০৮:৪৭ পি.এম
ভারতের উত্তরপ্রদেশের মিরাটে যৌতুক হিসেবে গাড়ি দাবি করার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করেছেন এক কনের আত্মীয়রা। বরের পরিবারের হাতে আসল গাড়ির পরিবর্তে একটি প্লাস্টিকের খেলনা গাড়ি তুলে দিয়ে বিয়ে বাতিলের ঘোষণা দেন তারা। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার (২৮ নভেম্বর) মিরাটের জ্ঞানপুর গ্রামে এই ঘটনা ঘটে। প্রায় পাঁচ মাস আগে জ্ঞানপুরের এক বাসিন্দার ছেলের সঙ্গে সালোনা গ্রামের এক তরুণীর বিয়ের কথা চূড়ান্ত হয়।
বাগদানের সময় কনের পরিবার বরপক্ষকে বিভিন্ন উপহারসামগ্রীর সঙ্গে ১ লাখ রুপি দিয়েছিল। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতার এক পর্যায়ে বরপক্ষের পক্ষ থেকে গাড়ি দাবি করা হয় বলে অভিযোগ করেছে কনের পরিবার।
আরও পড়ুন: নাৎসিদের পর ইউরোপের জন্য সবচেয়ে বড় হুমকি ইসলামিক স্টেটের মুসলিম ব্রাদারহুড
জানা গেছে, শনিবার কনের বাড়িতে ‘লাল খাত’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কনের পরিবার আনুষ্ঠানিকভাবে বরপক্ষকে বিয়ের আমন্ত্রণ জানায়, যা উত্তরপ্রদেশে প্রচলিত একটি রীতি। বরপক্ষের স্বজনেরা এই অনুষ্ঠানে যোগ দিতে কনের বাড়িতে আসেন।
তবে সকাল থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত তাদের অপেক্ষায় রাখা হয়। পরে কনের স্বজনেরা বরের বাবার হাতে একটি খেলনা গাড়ি তুলে দিয়ে বিয়ে বাতিলের ঘোষণা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কনের পরিবারের সদস্যদের বলতে শোনা যায়, ‘আপনার একজন মানুষ দরকার ছিল না, আপনার দরকার ছিল একটি গাড়ি। আমরা আপনাকে একটি খেলনা গাড়ি দিয়েছি। এবার এটি চালাতে পারেন।’
প্রতিবেদন অনুযায়ী, কনের পরিবার কিছুদিন আগে কিছু জমি বিক্রি করেছিল। এই জমি বিক্রির বিষয়টি জানতে পেরে বরের পরিবার যৌতুক হিসেবে একটি গাড়ি দাবি করে।
আরও পড়ুন: ‘ভারতে মুসলিমদের জীবন কি আখের চেয়েও সস্তা?’
কনের পরিবার বরের পরিবারকে বোঝানোর চেষ্টা করেছিল। তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়নি। এরপর তারা শনিবার বরপক্ষকে দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে প্লাস্টিকের গাড়ি তুলে দিয়ে জানিয়ে দেয় যে, এই বিয়ে আর হচ্ছে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন