ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

“দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত করল আদালত”


“দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত করল আদালত”

সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।

আদাবর এবং যাত্রাবাড়ী থানার দুটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আজ স্থগিত করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী লিটন আহমেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অনীক আর হক।

আরও পড়ুন: ঈশ্বরদীতে জমি বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি

২০২৪ সালের ২১ অক্টোবর রাতে দেড়টার সময় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার কিছু সময় আগে ২১ অক্টোবর দিনগত রাত সোয়া ১টার দিকে তিনি নিজের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি।

দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’ সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জ জেলা এলাকায় বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে হাইকোর্টে মিরপুর থানার মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়। পরে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করে। রাষ্ট্রপক্ষ পরে ওই জামিনাদেশ স্থগিত করার জন্য আপিলে আবেদন করে। এরপর আপিল বিভাগ ওই মামলায় তার জামিন বহাল রাখে।

আবার পরে হাইকোর্ট বিভাগে আরো দুই মামলায় জামিনও পান সৈয়দ সায়েদুল হক সুমন।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ

জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়ন সংক্রান্ত উচ্চপর্যায়ের কর্মশালায় অংশীজনদের মধ্যে দু’টি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেছেন, প্রথমত, দেশে একটি स्वतंत्र গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে সবাই একমত হয়েছেন। দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত মিডিয়া রিফর্মস কমিশনের রিপোর্টকে অন্যতম ভিত্তি বিবেচনা করে ভবিষ্যৎ সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে।

আজ সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন, আজকের কর্মশালায় বিস্তারিত অনেক বিষয় আলোচনায় এসেছে। তবে প্রাথমিকভাবে দু’টি গুরুত্বপূর্ণ ব্যাপার আমি জানাতে চাই। প্রথমটি হচ্ছে— গণমাধ্যম কমিশন গঠন করার বিষয়ে আজ একটি ঐক্যমত হয়েছে। এই কমিশন যেন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে, সে বিষয়ে আমরা সবাই একমত হয়েছি। তবে এই কমিশন কীভাবে গঠিত হবে, এর কাজের পরিধি ও এখতিয়ার কী হবে— তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা হয়েছে এবং ভবিষ্যতেও এটি আরো আলোচিত হবে। অর্থাৎ, কমিশন গঠনে ঐক্যমত হলেও এর চূড়ান্ত আওতা এখনো নির্ধারিত হয়নি।

দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কামাল আহমেদের নেতৃত্বে যে মিডিয়া রিফর্মস কমিশন গঠিত হয়েছিল, আজকের আলোচনায় অংশগ্রহণকারীরা সেটিকে অত্যন্ত গুরুত্বের সাথে কগনিজেন্সে (আমলে) নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা ওই রিপোর্টকে ভিত্তি করে আলোচনা এগিয়ে নেওয়ার পক্ষে মত দিয়েছেন।’

তিনি আরো জানান, তবে ওটাই যে হুবহু বা সবকিছু নেওয়া হবে তা নয়। যেহেতু তারা দীর্ঘ পরিশ্রম করে এবং অনেক স্টেকহোল্ডারের সাথে আলোচনা করে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করেছিলেন, তাই সেই রিপোর্টটিকে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব। এই বিষয়েও আজ একটি ঐক্যমত হয়েছে।

তথ্য উপদেষ্টা আরো জানান, এই দু’টি প্রধান সিদ্ধান্তের বাইরেও সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, সংবাদপত্র মালিকদের সংগঠনসহ সংশ্লিষ্টদের সঙ্গে গণমাধ্যমকে কীভাবে আরো স্বাধীন, মুক্ত করা যায়— সে বিষয়ে অনেকগুলো ছোটখাট বিষয়ে আলোচনা হয়েছে।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে অনুষ্ঠিত এ কর্মশালায় ন্যাশনাল এডিটরস কাউন্সিল, সম্পাদক পরিষদ, জাতীয় নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব), টেলিভিশন এডিটরস কাউন্সিল, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো), ন্যাশনাল মিডিয়া ওয়াচ কাউন্সিল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি), ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন টেলিভিশন মালিক, সম্পাদকবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং দেশের শীর্ষ গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বৃহৎ পরিসরে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

তিনি আকর্ষণীয় প্রণোদনা, বিশ্বমানের অবকাঠামো এবং দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরেন। আজ বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ দূতাবাসে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’-এ তিনি এই আহ্বান জানিয়েছেন।

দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাপানে বাংলাদেশ দূতাবাস এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে অংশগ্রহণ করেন জাপানের ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা।

স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত দাউদ আলী বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব স্মরণ করেন এবং জোর দেন দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর।

তিনি আরও বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং আধুনিক অবকাঠামো, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ও হাই-টেক পার্কের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুযোগ তৈরি করেছে।

ট্যাক্স হলিডে (কর অবকাশ), শুল্ক ছাড় এবং মূলধন সম্পূর্ণ ফিরিয়ে নেওয়ার সুবিধাসহ সরকারের বিভিন্ন প্রণোদনার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগের আমন্ত্রণ জানান। তিনি আশা প্রকাশ করেন, জাপানের প্রযুক্তি ও অভিজ্ঞতা এবং বাংলাদেশের বিশাল দক্ষ তরুণ জনশক্তি উভয় দেশের জন্যই পারস্পরিক লাভজনক সুযোগ তৈরি করতে পারে।

সেমিনারে দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) মুহাম্মদ সফিউল আজম এবং কাউন্সেলর (কমার্শিয়াল) মোরারজী দেশাই বর্মন বাংলাদেশের বিনিয়োগ নীতি, কৌশলগত সুবিধা এবং সম্ভাবনাময় রপ্তানি পণ্য সম্পর্কে দু’টি তথ্যবহুল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সভাপতি তারেক রফি ভূঁইয়া (জুন) বাংলাদেশে সাম্প্রতিক উন্নয়ন এবং বাস্তব বিনিয়োগ অভিজ্ঞতার নানা দিক তুলে ধরেন।

সেমিনারে সান কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও শুম্পেই নাকাসোনে বাংলাদেশে ব্যবসা করার নিজস্ব অভিজ্ঞতা থেকে উদাহরণ দিয়ে জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশের দক্ষ জনশক্তিকে নিয়োজিত করার সম্ভাবনার ওপর জোর দেন।

সেমিনারের শেষে উন্মুক্ত আলোচনা পর্বে জাপানি উদ্যোক্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন। অংশগ্রহণকারীরা আশা করেন, এই সেমিনার বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরো জোরদার করতে অবদান রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদোদের পরাজয়ের পর গ্যালারিতে মেসির নামে স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


রোনালদোদের পরাজয়ের পর গ্যালারিতে মেসির নামে স্লোগান

ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচে মাঠে নেমে ক্রিস্টিয়ানো রোনালদো রেকর্ডটিতে ভাগ বসিয়েছিলেন। তিনি দাঁড়িয়ে গেছেন ৬টা বিশ্বকাপে খেলা দুই ফুটবলারের একজন হিসাবে, অন্যজন হলেন লিওনেল মেসি। মেসি আলজেরিয়ার বিপক্ষে রেকর্ডের সেই ম্যাচটিতে শেষ হাসি হাসলেও রোনালদোকে বিষণ্ণ মনে মাঠ ছাড়তে হয়েছে। তার পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়েছে কঙ্গো। এই ম্যাচের পর, হিউস্টন স্টেডিয়ামে গ্যালারিতে মেসির নামে স্লোগান উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কঙ্গোর কিছু সমর্থক রোনালদোকে উদ্দেশ্য করে লিওনেল মেসির নাম ধরে স্লোগান দিচ্ছেন। তবে পর্তুগিজ তারকা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সরাসরি ড্রেসিংরুমের দিকে চলে যান।

এ ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখাতেই থাকে পর্তুগাল। ফলে তারা দ্রুত ফলও পেয়ে যায়। ষষ্ঠ মিনিটে পেদ্রো নেতোর বাম দিক থেকে ভাসানো নিখুঁত ক্রসে জোয়াও নেভেস হেড করে গোল করে দলকে এগিয়ে দেন।

শুরুতে পিছিয়ে পড়লেও ধীরে ধীরে ডিআর কঙ্গো ম্যাচে ফিরে আসে। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আসে। কর্নার থেকে ডান দিক দিয়ে আসা বল ফার পোস্টে পেয়ে শক্তিশালী হেডে জাল খুঁজে নেন উইসা।

সেই গোলটি বিশ্বকাপের ইতিহাসে কঙ্গোর প্রথম গোল হিসেবে রেকর্ড হয়। এর আগে ১৯৭৪ সালের বিশ্বকাপে কঙ্গো তাদের তিনটি ম্যাচেই গোলশূন্য ছিল। তারা স্কটল্যান্ডের কাছে ২-০, যুগোস্লাভিয়ার কাছে ৯-০ এবং তৎকালীন চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে মামুনুল হক প্রসঙ্গে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


সংসদে মামুনুল হক প্রসঙ্গে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক নিয়ে আওয়ামী লীগ আমলের একটি ঘটনা জাতীয় সংসদে আলোচনায় এনেছিলেন ঢাকা-১ আসনের এমপি খোন্দকার আবু আশফাক।

সরকারি ও বিরোধী দলের অনুরোধে বক্তব্যটি এক্সপাঞ্জ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, 'মাওলানা মামুনুল হকের এ বিষয়টি সংসদের কার্যবিবরণীতে আসার প্রয়োজন নেই।'

তাছাড়া এখনো কিন্তু তিনি (মামুনুল হক) তার অবস্থান পরিষ্কার করেন নি। একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক চাই না।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় বিএনপির এমপি খোন্দকার আবু আশফাক বলেন, 'মাওলানা মামুনুল হক অনেক বড় বড় কথা বলছেন। বাজেট নিয়ে তিনি সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন। কিন্তু তিনি যে গাজীপুরে একটি নারীসহ ধরা পড়লেন, মুতা বিয়ের নামে, সেটা আসলে কি ছিল?'

তিনি বলেন, 'ছাত্র শিবির নেতা জিসান.. এই ইতিহাসও আপনারা।' এসময় প্রধানমন্ত্রীকে কিছু একটা বলতে দেখা যায়। তখন বক্তব্যের ইস্যূ পরিবর্তন করেন খোন্দকার আবু আশফাক।

আবু আশফাক বলেন, 'ইসলামী ব্যাংক মানে একটা দেশ না, ইসলামী ব্যাংক একটি ব্যাংক। সেটার জন্য (সংসদে আলোচনা) একঘণ্টা সময় নষ্ট করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ১ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা।'

তিনি বলেন, 'সিগারেট-মদের জন্য ওই পাশ থেকে (বিরোধী দল) বলা হয়েছে, এগুলো ট্রেজারি বেঞ্চ খায় বলে এগুলো রাখা হয়েছে। আমি জানি না, আল্লাহ জানেন কার কি অভ্যাস আছে। তবে মুতা বিয়ের বিষয়ে তিনি স্পিকারের কাছে জানতে চান।'

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, 'অপ্রাসঙ্গিক কোন বিষয় বক্তব্যে না আনাই ভালো। একজন রাজনৈতিক নেতার পরকীয়া সম্পর্কে আপনি মন্তব্য করেছেন। সাধারণত যার এখানে এসে জবাব দেওয়ার সুযোগ নেই, তার সম্পর্কে অভিযোগ তোলা সংসদে সমীচীন নয়। মুতা বিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে এসবের বিষয়ে বিশেষজ্ঞ মনে হয়? মুতা বিয়ে হল সম্ভবত কেউ বিদেশে গেলে, আগের কালে নিয়ম ছিল সাময়িক এক মাসের জন্য সো কল্ড বিয়ে করতে পারতেন বা একজন সঙ্গী খুঁজে নিতে পারতেন। এগুলো নিয়ে সংসদে আলাপ-আলোচনা না করা ভালো।'

পরে পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, 'মুতা বিয়ের বিষয়ে আমি অভিজ্ঞ না, তবে কনসেপ্টের বিষয়ে আমি জানি। মামুনুল হক সাহেবের বিষয়ে যে তথ্য দিয়েছেন, এটা একেবারেই ভুল তথ্য। উনি মুতা বিয়ে করেন নাই। গাজীপুরে এ ধরণের কোন ঘটনা ঘটে নাই। তাকে হেনস্তা করা হয়েছিল নারায়ণগঞ্জে। উনি বিয়ে করেছিলেন, এটা স্টাবলিশ। বিয়ে করা জায়েজ।' বক্তব্য এক্সপাঞ্জ করার অনুরোধ করেন তিনি।

সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, 'যা অসংসদীয় এবং সমীচীন নয় তা কার্যবিবরণী হতে এক্সপাঞ্জ করার অনুরোধ করছি।' তখন স্পিকার বলেন, 'মাওলানা মামুনুল হকের এ বিষয়টি সংসদের কার্যবিবরণীতে আসার প্রয়োজন নেই।'

তাছাড়া এখনো কিন্তু তিনি (মামুনুল হক) তার অবস্থান পরিষ্কার করেন নি। একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক চাই না।

উল্লেখ্য, ২০২১ সালে ৩ এপ্রিল সোনারগাঁয়ে একটি রিসোর্টের কক্ষে মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করেন স্থানীয় ছাত্রলীগ-যুবলীগসহ এলাকাবাসী। সেখানে পুলিশ গিয়ে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করে। তখন খবর পেয়ে হেফাজতের কর্মী-সমর্থক ও মাদ্রাসার ছাত্ররা ওই রিসোর্টে হামলা চালিয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।

পয়েন্ট অব অর্ডারে জামায়াতের এমপি মুজিবুর রহমান বলেন, 'আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি এ প্রসঙ্গটাকে থামানোর জন্য ইশারায় সংসদ সদস্যকে নির্দেশ দিয়েছেন।' তিনি বলেন, 'একসময় মুতা বিয়ে করা যেত। এটা এখন হারাম হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে। এখন করা যাবে না।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%