ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘এক বছরের মধ্যে ঝিলমিল আবাসিক প্রকল্পে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’


‘এক বছরের মধ্যে ঝিলমিল আবাসিক প্রকল্পে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, আগামী এক বছরের মধ্যে ঝিলমিল আবাসিক প্রকল্পে বরাদ্দপ্রাপ্ত সকলকে নিশ্চিত করা হচ্ছে যাতে তারা নিজ নিজ প্লটে বাড়ি নির্মাণ করতে পারেন। এর জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের উন্নয়নকাজ সম্পন্ন করে এলাকাটিকে একটি পূর্ণাঙ্গ আবাসিক নগরী হিসেবে গড়ে তোলা হবে।

বুধবার দুপুরে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের নির্মাণাধীন স্কুল, হাসপাতাল ও থানা ভবনের কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণে বিলম্ব হয়েছে। এর ফলে উত্তরণে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। প্রকল্পের অবকাঠামোগত উন্নয়ন দ্রুত শেষ করে প্লট মালিকদের বাড়ি নির্মাণের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, সরকার ঝিলমিল প্রকল্পকে একটি আধুনিক ও পরিকল্পিত আবাসিক এলাকায় রূপান্তর করতে কাজ করছে। প্লট মালিকদেরও একটি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উন্নয়নকাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সকলের যেন বাড়ি নির্মাণ শুরু করার সুযোগ থাকে, সে লক্ষ্যেই কাজ চলছে। প্রকল্প এলাকার আলোকসজ্জা নিশ্চিত করতে সড়কবাতি স্থাপন এবং নিরাপত্তা বৃদ্ধি করতে সিসি ক্যামেরা বসানোর কাজ চলিতেছে।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহামেডান আমার আবেগের জায়গা : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


মোহামেডান আমার আবেগের জায়গা : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান। এই ক্লাবটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অনেক ইতিহাসের সাক্ষী। বিশ্বকাপ উপলক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ উপলক্ষে মোহামেডান এবার একটি ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে। বিশ্বকাপ চলাকালীন, তারা তাদের ফেসবুক পেজ থেকে বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্টদের নিয়ে নিয়মিত ‘বিশ্বকাপ আড্ডা’ আয়োজন করবে।

আজ ক্লাব প্রাঙ্গণে এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল, মোহামেডানের হাত ধরেই যার ক্যারিয়ারের পথচলা শুরু হয়েছিল। তাই ক্লাবের এমন আমন্ত্রণে তিনি সাড়া না দিয়ে পারেননি।

উদ্বোধনী অনুষ্ঠানে, প্রতিমন্ত্রী আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, ‘মোহামেডান আমার আবেগের জায়গা। মোহামেডান থেকে আমার ক্যারিয়ারের হাতেখড়ি। মোহামেডান থেকে পরবর্তীতে ফরাশগঞ্জে যাই, এরপরই জাতীয় দলে ডাক পাই। মোহামেডানের শুরুর দিকের সময়গুলো আমার ক্যারিয়ারে অনেক বড় ভূমিকা রেখেছে।’

বিশ্বকাপে অংশ না নিলেও, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে উন্মাদনার দিক দিয়ে সারা বিশ্বের মধ্যে অন্যতম আলোচিত দেশের তালিকায় বাংলাদেশ থাকে। এ সম্পর্কে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বকাপ পর্যায়ে খেলি না, কিন্তু আমাদের ফুটবলের প্রতি ভালোবাসা এবং আমাদের সমর্থকরা বিশ্বের সেরা।’

এ ছাড়া, বাংলাদেশে বিশ্বকাপের এই তুমুল উন্মাদনার উদাহরণ দিতে গিয়ে, তিনি একটি মজার ঘটনার চিত্র তুলে ধরেন। আমিনুল হক বলেন, ‘কর্মব্যস্ত দিন শেষে গতকাল যখন বাসায় ফিরছিলাম, তখন আমার স্ত্রী বলছিল- এবার কিন্তু ব্রাজিলের খাওয়া নেই।’

তিনি আরো বলেন, ‘আমার মেয়েকেও বলছিল- এবার ব্রাজিলের কিছু হবে না। মানে তারা আর্জেন্টিনার সাপোর্টার।’

মোহামেডানের ফেসবুক পেজে ‘বিশ্বকাপ আড্ডা’র এই উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি বরকতউল্লাহ ভুলু, ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইয়া, একাধিক পরিচালক, স্থায়ী সদস্য এবং ক্লাবের সাবেক তারকা ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সাবেক সচিব ইকবাল উদ্দিনকে ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য, তিনি যখন গণপূর্ত সচিব ছিলেন, তখনই মোহামেডান ক্লাব মতিঝিলের বর্তমান জায়গাটি বরাদ্দ পেয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এই লক্ষ্যে নীতিনির্ধারক, সুশীল সমাজ এবং সামাজিক সংগঠনকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। আজ বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বিশ্ববিদ্যালয় থেকে কর্মক্ষেত্র: নারীর নিরাপদ শিক্ষা ও কর্মপরিবেশ নিশ্চিতে জাতীয় কাঠামো প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

বিশ্বব্যাংকের আমব্রেলা ফ্যাসিলिटी ফর জেন্ডার ইকুয়ালিটি, ইউএনএফপিএ বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের থিংকিং, ইনোভেশন অ্যান্ড জেন্ডার ল্যাবের যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়ে থাকে। ফারজানা শারমীন বলেন, নারী ও শিশুর সুরক্ষায় কেবল শাস্তিমূলক ব্যবস্থাই যথেষ্ট নয়, প্রতিরোধমূলক পদক্ষেপকে অগ্রাধিকার প্রদান করতে হবে। আমরা সবসময় নির্যাতনের পরে আইনগত বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ব্যাপারে তৎপর হই। কিন্তু অপরাধের পেছনের মূল কারণগুলো অনুসন্ধান করি না এবং অপরাধ নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করি না। অপরাধীরা এই সুযোগ ব্যবহার করছে। আমাদেরকে এখন শেকড়ে হাত দিতে হবে। আইন ও নীতির কঠোর প্রয়োগের পাশাপাশি এখন সবচেয়ে বেশি প্রয়োজন প্রতিরোধমূলক ব্যবস্থায় মনোযোগ দেওয়া।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং বিশ্বব্যাংকের সিনিয়র সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সাবাহ মইন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের থিংকিং, ইনোভেশন অ্যান্ড জেন্ডার ল্যাবের প্রধান ড. সায়েদ শায়েখ ইমতিয়াজ। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ড. সোমা দে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক যুবক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক যুবক

খুলনার পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে এক যুবক, সুমন শেখ (৩২), অভিনব কায়দায় ছিনতাই করতে গিয়ে জনরোষের মুখে পড়ে। 

বুধবার (১০ জুন) দুপুরে হাসপাতালে মোড়ের ‘মুন ডায়াগনস্টিক সেন্টার’ থেকে টাকা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করার সময় তাকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় জনতা। পরে সুমনকে গণধোলাই দিয়ে পাইকগাছা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক সুমন শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকার মৃত নুরু শেখের ছেলে। বর্তমানে সে স্থানীয় ধামরাইল জুনিয়র স্কুলের পাশে শ্বশুরবাড়িতে অবস্থান করছিল এবং সেখান থেকে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল বলে জানা গেছে।

জানা গেছে, এ দিন দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার তালবাড়ি গ্রামের মৃত তারাপদ বাইনের ছেলে বিষ্ণুপদ বাইন (৪২) তার অসুস্থ ভাই দুলাল চন্দ্রকে ডাক্তার দেখানোর জন্য ওই ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশনে অপেক্ষা করছিলেন। এ সময় সুকৌশলে তাদের পাশে এসে দাঁড়ায় সুমন। এক পর্যায়ে বিষ্ণুপদ বাইনের পকেটে থাকা ৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এই পরিস্থিতি ঘটতে থাকে। বিষ্ণুপদ বিষয়টি টের পেয়ে যান এবং ছিনতাইকারী সুমনকে হাতেনাতে জাপটে ধরেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সুমনকে আটকে গণধোলাই দেয়।

আটকের পর, সুমনের দেহ তল্লাশি করে একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। খবর পেয়ে উপজেলার বাঁকা শ্রীকন্ঠপুর গ্রামের খায়রুল আলম নামে এক ব্যক্তি ঘটনাস্থলে এসে মোবাইলটি তার নিজের বলে শনাক্ত করেছেন। 

খায়রুল আলম জানান, তিনিও হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন এবং কোনো এক ফাঁকে সুমন তার পকেট থেকে মোবাইলটি হাতিয়ে নেয়। উপস্থিত সবার সামনে সুমন ওই মোবাইল চুরির কথা স্বীকার করেছে।

পরবর্তীতে, স্থানীয় জনতা পাইকগাছা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে সুমনকে তাদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিরিক্ত সার ব্যবহারের কারণে উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


অতিরিক্ত সার ব্যবহারের কারণে উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, অতিরিক্ত সার ব্যবহারের কারণে অম্লতা বেড়ে মাটির উর্বরতা কমে গেছে। মাটির উর্বরতা আবারও ফিরিয়ে আনতে হবে।

বুধবার (১০ জুন) রাজধানীর খামারবাড়ির মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) মিলনায়তনে প্রতিষ্ঠানটির বার্ষিক কারিগরি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়তে মাটির পিএইচ মান বৃদ্ধি করা প্রয়োজন। মাটির উর্বরতা বাড়ানোর মাধ্যমে দেশের কৃষি আরও এগিয়ে যাবে। এ বিষয়ে বিজ্ঞানীদের অগ্রসর হতে হবে। কৃষি শক্তিশালী হলে এদেশের ৭৫ ভাগ মানুষের অর্থনীতি শক্তিশালী হবে।

মাটি ও কৃষি বিজ্ঞানীদের উদ্দেশে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘পৃথিবীর ধনী দেশগুলো বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। তবে আমাদের দেশে ১২ মাস ফসল ফলানো হয়। আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘এই দেশ আমাদের। এই পৃথিবী আমাদের। আসুন, সবাই মিলে আগামীকে কিছু দেওয়ার জন্য প্রস্তুতি নিই। আমি আশা করি, আপনারা আমাদের সহযোগিতা করবেন। সবাই মিলে চলুন আমরা এগিয়ে যাই। আমরা বিশ্বাস করি, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ, সুন্দর পৃথিবী রেখে যেতে হবে। এটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ও কর্তব্য।’

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘মাটিকে নতুন করে সাজাতে (পিএইচ মান বৃদ্ধি) হবে। সর্বাধিক দুই বছরের মধ্যে একটি গবেষণা ফলাফল বের করতে হবে। এই বছরেই আমি দুইটি জায়গায় গবেষণা করার জন্য বলেছি- এক ফসল থেকে আরেক ফসলের মধ্যে ১৫ দিনের গ্যাপ থাকবে। এক বিঘা জমির ওপর আমাকে রিসার্চটা করে দেন। শুধু ৪.৫ পিএইচ এর ভূমিকে চিহ্নিত করেন। তাহলেই কার্যকর হবে, আমি আশা করি, ভালো কিছু হবে।’

মাটির গুণাগুণ নষ্ট হওয়ার পেছনে কীটনাশকও অনেকাংশে দায়ী ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘এদেশে পেস্টিসাইডের অবস্থা দেখেন। আমি মনে করি, এটি আরেকটি কঠিন জগত, আবহাওয়া ধ্বংস হচ্ছে, ফসল ধ্বংস হচ্ছে, মাটি ধ্বংস হচ্ছে এবং মানব স্বাস্থ্য ধ্বংস হচ্ছে। পৃথিবীতে কি পেস্টিসাইড কেউ ব্যবহার করে না? ব্যবহার করে। আমাদের গুণগত মান আরও শক্তভাবে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে বলেই আমি মনে করি।’

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সম্প্রসারণ মো. সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম হাফিজ কেনেডি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%