন বিভিন্ন গোষ্ঠী নিজেদের সুবিধামতো তার নাম ও আদর্শ ব্যবহার করছে।
আরও পড়ুন: শ্রমিক নেতা বাবুল আখতারের উসকানি উপেক্ষা করে কাজে ফেরার আহ্বান
এবারের ম্যান্ডেলা দিবসের প্রতিপাদ্য হলো ‘দারিদ্র্য ও বৈষম্য দূর করা এখনো আমাদের হাতেই’। তবে অভিবাসী বিষয়ক বিতর্কের মধ্যে ম্যান্ডেলার আদর্শ ও উত্তরাধিকার নিয়ে দক্ষিণ আফ্রিকায় নতুন আলোচনা শুরু হয়েছে।
সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন