০৭:৫০ পি.এম
জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল এবং সাবরিনা পড়শী প্রায় এক দশক আগে প্রকাশিত গান ‘জনম জনম’ দিয়ে নতুন একটি মাইলফলক ছুঁলেন। তাদের এই দ্বৈত কণ্ঠের গানটি এখন ইউটিউবে ১০ কোটি ভিউয়ের বা ১০০ মিলিয়ন ভিউয়ের ঘর পেরিয়েছে।
২০১৭ সালে প্রকাশিত গানটি ছিল ইমরান-পড়শী জুটির প্রথম দ্বৈত গান। সময়ের সঙ্গে তারা একাধিক গানে জুটি বেঁধেছেন। তবে এই পুরোনো গানটির প্রতি শ্রোতাদের আগ্রহ এখনো কমেনি। বরং গানটির প্রকাশের প্রায় নয় বছর পর ইউটিউবে এমন বিশাল মাইলফলক স্পর্শ করেছে ‘জনম জনম’।
শুক্রবার দুপুরে এই অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইমরান মাহমুদুল। তিনি মন্তব্য করেন, ‘আমার মিউজিক ক্যারিয়ারে পড়শীর সঙ্গে এটি ছিল প্রথম কোনো ডুয়েট গান। দেখতে দেখতে গানটি ১০ কোটিরও বেশি ভিউ পার করেছে।’
আরও পড়ুন: বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ নির্বাচিত হয়েছে ভিজিআইকে উৎসবে
গানটির দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার জন্য নিজের আনন্দ প্রকাশ করে ইমরান আরো যোগ করেন, ‘যদিও গানটি ইউটিউবের যুগের গান নয়, তবে সময় ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আজও গানটি শ্রোতাদের ভালোবাসা পাচ্ছে, এটা সত্যিই আনন্দের বিষয়।’
‘জনম জনম’ গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন। ইমরানের সুর এবং সংগীতে গানটি প্রকাশিত হয়েছিল পড়শীর তৃতীয় একক অ্যালবামে। এই অ্যালবামের অন্যতম জনপ্রিয় গান হিসেবেও গানটি স্থান পেয়েছিল।
গানটির সঙ্গে সম্পর্কিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে ইমরান বলেন, ‘রবিউল ইসলাম জীবনের কথায়, আমার সুর ও সংগীতে ‘জনম জনম’ গানটি ছিল পড়শীর তৃতীয় একক অ্যালবামের গান। সেই অ্যালবামের মধ্যে এটিও ছিল অন্যতম জনপ্রিয় গান।
গানটির সঙ্গে জড়িত প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। ‘জনম জনম’ এভাবেই বেঁচে থাকুক শ্রোতাদের ভালোবাসায়।’
আরও পড়ুন: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের আদেশ স্থগিত
২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে অফিসিয়াল ভিডিও হিসাবে প্রকাশিত হয় ‘জনম জনম’। ভিডিওটি নির্মাণ করেছিলেন রম্য খান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন