০৮:০৯ পি.এম
মাদারীপুরে পাটের গোডাউনের ভিতরে মাদক সেবনে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি কার্যালয়ে (অফিস) আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে স্থানীয় বাসিন্দা লস্কর মোশতাক আহমেদের পাট ব্যবসায়ের গোডাউনে। আগুনের পর অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং কম্পিউটারসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী দাবি করছেন, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (৭ জুন) মধ্যরাতে এই ঘটনা ঘটে মাদারীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরমুগরিয়া বন্দরে। পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লস্কর মোশতাক আহমেদ ওই পাটের ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু কিছু বখাটে যুবক বেশ কিছুদিন ধরে পাটের গোডাউনের ভিতরে প্রবেশ করে মাদক সেবন করে আসছিল। বাধা দেওয়ার ফলে তারা ক্ষিপ্ত হয়ে গেছেন।
এই ঘটনায় রোববার মধ্যরাতে দুর্বৃত্তরা পাটের গোডাউনের অফিসে আগুন ধরিয়ে দেয়। আগুনটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর জানান। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই অফিসের ভিতরে অবস্থিত সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন: মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং
ভুক্তভোগী পাট ব্যবসায়ী লস্কর মোশতাক আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, 'মাদক সেবনে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মাদকসেবনকারীরা পরিকল্পিতভাবে আমার পাটের গোডাউনের অফিসে আগুন দিয়েছে। আগুনে আমার ব্যবসার প্রয়োজনীয় কাগজপত্র ও কম্পিউটারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, 'আগুনের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন