০৭:৪৪ পি.এম
বিশ্বকাপের প্রথম ম্যাচে 'ভয়াবহ ফাউল' করে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার থেম্বা জোয়ান। এই নিষেধাজ্ঞা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দলের প্রধান কোচ হুগো ব্রুস। তিনি দাবি করেন, ফাউলের কারণে জোয়ানকে অনেক কঠোর শাস্তি দেয়া হলেও একই অপরাধে মেসিকে ছাড় দেয়া হয়েছে। এতে ফিফার প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন তিনি। মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আজ (১৮ জুন) রাতে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামবে বাফনা বাফনারা। ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ব্রুস দাবি করেন, খেলোয়াড়দের শাস্তির ক্ষেত্রে শৃঙ্খলা কমিটির কোনো ধারাবাহিকতা নেই। তিনি বলেন, বড় তারকাদের ক্ষেত্রে যেখানে নমনীয়তা দেখানো হয়, সেখানে সাধারণ খেলোয়াড়দের ওপর কঠোর শাস্তির বোঝা চাপানো হচ্ছে। এক্ষেত্রে মেসির দিকে ইঙ্গিত করেছেন দক্ষিণ আফ্রিকান কোচ। ঘটনার সূত্রপাত মূলত মেক্সিকোর বিপক্ষে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচে ঘটে। ম্যাচের ৮৪তম মিনিটে বিকল্প খেলোয়াড় হিসেবে মাঠে নামা থেম্বা জোয়ান পজিশন নেওয়ার লড়াইয়ে মেক্সিকান ফরোয়ার্ড রবার্তো আলভারাডোর মুখে আঘাত করেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির রিভিউয়ের পর রেফারি উনাকে সরাসরি লাল কার্ড দেখান। সাধারণত লাল কার্ডের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হলেও এটিকে 'ভয়াবহ অপরাধ' হিসেবে চিহ্নিত করে ফিফার শৃঙ্খলা কমিটি পরবর্তীতে জোয়ানের শাস্তি বাড়িয়ে তিন ম্যাচ করে। ফলস্বরূপ, গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোর পাশাপাশি, নকআউট পর্বে গেলে শুরুর দিকে মাঠের বাইরে থাকতে হবে এই অভিজ্ঞ মিডফিল্ডারকে। দক্ষিণ আফ্রিকা যদি শেষ ১৬তে খেলতে পারে, তবেই কেবল জোয়ান আবার মাঠে নামার সুযোগ পাবেন। ফিফার এই বাড়তি নিষেধাজ্ঞা কোনভাবেই মেনে নিতে পারছেন না হুগো ব্রুস। তিনি আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম ম্যাচের একটি ঘটনার দিকে আঙুল তোলেন। ওই ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্ডির কাছ থেকে বল কেড়ে নেওয়ার সময় বিপজ্জনকভাবে বুটের স্টাড দিয়ে আঘাত করেছিলেন। ব্রুসের অভিযোগ, মেসির ওই বিপজ্জনক চ্যালেঞ্জটি ফাউল হওয়া সত্ত্বেও ভিএআর দ্বারা রিভিউ পর্যন্ত করা হয়নি এবং রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এমনকি মেসিকে কোন সতর্কবার্তাও দেয়া হয়নি। কোচ হুগো ব্রুস বলেন, 'প্রথমত, লাল কার্ড অনেক গুরুতর একটা জিনিস। আমি থেম্বার লাল কার্ডের হাইলাইটস দেখেছি। আমি মনে করি না, এটা লাল কার্ড পাওয়ার যোগ্য।' তিনি আরও বলেন, 'যদি আমি গতকাল মেসির ঘটনাটা দেখি, আমার ধারণা ওখানে একটি ভিএআর চেকও করা হয়নি। আমি চাইনা মেসি লাল কার্ড পাক কারণ তার মাঠে থাকা উচিত। আমরা সবাই কাল দেখেছি সে কতটা দারুণ খেলোয়াড়। কিন্তু অবশ্যই, এই বৈষম্য কেন, আমি কিছুটা হতাশ এই ব্যাপারে।' বিশ্বকাপের মতো আসরে রেফারিং এবং শৃঙ্খলা কমিটির এমন দ্বিমুখী নীতি নিয়ে ইতোমধ্যে সমালোচনার মুখে ফিফা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন