০২:২৯ পি.এম
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলন কারও একক কৃতিত্ব নয়। বরং এটি দেশের গণতন্ত্রকামী সকল মানুষের সম্মিলিত অবদানের ফল। তিনি অন্যদের খাটো করার অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, "এ আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করা উচিত নয়।"
শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘আমরা বিএনপি পরিবার’ এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত “বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ” শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে সভাপতির বক্তৃতার সময় তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কারাবরণ করেছেন এবং নানা ধরনের নির্যাতন সহ্য করেছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও দীর্ঘ দেড় দশক নির্বাসিত জীবন কাটিয়েছেন এবং তিনি অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু তাঁরা নিজেদের কৃতিত্ব দাবি করেননি।
আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না
আতিকুর রহমান রুমন বলেন, “নিজেকে জাহির করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। বিএনপি কখনো বলেনি যে, তারা একাই সবকিছু করেছে। যারা আজ একক কৃতিত্বদাবি করছেন, জনগণ একদিন তাদের প্রত্যাখ্যান করবে। ইতিহাসও তাদের স্থান দেবে না।”
তিনি জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন, অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির নেতাকর্মীদের সহায়তা করেছেন। অনেক সাংবাদিক তাদের মোটরসাইকেল ও গাড়িতে তুলে আমাকে-সহ বিএনপির নেতাদের নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। এজন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন