ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

নেপালে ফ্র্যাঞ্চাইজি দলের প্রধান কোচ হলেন মিসবাহ-উল-হক


নেপালে ফ্র্যাঞ্চাইজি দলের প্রধান কোচ হলেন মিসবাহ-উল-হক

নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল) টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তৃতীয় আসরে সুধুরপশ্চিম রয়্যালসের প্রধান কোচ হিসেবে পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান কোচ মিসবাহ-উল-হক নিয়োগ পেয়েছেন।

সুধুরপশ্চিম রয়্যালসের ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিসবাহর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তারা জানায়, ‘আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের অন্যতম শ্রদ্ধাভাজন ব্যক্তি, সাবেক অধিনায়ক ও প্রধান কোচ মিসবাহ উল হক এখন সুদূরপশ্চিম রয়্যালসের।’

আরও পড়ুন: রাষ্ট্রপতি কোকো উদ্বোধন করলেন ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা

এনপিএলের প্রথম দুই আসরে সুধুরপশ্চিম রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন নেপালের সাবেক খেলোয়াড় জগৎ তামাতা। প্রথম দুই আসরে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি সুধুরপশ্চিম। এবার মিসবাহর অধীনে শিরোপা খরা কাটানোর লক্ষ্য তাদের।

নেপাল ক্রিকেটের সাথে যুক্ত হতে পেরে এবং নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ৫২ বছর বয়সী মিসবাহ।

ফ্র্যাঞ্চাইজির দেওয়া এক বিবৃতিতে মিসবাহ বলেন, ‘আসন্ন মৌসুমে সুধুরপশ্চিম রয়্যালসের প্রধান কোচ হতে পেরে আমি খুবই আনন্দিত। নেপালে ক্রিকেটের প্রতি মানুষের আবেগ ও ভালোবাসা সম্পর্কে অনেক শুনেছি। এবার নেপাল ক্রিকেটের অংশ হতে এবং প্রতিভাবান খেলোয়াড়দের সাথে কাজ করতে মুখিয়ে আছি।’

পাকিস্তানের হয়ে তিন সংস্করণেই খেলেছেন মিসবাহ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ২৭৬ ম্যাচে ১১,১৩২ রান করেছেন তিনি।

আরও পড়ুন: আর্জেন্টিনা-ব্রাজিলের দিকে তাকিয়ে থাকার দিন শেষ, রাষ্ট্রপতির প্রশ্ন

২০১৭ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মিসবাহ। এরপর কোচিং পেশায় যুক্ত হন তিনি। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন তিনি।

২০২৬ সালে পেশোয়ার জালমির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মিসবাহ। ঐ বছর শিরোপা ঘরে তুলে পেশোয়ার।

এনপিএল আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে। ২১ নভেম্বর ফাইনাল দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

সূত্র: বাসস

আরও পড়ুন: শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডকে সমর্থন না করার পরামর্শ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় ৭০ বছরের বৃদ্ধ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় ৭০ বছরের বৃদ্ধ নিহত

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় ফজলুল হক তালুকদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) উপজেলার শহীদনগর বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুল হক বারপাড়া ইউনিয়নের জাগির তালুকদার বাড়ির হাফেজ সাইফুল ইসলাম তালুকদারের পিতা।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ফজলুল হক বাড়ি থেকে গৌরীপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে শহীদনগর বাসস্ট্যান্ডে পৌঁছান। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকেলে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় নিহত ফজলুল হক তালুকদারের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক গাড়িটি আটক করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম শুরু

বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর ভর্তি কার্যক্রম সীমিত আকারে শুরু হয়েছে। তবে, প্রতিষ্ঠানটি এখনও রাজস্বখাতে স্থানান্তরিত না হওয়ায় শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে নানা জটিলতা এবং সংকট অব্যাহত রয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, বরিশাল অঞ্চলের একমাত্র মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণ কাজের প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে, যা প্রায় ৬০ কোটি টাকার দেশীয় তহবিলে হয়েছে। অবশিষ্ট ওয়ার্কশপ ভবনটি আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, চলতি শিক্ষাবর্ষে প্রথমবারের মতো আর্কিটেক্ট ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে ৪৮ জন ছাত্রী ভর্তি হয়েছে, তবে বর্তমানে প্রেষণে নিয়োজিত মাত্র ৬ জন শিক্ষক দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপালকে নবনির্মিত মহিলা পলিটেকনিকের প্রিন্সিপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইতোমধ্যে বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ৬ তলা প্রশাসনিক ভবন, ৬ তলা একাডেমিক ভবন, ৫ তলা শিক্ষক ডরমিটরি, ২শ শয্যার ৪ তলা ছাত্রী নিবাস, ৬ ইউনিটের তিনতলা স্টাফ কোয়ার্টার এবং দোতলা ভিতের ওপর একতলা প্রিন্সিপালের বাসভবনের নির্মাণ কাজ সম্পন্ন করেছে। স্থানীয় কর্তৃপক্ষকে বুঝে নেওয়ার জন্য চিঠিও প্রদান করা হয়েছে।

একটি শহিদ মিনারও সরকারি খরচে নির্মিত হয়েছে। এছাড়া, ৬ তলা ওয়ার্কশপ ভবনের নির্মাণ কাজও ৮৫ শতাংশ সম্পন্ন হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল অফিসের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে এই ভবনটিও পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা সম্ভব হবে।

বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রায় ৩ একর জমির ওপর নির্মিত হয়েছে এবং বিশাল সীমানা প্রাচীর সহ দুটি প্রবেশদ্বারের নির্মাণ কাজও সম্পন্ন করেছে ইইডি। বরিশাল মহিলা পলিটেকনিকের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এসএম সামচুন নাহার ইনকিলাবকে জানান, "সরকারি নির্দেশনার আলোকে আমরা চলতি শিক্ষাবর্ষে প্রথমবারের মতো শিক্ষা কার্যক্রম শুরু করেছি।" তিনি উল্লেখ করেন, বিভিন্ন পলিটেকনিক থেকে প্রেষণে ৬ জন শিক্ষক এখানে নিয়োগ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পরবর্তীতে প্রতিষ্ঠানটি রাজস্বখাতে স্থানান্তরের পর অনুমোদিত জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে যে, বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের জনবল মঞ্জুরি এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি। প্রস্তাবিত জনবল কাঠামো অনুযায়ী, এই প্রতিষ্ঠানের জন্য ৯৫ জন শিক্ষকের পদ সৃজনের পরিকল্পনা রয়েছে, কিন্তু এ পর্যন্ত প্রেষণে মাত্র ৬ জন নিয়োগ দেওয়া হয়েছে। কারিগরি বিভিন্ন শাখায় ৫৪টি পদের মধ্যে ৫ জনকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। প্রস্তাবিত ৪৫ কর্মচারীর মধ্যে ৬ জন এবং ৪র্থ শ্রেণির আউটসোর্সিং স্টাফ নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

রাজস্বখাতে স্থানান্তর না হওয়ার কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না এবং পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল এসএম সামচুন নাহার জানান, "কারিগরি শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে অবহিত।" তিনি উল্লেখ করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ করছেন। প্রকল্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত রাজস্বখাতে স্থানান্তরে কিছু জটিলতা রয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুনের মধ্যে শেষ হবে।

বরিশালসহ ৩টি বিভাগীয় সদরে এ ধরনের তিনটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণ প্রকল্প সম্পন্ন হলে স্বাভাবিক নিয়মে সবগুলো প্রতিষ্ঠান রাজস্বখাতে স্থানান্তরিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রিন্সিপাল সামচুন নাহার। উল্লেখ্য, বরিশাল, সিলেট ও ময়মনসিংহে ৩টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রকল্পটি সম্পূর্ণ দেশীয় তহবিলে ২০১৮-১৯ অর্থ বছরে অনুমোদন লাভ করে, তবে নানা জটিলতার কারণে নির্মাণ কাজ শুরুতে বিলম্ব হয়েছে। ফলে, আগামী ৩০ জুনের মধ্যে প্রকল্পটির কার্যক্রম শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাহুল গান্ধীর পদযাত্রা: ভারতের গণবিক্ষোভে যুবদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


রাহুল গান্ধীর পদযাত্রা: ভারতের গণবিক্ষোভে যুবদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত

ভারতের সবচেয়ে বিখ্যাত রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী ৫৬ বছর বয়সী রাহুল গান্ধী সম্প্রতি দেশের দীর্ঘকালীন রাজনৈতিক প্রথা ভেঙে অপ্রত্যাশিত বিভিন্ন ভূমিকা গ্রহণ করছেন। তিনি ভারতের ‘জেন জি’ বা যুব প্রজন্মের প্রতিবাদকারীদের সঙ্গে যোগদান করেছেন এবং পুলিশের মুখোমুখি হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর ও কর্তৃত্ববাদী রাজনীতির চ্যালেঞ্জ মোকাবিলা করে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করার মাধ্যমে রাহুল গান্ধী বর্তমানে তাঁর রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করছেন।

ভারতীয় নাগরিকদের অধিকার খর্ব হওয়ার বিষয়ে তাঁর সতর্কবার্তাগুলো আরও জোরালো হয়ে ওঠে, যখন কলেজ ভর্তির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা বাতিল করতে হয়। এর ফলে ব্যাপক ছাত্র বিক্ষোভ শুরু হয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করে। এর কয়েক সপ্তাহ পর, ভারতের ভোটার তালিকা থেকে ১৩ নাম বাদ পড়ার ঘটনা দেশজুড়ে ক্ষোভের জন্ম দেয় এবং প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের দাবি ওঠে।

লেখক ও রাজনৈতিক ভাষ্যকার নীর্জা চৌধুরী বলেন, “মানুষ এখন তাঁর বার্তার প্রতি অনেক বেশি আগ্রহী, কারণ সরকারের প্রতি অসন্তোষ বাড়ছে। মানুষের মধ্যে এক ধরনের ক্লান্তি তৈরি হয়েছে, নতুন কোনো উদ্দীপনা নেই; তার ওপর মোদির কঠোর শাসনপদ্ধতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এসবের ফলে রাহুল গান্ধীর আত্মবিশ্বাস বেড়েছে।” এক দশকেরও বেশি সময় আগে মোদির হিন্দু জাতীয়তাবাদী দল ‘ভারতীয় জনতা পার্টি-বিজেপি’-এর কাছে কংগ্রেস একের পর এক নির্বাচনে হারতে শুরু করে। রাহুল গান্ধী তাঁর বাবাÑসাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নির্বাচনী এলাকাতেই পরাজিত হন। তাঁর দাদি ইন্দিরা গান্ধীও প্রধানমন্ত্রী ছিলেন এবং তাঁর প্রপিতামহ জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তাঁর মা সোনিয়া গান্ধী দীর্ঘ বছর কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন। এরপর, নিজের এই অভিজাত ভাবমূর্তি পরিবর্তনের লক্ষ্যে ২০২২ সালের সেপ্টেম্বরে রাহুল গান্ধী প্রায় ২,৫০০ মাইল দীর্ঘ এবং ১৩৬ দিনব্যাপী ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেন।

২০২৪ সালে এই প্রচেষ্টার সুফল কিছুটা পাওয়া যায়; বিজেপি প্রত্যাশার চেয়ে অনেক কম আসনে জয়লাভ করে, যার ফলে মোদিকে জোট সরকার গঠন করতে হয়। রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হন। গত বছর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পরাজিত হওয়ার পর, রাহুল গান্ধী অভিযোগ করেন যে বিজেপির সুবিধার্থে ভোটার তালিকায় কারচুপি করা হয়েছে। বিহারের নির্বাচনের সময়ও তিনি একই অভিযোগ তোলেন।

এছাড়া, এক বছর আগে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হওয়ার পর তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে মোদির ইশারায় কাজ করার অভিযোগও আনেন। চেন্নাইয়ের এক জনসভায় গান্ধী তরুণদের তাদের অভিজ্ঞতা তুলে ধরার আহ্বান জানান। জুনে ‘ছাত্র কন্ঠ’ নামে একটি উদ্যোগ শুরু হয়, ঠিক সেই সময়ে যখন ‘ককরোচ জনতা পার্টি’ নামের একটি গোষ্ঠী যা মূলত ‘জেন জি’ বা নতুন প্রজন্মের তরুণদের দ্বারা পরিচালিত, রাজনৈতিক জবাবদিহিতার দাবি তুলে সবার নজর কাড়ে। এই আয়োজনে অংশগ্রহণকারীরা এমন সব অভিজ্ঞতার কথা তুলে ধরেন, যার মধ্যে ছিল মেডিকেল প্রবেশিকা পরীক্ষার চাপে এক তরুণীর আত্মহত্যা এবং একজন মুসলিম নারীর প্রতি বৈষম্যের ঘটনা। গান্ধী নিজের ভাবমূর্তি নতুন করে গড়ে তুলতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বাস্থ্যকর খাদ্যাভাস, ফিটনেস বিষয়ক ভিডিও এবং নিপিড়নের বিরুদ্ধে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানের চিত্র তুলে ধরেন।

জুলাইতে, মোদির বাসভবনের বাইরে অবস্থান কর্মসূচি থেকে পুলিশ যখন তাঁকে ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে জোরপূর্বক সরিয়ে দেয়, সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ মাসেও কিছু ভিডিওতে দেখা গেছে, পুলিশ তাঁকে বল প্রয়োগ করে বাসে তোলার চেষ্টা করলে তিনি বাধা দিচ্ছেন এবং পুলিশের ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করছেন। নিজেকে সাংবিধানিক ধর্মনিরপেক্ষতা এবং কংগ্রেসের ঔপনিবেশিকতা-বিরোধী ঐতিহ্যের রক্ষক হিসেবে তুলে ধরে গান্ধী তরুণ ভোটার ও বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা সবাই মিলে সেই পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, যাকে তিনি গণতান্ত্রিক মূল্যবোধের ‘হত্যা’ বলে অভিহিত করেছেন।

ব্রাউন ইউনিভার্সিটির আন্তর্জাতিক অধ্যয়ন বিভাগের অধ্যাপক আশুতোষ ভার্শনি বলেন, “এই ধরনের সংগ্রামের দৃশ্যগুলো গান্ধী ও কংগ্রেসকে মোদি এবং বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক সুবিধা অর্জনে সহায়তা করেছে।” গত সোমবার, ভোটার তালিকায় পরিবর্তনের প্রতিবাদে তিনি নয়াদিল্লিতে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটি পদযাত্রার নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, ‘ইন্ডিয়া’ জোটের প্রায় দুই ডজন প্রভাবশালী নেতা এবং ছাত্র আন্দোলনের জনপ্রিয় মুখ নেহা বোরা।

এদিন এক সংবাদ সম্মেলনে গান্ধী বলেন, “এই লড়াইটি বিভিন্ন ক্ষেত্রে সরাসরি লড়া হচ্ছে-জনমতের ক্ষেত্রে, মনস্তাত্ত্বিক স্তরে, আইনি ক্ষেত্রে এবং রাজনৈতিক ময়দানে। আমরা সব ক্ষেত্রেই লড়াই করছি এবং সব সমরেই জয়ী হচ্ছি।”

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ নির্বাচিত হয়েছে ভিজিআইকে উৎসবে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ নির্বাচিত হয়েছে ভিজিআইকে উৎসবে

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আবারও বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব ‘ভিজিআইকে আন্তর্জাতিক শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব’-এর ৪৬তম আসরে ছবিটি নির্বাচিত হয়েছে। এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র এই উৎসবে স্থান পেয়েছে।

প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, বিশ্বের প্রথম চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত রাশিয়ার ‘গেরাসিমভ ইনস্টিটিউট অব সিনেমাটোগ্রাফি’ আয়োজিত এই উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘নিশি’। গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে দেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।

নির্মাতা গোলাম রাব্বানী এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেন, ‘বাংলা সিনেমার ইতিহাসে নিশি একের পর এক রেকর্ড গড়ছ, সত্যিই এটা আনন্দের খবর। এই অর্জন শুধু আমাকে নয় আমাদের ফিল্ম ইতিহাসকে বিশ্বের দরবারে সমৃদ্ধ করবে।’

জানা গেছে, উৎসবটি আগামী ১৬ থেকে ২০ নভেম্বর রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত হবে।

গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে নির্মিত ‘নিশি’র কাহিনি আবর্তিত হয়েছে চা-বাগানের এক শ্রমিকের মেয়েকে ঘিরে। পানির সংকটের কারণে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। কাঠ ব্যবসায়ী লালচাঁন বাড়িতে একটি নলকূপ বসিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায়। ছবিটিতে একটি শিশুর শিক্ষা, অধিকার ও জীবনের সংকট তুলে ধরা হয়েছে।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চা-শ্রমিকের মেয়ে নিশি, চা-শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী। ছবিটি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত হয়েছে।

‘নিশি’র নির্মাণে আন্তর্জাতিক সহযোগিতার ছাপ স্পষ্ট। ছবিটির চূড়ান্ত সম্পাদনা, রঙের বিন্যাস ও শব্দ সংযোজনের কাজ পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে সম্পন্ন হয়েছে। চিত্রগ্রহণ করেছেন ওই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী নাতালিয়া পুসনিক। সিলেটের একটি চা-বাগান ও আশপাশের এলাকায় ছবিটির শুটিং হয়েছে।

এর আগে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করেছে ‘নিশি’। এটি প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের ৩৫তম এমা অ্যাওয়ার্ড জয়ের কৃতিত্ব অর্জন করেছে। এছাড়া গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরেও ছবিটি পুরস্কার জিতেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%