ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দুর্গোৎসবের মর্মান্তিক ট্র্যাজেডিতে শুভেন্দুর চরম অব্যবস্থাপনা নগ্ন হয়ে পড়ল


দুর্গোৎসবের মর্মান্তিক ট্র্যাজেডিতে শুভেন্দুর চরম অব্যবস্থাপনা নগ্ন হয়ে পড়ল

উত্তর কলকাতার ঐতিহ্যবাহী শারদীয় দুর্গোৎসবের আনন্দের মাঝে ১৭ অক্টোবর সন্ধ্যায় এক ভয়াবহ ট্র্যাজেডি ঘটে। চোরবাগান দুর্গোৎসব প্যান্ডেলে হুড়োহুড়ি ও পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু ঘটে এবং ২৫ জনেরও বেশি গুরুতর আহত হন। এই ঘটনার ফলে রাজ্যজুড়ে শোক, হাহাকার এবং জনরোষ সৃষ্টি হয়েছে।

কলকাতা পুলিশের দীর্ঘ ছয় দশকের ভিড় নিয়ন্ত্রণের সুনাম থাকা সত্ত্বেও কীভাবে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপি সরকারের অদক্ষতা, পুলিশের দলীয়করণ, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উগ্র রাজনীতির কারণে এই বিপর্যয় ঘটেছে বলে সমালোচনা চলছে।

বিশ্লেষকরা মন্তব্য করেছেন, কলকাতা শহর প্রতিবছর দুর্গাপূজায় কোটি কোটি মানুষের ভিড় সামলাতে অভ্যস্ত। কিন্তু চোরবাগানের ঘটনা প্রমাণ করে যে সঠিক ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল না। বৃষ্টির সময় প্যান্ডেলে প্রবেশের সংকীর্ণ পথ এবং জনস্রোত নিয়ন্ত্রণের জন্য পুলিশের ন্যূনতম ব্যবস্থা ছিল না।

আরও পড়ুন: ইরানের ৩০টি উড়োজাহাজ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ধ্বংস

সাবেক রাজ্যসভা সদস্য ও প্রাক্তন আইএএস অফিসার জওহর সরকারের মতে, পুলিশ বাহিনী ভিড় নিয়ন্ত্রণের অভিজ্ঞ কৌশল প্রয়োগের চেয়ে নতুন শাসকদলের রাজনৈতিক উদ্দেশ্য পূরণে বেশি ব্যস্ত ছিল। যখন ভিড় নিয়ন্ত্রণ করা জরুরি ছিল, তখন পুলিশ প্যান্ডেলের বাইরে বামপন্থী রাজনৈতিক দলের বইয়ের স্টল স্থাপন ও বিরোধীদের দমন করতে ব্যস্ত ছিল।

মর্মান্তিক এই দুর্ঘটনার পর পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূমিকা এবং মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দ্রুত একটি বেসরকারি হাসপাতালে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। অধিকাংশ সাধারণ মানুষের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা বহন করা সম্ভব নয়। চিকিৎসার গাফিলতি ঢাকার চেষ্টা এবং আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করে পরিস্থিতি সামাল দেওয়ার অভিযোগ উঠেছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের ২৭% মুসলিম জনগোষ্ঠী, শিক্ষার্থী এবং বিরোধী পক্ষকে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করে আসছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি দেওয়া থেকে শুরু করে সনাতনী আচার-আচরণ চাপিয়ে দেওয়ার চেষ্টা, তিনি প্রশাসনিক যোগ্যতার চেয়ে উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক প্রভাবকেই প্রাধান্য দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম দ্য ওয়্যার এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের মে মাসে ক্ষমতায় আসার পর রাজ্যে একটি "একক ব্যক্তিকেন্দ্রিক" শাসনব্যবস্থা গড়ে উঠেছে। নির্বাচন কমিশনের ভোটার তালিকা ছাঁটাই এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হওয়া নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকারে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নেই।

আরও পড়ুন: স্পেনে অতিবৃষ্টি ও বন্যায় চারজনের মৃত্যু, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে

এতে আরও উল্লেখ করা হয়েছে, সাবেক তৃণমূল নেতাদের দলে টেনে এবং পুলিশ বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে রাজ্যে অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে। উৎসবের মৌসুমে উত্তর ভারতের খাদ্যাভ্যাস ও ধর্মীয় আচার চাপিয়ে দেওয়ার চেষ্টা রাজ্যের বহুমাত্রিক ও ধর্মনিরপেক্ষ সংস্কৃতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। উত্তর কলকাতার এই ভয়াবহ দুর্ঘটনা প্রমাণ করে যে রাজনৈতিক বক্তৃতা, অর্থ কিংবা উগ্র মেরুকরণ দিয়ে ভালো শাসনব্যবস্থা তৈরি করা যায় না।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা সফর করে পরিস্থিতি পর্যালোচনা করার চেষ্টা করলেও সাধারণ মানুষের ক্ষোভ কমেনি। স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞ মহলের দাবি, প্রশাসন ও পুলিশকে অবিলম্বে রাজনৈতিক প্রভাবমুক্ত করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। মুখ্যমন্ত্রীকে একজন "উগ্র রাজনৈতিক প্রচারক" না হয়ে একজন দায়িত্বশীল প্রশাসনিক প্রধান হিসেবে আচরণ করতে হবে, অন্যথায় এই গণক্ষোভ বিজেপি সরকারের স্থায়িত্বকেই বড় প্রশ্নের মুখে ফেলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের আদেশ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের আদেশ স্থগিত

চেম্বার আদালত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছ থেকে দ্রুত বকেয়া কর আদায়ের আদেশ স্থগিত করেছেন। এই আদেশের ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আপাতত গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবী।

আজ রোববার (১৮ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ প্রদান করেন। আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর, হাইকোর্ট ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশনা দেয়।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। আদালত এ বিষয়ে জারি করা রুল খারিজ করে রায়টি প্রদান করে।

জুলাই গণঅভ্যুত্থানের পর গ্রামীণ কল্যাণের করা দুটি রিট খারিজ করে ২০২৪ সালের ৪ আগস্ট রায় দেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। পরে একই বেঞ্চ ২৯ আগস্ট তা প্রত্যাহার করে নেয়। কারণ হিসেবে উল্লেখ করা হয়, দ্বৈত বেঞ্চের দ্বিতীয় বিচারপতি একসময় এসব মামলায় সরকারের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাই রায়টি ডিফেক্টিভ (ত্রুটিপূর্ণ) হবে।

তখন প্রধান বিচারপতির কাছে মামলার নথি পাঠানো হয়। পরে নতুন বেঞ্চে মামলাটি পাঠানো হয়। পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭—এই করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে প্রদেয় কর দাবি নিয়ে গ্রামীণ কল্যাণ ২০১৭ সালে পৃথক দুটি রিট করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে ফ্র্যাঞ্চাইজি দলের প্রধান কোচ হলেন মিসবাহ-উল-হক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


নেপালে ফ্র্যাঞ্চাইজি দলের প্রধান কোচ হলেন মিসবাহ-উল-হক

নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল) টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তৃতীয় আসরে সুধুরপশ্চিম রয়্যালসের প্রধান কোচ হিসেবে পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান কোচ মিসবাহ-উল-হক নিয়োগ পেয়েছেন।

সুধুরপশ্চিম রয়্যালসের ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিসবাহর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তারা জানায়, ‘আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের অন্যতম শ্রদ্ধাভাজন ব্যক্তি, সাবেক অধিনায়ক ও প্রধান কোচ মিসবাহ উল হক এখন সুদূরপশ্চিম রয়্যালসের।’

এনপিএলের প্রথম দুই আসরে সুধুরপশ্চিম রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন নেপালের সাবেক খেলোয়াড় জগৎ তামাতা। প্রথম দুই আসরে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি সুধুরপশ্চিম। এবার মিসবাহর অধীনে শিরোপা খরা কাটানোর লক্ষ্য তাদের।

নেপাল ক্রিকেটের সাথে যুক্ত হতে পেরে এবং নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ৫২ বছর বয়সী মিসবাহ।

ফ্র্যাঞ্চাইজির দেওয়া এক বিবৃতিতে মিসবাহ বলেন, ‘আসন্ন মৌসুমে সুধুরপশ্চিম রয়্যালসের প্রধান কোচ হতে পেরে আমি খুবই আনন্দিত। নেপালে ক্রিকেটের প্রতি মানুষের আবেগ ও ভালোবাসা সম্পর্কে অনেক শুনেছি। এবার নেপাল ক্রিকেটের অংশ হতে এবং প্রতিভাবান খেলোয়াড়দের সাথে কাজ করতে মুখিয়ে আছি।’

পাকিস্তানের হয়ে তিন সংস্করণেই খেলেছেন মিসবাহ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ২৭৬ ম্যাচে ১১,১৩২ রান করেছেন তিনি।

২০১৭ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মিসবাহ। এরপর কোচিং পেশায় যুক্ত হন তিনি। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন তিনি।

২০২৬ সালে পেশোয়ার জালমির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মিসবাহ। ঐ বছর শিরোপা ঘরে তুলে পেশোয়ার।

এনপিএল আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে। ২১ নভেম্বর ফাইনাল দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় ৭০ বছরের বৃদ্ধ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় ৭০ বছরের বৃদ্ধ নিহত

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় ফজলুল হক তালুকদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) উপজেলার শহীদনগর বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুল হক বারপাড়া ইউনিয়নের জাগির তালুকদার বাড়ির হাফেজ সাইফুল ইসলাম তালুকদারের পিতা।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ফজলুল হক বাড়ি থেকে গৌরীপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে শহীদনগর বাসস্ট্যান্ডে পৌঁছান। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকেলে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় নিহত ফজলুল হক তালুকদারের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক গাড়িটি আটক করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম শুরু

বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর ভর্তি কার্যক্রম সীমিত আকারে শুরু হয়েছে। তবে, প্রতিষ্ঠানটি এখনও রাজস্বখাতে স্থানান্তরিত না হওয়ায় শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে নানা জটিলতা এবং সংকট অব্যাহত রয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, বরিশাল অঞ্চলের একমাত্র মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণ কাজের প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে, যা প্রায় ৬০ কোটি টাকার দেশীয় তহবিলে হয়েছে। অবশিষ্ট ওয়ার্কশপ ভবনটি আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, চলতি শিক্ষাবর্ষে প্রথমবারের মতো আর্কিটেক্ট ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে ৪৮ জন ছাত্রী ভর্তি হয়েছে, তবে বর্তমানে প্রেষণে নিয়োজিত মাত্র ৬ জন শিক্ষক দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপালকে নবনির্মিত মহিলা পলিটেকনিকের প্রিন্সিপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইতোমধ্যে বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ৬ তলা প্রশাসনিক ভবন, ৬ তলা একাডেমিক ভবন, ৫ তলা শিক্ষক ডরমিটরি, ২শ শয্যার ৪ তলা ছাত্রী নিবাস, ৬ ইউনিটের তিনতলা স্টাফ কোয়ার্টার এবং দোতলা ভিতের ওপর একতলা প্রিন্সিপালের বাসভবনের নির্মাণ কাজ সম্পন্ন করেছে। স্থানীয় কর্তৃপক্ষকে বুঝে নেওয়ার জন্য চিঠিও প্রদান করা হয়েছে।

একটি শহিদ মিনারও সরকারি খরচে নির্মিত হয়েছে। এছাড়া, ৬ তলা ওয়ার্কশপ ভবনের নির্মাণ কাজও ৮৫ শতাংশ সম্পন্ন হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল অফিসের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে এই ভবনটিও পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা সম্ভব হবে।

বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রায় ৩ একর জমির ওপর নির্মিত হয়েছে এবং বিশাল সীমানা প্রাচীর সহ দুটি প্রবেশদ্বারের নির্মাণ কাজও সম্পন্ন করেছে ইইডি। বরিশাল মহিলা পলিটেকনিকের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এসএম সামচুন নাহার ইনকিলাবকে জানান, "সরকারি নির্দেশনার আলোকে আমরা চলতি শিক্ষাবর্ষে প্রথমবারের মতো শিক্ষা কার্যক্রম শুরু করেছি।" তিনি উল্লেখ করেন, বিভিন্ন পলিটেকনিক থেকে প্রেষণে ৬ জন শিক্ষক এখানে নিয়োগ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পরবর্তীতে প্রতিষ্ঠানটি রাজস্বখাতে স্থানান্তরের পর অনুমোদিত জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে যে, বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের জনবল মঞ্জুরি এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি। প্রস্তাবিত জনবল কাঠামো অনুযায়ী, এই প্রতিষ্ঠানের জন্য ৯৫ জন শিক্ষকের পদ সৃজনের পরিকল্পনা রয়েছে, কিন্তু এ পর্যন্ত প্রেষণে মাত্র ৬ জন নিয়োগ দেওয়া হয়েছে। কারিগরি বিভিন্ন শাখায় ৫৪টি পদের মধ্যে ৫ জনকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। প্রস্তাবিত ৪৫ কর্মচারীর মধ্যে ৬ জন এবং ৪র্থ শ্রেণির আউটসোর্সিং স্টাফ নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

রাজস্বখাতে স্থানান্তর না হওয়ার কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না এবং পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল এসএম সামচুন নাহার জানান, "কারিগরি শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে অবহিত।" তিনি উল্লেখ করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ করছেন। প্রকল্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত রাজস্বখাতে স্থানান্তরে কিছু জটিলতা রয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুনের মধ্যে শেষ হবে।

বরিশালসহ ৩টি বিভাগীয় সদরে এ ধরনের তিনটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণ প্রকল্প সম্পন্ন হলে স্বাভাবিক নিয়মে সবগুলো প্রতিষ্ঠান রাজস্বখাতে স্থানান্তরিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রিন্সিপাল সামচুন নাহার। উল্লেখ্য, বরিশাল, সিলেট ও ময়মনসিংহে ৩টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রকল্পটি সম্পূর্ণ দেশীয় তহবিলে ২০১৮-১৯ অর্থ বছরে অনুমোদন লাভ করে, তবে নানা জটিলতার কারণে নির্মাণ কাজ শুরুতে বিলম্ব হয়েছে। ফলে, আগামী ৩০ জুনের মধ্যে প্রকল্পটির কার্যক্রম শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%