প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্ল্যাটফর্ম জেমিনিতে গুগল নতুন ভিডিও তৈরি ও সম্পাদনার সুবিধা যুক্ত করেছে। নতুন এই ফিচারের সাহায্যে, ব্যবহারকারীরা শুধুমাত্র লিখিত নির্দেশনা (প্রম্পট) ব্যবহার করে ভিডিও তৈরি, সম্পাদনা এবং বিভিন্ন পরিবর্তন করতে সক্ষম হবেন।
গুগলের নতুন জেমিনির উন্নত মডেল ‘জেমিনি অমনি’ টেক্সট, ছবি, অডিও ও ভিডিও ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরির কাজটি সহজেই করতে পারে। এর আগে জেমিনিতে ছবি তৈরি ও সম্পাদনার ব্যবস্থা ছিল, তবে ভিডিও তৈরি করতে আলাদা অ্যাপ বা সেবার প্রয়োজন ছিল। এখন নতুন আপডেটের ফলে ভিডিও তৈরির কাজটি সরাসরি জেমিনির মধ্যে হয়।
কি কি করা যাবে? নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একটি বর্ণনা লিখেই ভিডিও তৈরির কাজ সম্পন্ন করতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি কেউ লেখেন “মহাকাশে ভাসছে একটি বিড়াল”, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই ওই বর্ণনার ভিত্তিতে ভিডিও তৈরি করতে পারবে জেমিনি।
এছাড়া, কোনো ভিডিও আপলোড করে তার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে, নতুন কোনো বস্তু যোগ করতে, দৃশ্যের উপাদান পরিবর্তন করতে কিংবা নির্দিষ্ট অংশ সম্পাদনার নির্দেশ চ্যাটের মাধ্যমে দেওয়া যাবে।
যেভাবে ব্যবহার করবেন, ভিডিও সম্পাদনার জন্য প্রথমে জেমিনিতে একটি ভিডিও আপলোড করতে হবে। এরপর ব্যবহারকারী কী ধরনের পরিবর্তন চান, তা লিখে জানাতে হবে। নির্দেশনা পাওয়ার পর, জেমিনি কিছুক্ষণের মধ্যেই সম্পাদিত ভিডিওর প্রিভিউ দেখাবে। ফলাফল সন্তোষজনক মনে হলে, ব্যবহারকারী সেটি ডাউনলোড করে নিতে পারবেন।
ফিচারটি স্মার্টফোনের জেমিনি অ্যাপ এবং ওয়েব সংস্করণ উভয় প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে।
আরও বাস্তবসম্মত ভিডিও তৈরিতে, গুগলের দাবি, জেমিনি অমনি আলো, ছায়া এবং বাস্তব জগতের বিভিন্ন গতিবিধি আরও নিখুঁতভাবে অনুকরণ করতে সক্ষম। এর ফলে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ভিডিওগুলো আগের তুলনায় অনেক বেশি স্বাভাবিক ও বাস্তবসম্মত দেখাবে।
নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা। এআই-নির্মিত ভিডিওর অপব্যবহার রোধে প্রতিটি ভিডিওতে ‘সিন্থ আইডি’ নামে একটি অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত রাখা হবে। এর মাধ্যমে সহজেই শনাক্ত করা যাবে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি হয়েছে কি না।
প্রাথমিকভাবে, গুগলের এআই প্রিমিয়াম গ্রাহক এবং নির্দিষ্ট ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এই ফিচার ভিডিও কনটেন্ট তৈরি ও সম্পাদনার ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন