০১:৪২ পি.এম
ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন করেছেন সমর্থকরা এবং শোভাযাত্রা বের করেছে। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নাটোর প্রেস ক্লাব চত্বরে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর ও আশপাশের এলাকা থেকে ইরান সমর্থকরা ব্যানার ও ইরানের জাতীয় পতাকা হাতে প্রেস ক্লাব চত্বরে জড়ো হন। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন শ্রেণি-পেশার ইরান ফুটবল দলের সমর্থকরা এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে ড. জাকির তালুকদার বলেন, ‘বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশে সাধারণত ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা জার্মানির মতো পরাশক্তি দলের সমর্থকদের উন্মাদনা দেখা যায়।
আরও পড়ুন: আলফাডাঙ্গায় প্রবাসী আকাশ মিয়ার বিরুদ্ধে বানোয়াট কুৎসা রটানোর প্রতিবাদ করায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম
আমরা সকলেই ওই ঐতিহ্যবাহী দলের সমর্থক। কিন্তু আমরা এবার ইরান ফুটবল দলকে সমর্থন দিচ্ছি।’
তিনি অভিযোগ করেন, ‘এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ আমেরিকা (যুক্তরাষ্ট্র) শুরু থেকেই ইরান ফুটবল দলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে আসছে, যা ক্রীড়াঙ্গনের চেতনার পরিপন্থী।
খেলার মাঠকে রাজনৈতিক প্রতিহিংসার বাইরে রাখা উচিত। একজন ফুটবলপ্রেমী হিসেবে আমেরিকার আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।’
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা জানান, বৈশ্বিক এই টুর্নামেন্টে সব দলের জন্য সমান সুযোগ ও সম্মান নিশ্চিত করার দাবিতে তাদের এই অবস্থান। তারা আশা প্রকাশ করেন, মাঠের বাইরের যত প্রতিকূলতা থাকুক, ইরান দল তাদের সেরাটা উপহার দিয়ে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে।
আরও পড়ুন: বাকেরগঞ্জে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বি-ক্ষোভ মিছিল ও সমাবেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন