ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঝড়ে উপড়ে পড়া গাছ আবার দাঁড়িয়ে গেছে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি


ঝড়ে উপড়ে পড়া গাছ আবার দাঁড়িয়ে গেছে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে ঝড়ে উপড়ে পড়া একটি গাছ হঠাৎ করে আবার দাঁড়িয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি অনেক মানুষ অলৌকিক বলে দাবি করছেন। প্রতিদিন শত শত মানুষ গাছটি দেখতে ভিড় করছেন। কেউ কেউ মানত করছেন এবং আবার কেউ গাছের শিকড় সংগ্রহ করছেন রোগ-ব্যাধির নিরাময়ের আশায়।

স্থানীয় সূত্র জানা যায়, প্রায় দেড় মাস আগে এক প্রচণ্ড ঝড়ে মুন্সীবাড়ির পুকুরপাড়ে একটি বড় আকারের গাছ শিকড়সহ উপড়ে মাটিতে পড়ে গিয়েছিল। পরবর্তীকালে গাছটি বিক্রি করা হলে কাঠুরিয়া গাছের ডালপালা ও বিভিন্ন অংশ কেটে ফেলেন। স্থানীয়দের মতামত অনুযায়ী, কাটার কাজ চলাকালীন সময়ে গাছটির অবশিষ্ট অংশ হঠাৎ করে আবার আগের স্থানে দাঁড়িয়ে যায়।

বৃহস্পতিবার(৪জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রায় ১৫ ফুট উচ্চতার ডালপালাবিহীন গাছের একটি অংশ কিছুটা সামনের দিকে হেলে দাঁড়িয়ে রয়েছে। গাছটির গোড়া ও শিকড় এখনো দৃশ্যমান অবস্থায় রয়েছে এবং কেটে ফেলা অংশগুলো পাশে পড়ে আছে।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

গাছটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ধর্মীয় আবেগ সৃষ্টি হয়েছে। গাছের গোড়ায় লাল কাপড় বাঁধা হয়েছে। অনেককে সেখানে আগরবাতি ও মোমবাতি জ্বালাতে দেখা গেছে। কেউ কেউ দোয়া পড়ছেন, আবার কেউ গাছের শিকড় সংগ্রহ করছে বিভিন্ন রোগের উপশমের আশায়।

মুন্সীবাড়ির সদস্য শারমীন সুলতানা দাবি করেন, তিনি নিজ চোখে দেখেছেন যে গাছটি পড়ে গিয়ে পরে আবার দাঁড়িয়ে গেছে। তার ভাষ্যমতে, ঝড়ে গাছটি পড়ে যাওয়ার পর কেটে টুকরো টুকরো করা হচ্ছিল এবং হঠাৎ করে তিনি দেখতে পান গাছটি আবার উঠে দাঁড়িয়েছে। বিষয়টি তাকে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ঘটনাটি প্রত্যক্ষ করেন।

পরিবারের সদস্য আবুল বাশার মুন্সী বলেন, প্রচণ্ড ঝড়ে গাছটি পড়ে গিয়েছিল এবং পরে বিক্রি করে দেওয়া হয়। কাটার পর গাছটি আবার দাঁড়িয়ে যায় এবং এটি আল্লাহর কুদরত ছাড়া অন্য কিছু নয় বলে তিনি মনে করেন।

গাছের মালিক মাহবুব মুন্সী বলেন, কীভাবে এমনটি হয়েছে তা আল্লাহই ভালো জানেন। প্রতিদিন বহু মানুষ গাছটি দেখতে আসছেন এবং কেউ মানত করছেন, কেউ শিকড় নিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩

প্রতিবেশী আঁখি বেগম বলেন, গাছটি মাটিতে পড়ে থাকার সময় এর ওপর দিয়েও তিনি চলাচল করেছেন এবং পরে কাটার পর আবার দাঁড়িয়ে যেতে দেখেছেন। এই বিষয়টি তাদের কাছে বিস্ময়কর।

আরেক প্রতিবেশী ফরিদ মুন্সী বলেন, গাছটি দাঁড়িয়ে যাওয়ার খবর শুনে তিনি দেখতে এসেছেন এবং বর্তমানে এটি দাঁড়িয়ে আছে। শত শত মানুষ এটি দেখতে আসছেন।

গাছটি কাটার কাজ করা কাঠুরিয়া মো. আমিন মিয়া জানান, গাছটি ঝড়ে শিকড়সহ উপড়ে পড়েছিল। তিনি মাটিতে থাকা অবস্থাতেই কাটতে শুরু করেন এবং ডালপালা কাটার পর গাছটি আবার দাঁড়িয়ে যায়। তবে গাছের মধ্যে জিন-ভূত আছে বলে তিনি বিশ্বাস করেন না।

এই ঘটনা নিয়ে এলাকায় নানা আলোচনা ও সমালোচনা চলছে। তবে গাছটি কীভাবে পুনরায় দাঁড়িয়ে গেল, তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও সামনে আসেনি। স্থানীয়দের কাছে এটি বর্তমানে বিস্ময় ও কৌতূহলের এক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

আরও পড়ুন: কাউখালীতে ইউএনওর আকস্মিক শ্রেণিকক্ষ পরিদর্শন, শিক্ষার্থীদের পাঠদান করালেন রেহেনা আক্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সামরিক সক্ষমতায় বিশ্বকে চমকে দিতে নিজেদের পারমাণবিক শক্তিকে এবার ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির একটি প্রকাশ্য ঘোষণা দিয়েছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রকাশ্য চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে জানিয়েছেন, গত পাঁচ বছরে উত্তর কোরিয়ায় অস্ত্র তৈরির উপযোগী পারমাণবিক উপাদানের উৎপাদন দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে।

তুরস্কভিত্তিক সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বৃহস্পতিবার (৪ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

কিম জং উন বলেন, উত্তর কোরিয়ার একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময়, দেশের পারমাণবিক শক্তিকে অনিয়ন্ত্রিত হারে শক্তিশালী করার লক্ষ্যে উত্তর কোরিয়া একটি ‘উচ্চাভিলাষী ভবিষ্যৎ পরিকল্পনা’ নিশ্চিত করেছে।

এই পরিকল্পিত বৃদ্ধির বিষয়ে তিনি আরও বলেন, এটি এমন এক আশ্চর্যজনক ও সফল পরিবর্তন যা ভাষায় বর্ণনা করা অসাধ্য। আমাদের পারমাণবিক সক্ষমতাকে দ্রুত আধুনিকীকরণের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী মাইলফলক এবং ঐতিহাসিক ঘটনা।

দক্ষিণ কোরিয়া এবং সেখানে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর সম্ভবনা আক্রমণ থেকে নিজেদের রক্ষাকবচ হিসেবে এই পারমাণবিক অস্ত্রাগার গড়ে তুলছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের কোনো চাপ বা আহ্বানকে পাত্তা না দিয়ে পিয়ংইয়ং জোর দিয়ে জানিয়েছে, তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না এবং তাদের এই পথ ‘অপরিবর্তনযোগ্য’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইলন মাস্ক ব্রিটেনে বিভাজন উসকে দেওয়ার চেষ্টা করছেন : স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


ইলন মাস্ক ব্রিটেনে বিভাজন উসকে দেওয়ার চেষ্টা করছেন : স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অভিযোগ করেছেন যে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ব্রিটেনে ‘বিভাজন উসকে দেওয়ার চেষ্টা করছেন’।

এই অভিযোগের পেছনে রয়েছে এক শ্বেতাঙ্গ শিক্ষার্থী হত্যাকা-ে পুলিশের ভূমিকা নিয়ে সৃষ্ট ক্ষোভ। ১৮ বছর বয়সী শিক্ষার্থী হেনরি নোভাককে গত ডিসেম্বরে দক্ষিণ ইংল্যান্ডের সাউদাম্পটন শহরে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকা নোভাককে পুলিশ হাতকড়া পরায়। পরবর্তীতে তার মৃত্যু ঘটে, যা যুক্তরাজ্যে ব্যাপক রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে।

মামলায় অভিযুক্ত ২৩ বছরের বিক্রম ডিগওয়া শিখ সম্প্রদায়ের সদস্য এবং তিনি পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে দাবি করেছিলেন যে তিনি হামলার শিকার হয়েছেন এবং নোভাক তাকে বর্ণবাদী গালি দিয়েছিলেন। যুক্তরাজ্যের কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলো এই ঘটনার উদাহরণ টেনে দাবি করছে যে, দেশটির পুলিশ শ্বেতাঙ্গ এবং জাতিগত সংখ্যালঘুদের প্রতি ভিন্ন আচরণ করে। তবে স্টারমারের সরকার ও পুলিশ নেতৃত্ব এই অভিযোগকে দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর মালিক মাস্ক এ ঘটনার তদন্ত ও পুলিশের ভূমিকা নিয়ে একাধিক পোস্ট করেছেন। এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘মানুষ কি জানে যে পুলিশের আনুষ্ঠানিক নীতিমালাই তাদের শ্বেতাঙ্গদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ করতে বাধ্য করে?’

এ হত্যাকাণ্ডের তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে ব্যক্তিগত মামলা পরিচালনার অর্থায়নের প্রস্তাবও দিয়েছেন মাস্ক, একই সঙ্গে তিনি হ্যাম্পশায়ার পুলিশকে কটাক্ষ করেছেন।

লন্ডন থেকে এএফপি জানায়, এ প্রসঙ্গে স্টারমার সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশ হিসেবে আমরা কারা, সেটিও তুলে ধরতে হবে। কারণ গত কয়েক দিনে মাস্ক আবারও আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করেছেন এবং বিভাজন উসকে দেওয়ার চেষ্টা করেছেন। ব্রিটেন এমন দেশ নয়।’

তিনি আরও বলেন, ‘ব্রিটেনের মানুষ যুক্তিবাদী ও সহনশীল। হেনরির ঘটনার মতো ভয়াবহ কোনো ঘটনা ঘটলে আমরা তার পরিবারের মতোই শান্ত ও সংযতভাবে প্রতিক্রিয়া জানাই।’

হেনরি নোভাকের বাবা আগে থেকেই অনুরোধ করেছেন যে, তার ছেলের হত্যাকা-কে যেন ‘আরও বিভাজন, ঘৃণা বা উত্তেজনা সৃষ্টির’ কাজে ব্যবহার না করা হয়। সোমবার আদালত ভিকরাম ডিগওয়াকে কমপক্ষে ২১ বছরের কারাদ- দেয়। মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে তিনি ২১ সেন্টিমিটার (আট ইঞ্চি) ব্লেডবিশিষ্ট একটি আনুষ্ঠানিক ছুরি দিয়ে নোভাককে হত্যা করেন।

মঙ্গলবার রাতে সাউদাম্পটনে কট্টর ডানপন্থিদের অংশগ্রহণে আয়োজিত এক বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট, ফ্লেয়ার ও চেয়ার নিক্ষেপ করে। এ ঘটনার জন্য একজনের বিরুদ্ধে হামলার ও আরেকজনের বিরুদ্ধে সহিংস বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। স্টারমার বলেন, এ ধরনের সহিংসতার কোনো যুক্তি নেই।

তিনি আরও বলেন, নোভাক হত্যার ঘটনায় মানুষের প্রতিক্রিয়া হওয়া উচিত ‘বিশুদ্ধ ঠান্ডা ক্ষোভ’—এমন মন্তব্য করে নাইজেল ফারাজ যে বক্তব্য দিয়েছেন, তা ‘অমার্জনীয়’। জনমত জরিপে এগিয়ে থাকা রিফর্ম ইউকের নেতা ফারাজ তার মন্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন।

স্টারমার বলেন, নোভাকের মৃত্যুর সময় ধারণ করা বডিক্যাম ফুটেজ ‘হৃদয়বিদারক’। ওই ফুটেজে বারবার দেখা যায়, তিনি পুলিশকে বলছেন যে তিনি শ্বাস নিতে পারছেন না। প্রধানমন্ত্রী আরও বলেন, পুলিশের ভূমিকা নিয়ে ‘গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর পাওয়া প্রয়োজন’ এবং ঘটনাটি তদন্ত করছে ইন্ডিপেনডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট (আইওপিসি), আশা করা হচ্ছে আগামী তিন মাসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হবে।

মাস্ক দীর্ঘদিন ধরে স্টারমারের সমালোচক। রাজনীতিতে আসার আগে স্টারমার যুক্তরাজ্যের প্রধান সরকারি কৌঁসুলি ছিলেন। গত বছর শিশু যৌন নির্যাতনসংক্রান্ত ‘গ্রুমিং গ্যাং’ কেলেঙ্কারিতেও তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। তখন স্টারমার বিশ্বের শীর্ষ ধনীদের একজন মাস্কের বিরুদ্ধে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর’ অভিযোগ করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রযুক্তির সাহায্যে ভুল ও অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


প্রযুক্তির সাহায্যে ভুল ও অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার জন্য প্রযুক্তি একদিকে যেমন আশীর্বাদ, অন্যদিকে এটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি মনে করিয়ে দেন, ‘বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ও অপতথ্য প্রচারের বিষয়টি এখন একটি বড় জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ।

আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করতে আসলে মন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাৎকালে, মন্ত্রী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সাধারণ মানুষের কল্যাণে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন জনমুখী কার্যক্রম এবং এর অর্থনৈতিক গুরুত্বের বিষয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে বিস্তারিত অবহিত করেন।

জহির উদ্দিন স্বপন হাইকমিশনারকে জানান, দেশের গণমাধ্যম খাতের গুণগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর জোর দিয়ে সরকার একটি স্বাধীন ও শক্তিশালী ‘গণমাধ্যম কমিশন’ গঠনের উদ্যোগ নিয়েছে। এই কমিশন গঠনে এবং গণমাধ্যমের আধুনিকায়নে অস্ট্রেলিয়ার লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করে অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতা কামনা করা হয়।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য ও গুজব সফলভাবে মোকাবেলার উপায় নিয়েও আলোচনা হয়।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বর্তমান সরকারের সামাজিক কল্যাণমূলক উদ্যোগগুলোর প্রশংসা করেন। একই সঙ্গে তিনি তথ্যপ্রযুক্তির নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং বাংলাদেশে গণমাধ্যম কমিশন গঠনে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সার্বিক কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেমিনি থেকে ছবি দিয়ে ভিডিও তৈরি হবে, গুগলের নতুন ফিচার এসেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


জেমিনি থেকে ছবি দিয়ে ভিডিও তৈরি হবে, গুগলের নতুন ফিচার এসেছে

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্ল্যাটফর্ম জেমিনিতে গুগল নতুন ভিডিও তৈরি ও সম্পাদনার সুবিধা যুক্ত করেছে। নতুন এই ফিচারের সাহায্যে, ব্যবহারকারীরা শুধুমাত্র লিখিত নির্দেশনা (প্রম্পট) ব্যবহার করে ভিডিও তৈরি, সম্পাদনা এবং বিভিন্ন পরিবর্তন করতে সক্ষম হবেন।

গুগলের নতুন জেমিনির উন্নত মডেল ‘জেমিনি অমনি’ টেক্সট, ছবি, অডিও ও ভিডিও ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরির কাজটি সহজেই করতে পারে। এর আগে জেমিনিতে ছবি তৈরি ও সম্পাদনার ব্যবস্থা ছিল, তবে ভিডিও তৈরি করতে আলাদা অ্যাপ বা সেবার প্রয়োজন ছিল। এখন নতুন আপডেটের ফলে ভিডিও তৈরির কাজটি সরাসরি জেমিনির মধ্যে হয়।

কি কি করা যাবে? নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একটি বর্ণনা লিখেই ভিডিও তৈরির কাজ সম্পন্ন করতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি কেউ লেখেন “মহাকাশে ভাসছে একটি বিড়াল”, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই ওই বর্ণনার ভিত্তিতে ভিডিও তৈরি করতে পারবে জেমিনি।

এছাড়া, কোনো ভিডিও আপলোড করে তার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে, নতুন কোনো বস্তু যোগ করতে, দৃশ্যের উপাদান পরিবর্তন করতে কিংবা নির্দিষ্ট অংশ সম্পাদনার নির্দেশ চ্যাটের মাধ্যমে দেওয়া যাবে।

যেভাবে ব্যবহার করবেন, ভিডিও সম্পাদনার জন্য প্রথমে জেমিনিতে একটি ভিডিও আপলোড করতে হবে। এরপর ব্যবহারকারী কী ধরনের পরিবর্তন চান, তা লিখে জানাতে হবে। নির্দেশনা পাওয়ার পর, জেমিনি কিছুক্ষণের মধ্যেই সম্পাদিত ভিডিওর প্রিভিউ দেখাবে। ফলাফল সন্তোষজনক মনে হলে, ব্যবহারকারী সেটি ডাউনলোড করে নিতে পারবেন।

ফিচারটি স্মার্টফোনের জেমিনি অ্যাপ এবং ওয়েব সংস্করণ উভয় প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে।

আরও বাস্তবসম্মত ভিডিও তৈরিতে, গুগলের দাবি, জেমিনি অমনি আলো, ছায়া এবং বাস্তব জগতের বিভিন্ন গতিবিধি আরও নিখুঁতভাবে অনুকরণ করতে সক্ষম। এর ফলে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ভিডিওগুলো আগের তুলনায় অনেক বেশি স্বাভাবিক ও বাস্তবসম্মত দেখাবে।

নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা। এআই-নির্মিত ভিডিওর অপব্যবহার রোধে প্রতিটি ভিডিওতে ‘সিন্থ আইডি’ নামে একটি অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত রাখা হবে। এর মাধ্যমে সহজেই শনাক্ত করা যাবে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি হয়েছে কি না।

প্রাথমিকভাবে, গুগলের এআই প্রিমিয়াম গ্রাহক এবং নির্দিষ্ট ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এই ফিচার ভিডিও কনটেন্ট তৈরি ও সম্পাদনার ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%