০৫:৩৫ পি.এম
পটুয়াখালীর মহিপুরে ২৩ বছর বয়সী গৃহবধূ মিলি আক্তার মায়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই এলাকার ২৫ বছর বয়সী নাঈমের স্ত্রী। নিহত মিলি চাঁদপুর জেলার খোরশেদ আলমের কন্যা বলে জানা যায়। রবিবার সকালে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের নাইউররিপাড়া গ্রামে নিজ বাড়িতে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী নাঈম। এরপর তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং বিষয়টি মহিপুর থানা পুলিশকে জানানো হয়।
রবিবার দুপুরের দিকে সরেজমিনে গেলে স্থানীয় সূত্রে জানা যায় যে, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়েছিল। এই দুই বছর ধরে তারা সংসার করে আসছিলেন। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে মহিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মহিপুর থানায় নিয়ে আসে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হয়নি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শামীম আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রবিবার দুপুরের দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত ঘটনা পরিষ্কার হবে।
আরও পড়ুন: মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন বিএমপি কমিশনার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন